ক্রিকেটে সংস্কার-বিলাস
সব ক্রিকেটারের জার্সিতেই কোনো না কোনো নম্বর আছে। নম্বর নেই শুধু বীরেন্দর শেবাগের জার্সিতে। জার্সি নির্মাতারা নম্বর দিতে ভুলে গিয়েছেন, বিষয়টা এমন নয়। ৪৪ নম্বর জার্সি নিয়ে খেলতেন শেবাগ। ফর্ম হারিয়ে কোনোভাবেই রান পাচ্ছিলেন না ভারতের বিধ্বংসী ওপেনার। তখনই জ্যোতিষীর পরামর্শে নম্বরবিহীন জার্সি পরে খেলা শুরু করেন। তার ফলাফল তো দেখতেই পাচ্ছে ক্রিকেট-বিশ্ব। বিশ্বকাপের ৫ ম্যাচে ৬৫.৪০ গড়ে ৩২৭ রান করেছেন শেবাগ। শুধু শেবাগ নন, ভারতীয় দলে অধিকাংশ খেলোয়াড়েরই এ রকম নানা সংস্কারে বিশ্বাস আছে। সেঞ্চুরি আর রানে টেন্ডুলকার এভারেস্টে উঠে বসে রয়েছেন, আবার সংস্কারের দিক দিয়েও শচীন টেন্ডুলকারের অবস্থান অনেক উঁচুতে। সব সময় বাঁ পায়ের প্যাডটি আগে পরেন লিটল মাস্টার। প্রিয় ব্যাট নিয়েও ভীষণ খুঁতখুঁতে তিনি। নতুন ব্যাট দিয়ে খেলার চেয়ে টেপ লাগানো পুরোনো ব্যাটেই বেশি ভরসা তাঁর।টেন্ডুলকারের পরিবারটাই এ রকম সংস্কারাচ্ছন্ন। টিভিতে টেন্ডুলকারের ব্যাটিং দেখেন না পরিবারের কেউ। তাঁদের ধারণা, টিভি দেখলে দ্রুতই আউট হয়ে যাবেন প্রিয় ‘শচীন’। ৭ সংখ্যাটিকে শুভ মনে করেন অনেকেই। এই তালিকায় আছেন মহেন্দ্র সিং ধোনিও। জুলাইয়ের ৭ তারিখে জন্ম ভারত অধিনায়কের। জার্সির নম্বর হিসেবেও তাই ৭-ই বেছে নিয়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।জন্মতারিখ অনুযায়ী জার্সি নম্বর বেছে নিয়েছেন যুবরাজ সিংও। ডিসেম্বরের ১২ তারিখে জন্ম তাঁর, জার্সি নম্বরও ১২। তবে এখানেই শেষ নয়, হাতে একটা কালো সুতাও বাঁধেন যুবরাজ। তাঁর বিশ্বাস, সব অমঙ্গল থেকে তাঁকে রক্ষা করবে এই সুতা।সুতা নয়, তবে গুরুত্বপূর্ণ সব ম্যাচেই জহির খানের সঙ্গে থাকে একটি হলুদ রুমাল। সাফল্যের ক্ষেত্রে রুমালটিকেই শুভ মনে করেন ভারতের বাঁহাতি পেসার। রুমাল সঙ্গে রাখতেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ ওয়াহও। তবে স্টিভের রুমালটি ছিল লাল রঙের। দাদা-দাদির কাছ থেকে উপহার হিসেবে পাওয়া রুমালটি ক্যারিয়ারের শেষ পর্যন্ত সঙ্গে রেখেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। লাল রুমাল সঙ্গে রাখতেন ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য মহিন্দর অমরনাথও।ব্যতিক্রম নন তরুণ ক্রিকেটাররাও। ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান বিরাট কোহলিরও এমন সংস্কার-বিলাস আছে। ‘যে গ্লাভস জোড়া পরে রান করতাম, আগে সেই জোড়াই পরতে চাইতাম আমি। তবে এখন যেটিতে স্বচ্ছন্দ বোধ করি সেটাই পরি। এখন আমার সংস্কার রিস্টব্যান্ডে’—বলেছেন কোহলি। ১৯৮৩-এর বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে কপিল দেব যতক্ষণ ব্যাটিং করেছেন, ততক্ষণই ঠান্ডার মধ্যে দাঁড়িয়েছিলেন ওপেনার শ্রীকান্ত। তাঁর ধারণা ছিল নড়লেই আউট হয়ে যাবেন কপিল দেব। ‘ড্রেসিংরুমের বাইরে যেখানে দাঁড়িয়েছিলাম সে জায়গাটা খুব ঠান্ডা ছিল। বাতাসও ছিল প্রচণ্ড। আমার হাতে ছিল এক কাপ কফি। দুই ঘণ্টা কোনো রকম নড়াচড়া করিনি আমি। এমনকি টয়লেটেও যাইনি’—স্মৃতিচারণা করেছেন ভারতের সাবেক অধিনায়ক। সে ম্যাচে ১৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ জিতিয়েছিলেন কপিল দেব।সংস্কার আছে ভারতের ক্রিকেটপ্রেমীদের মধ্যেও। ভারতের ম্যাচের শুরুর আগে দুধ পান করেন অনেক সমর্থক। অনেকে সোফার বাঁ পাশে বসে দেখেন পুরো খেলাটাই। টিম ইন্ডিয়ার ম্যাচের সময় শুধু আমিষজাতীয় খাবারও খান অনেকে। ওয়েবসাইট।