ক্রিকেটের কাছে সিনেমার হার
ধস নেমেছে পাকিস্তানের চলচ্চিত্রশিল্পে। দর্শক নেই থিয়েটারে, সিনেমা হলগুলোতে খাঁ খাঁ শূন্যতা। এক মাসে নতুন কোনো সিনেমা মুক্তি দেওয়া হয়নি। পুরোনো সিনেমা দিয়েই বাঁচিয়ে রাখা হয়েছে এসব বিনোদনকেন্দ্র।চলবেই বা কী করে? রুপালি পর্দার নায়কদের চেয়েও বড় নায়ক যে এখন শহীদ আফ্রিদিরা। সবার চোখ টেলিভিশনের পর্দায়। একটি বল, একটি রান মিস করা মানেই যেন তাদের কাছে এখন অমূল্য কিছু হারিয়ে ফেলা! আফ্রিদিদের খেলা দেখতে না পারা যেন প্রমাণিত হবে এই সময়ের বড় ব্যর্থতা হিসেবে! তাই সিনেমা দেখতে যায় এমন লোক কোথায়?পাকিস্তানের সিনেমা প্রযোজক ও পরিবেশকেরা হতাশ। তাঁদেরই একজন নাদিম মান্দভিওয়াল্লা। হতাশা নিয়েই তিনি বলেছেন, ‘বিশ্বকাপের সময় কেউ-ই সিনেমা দেখতে ঘর থেকে বের হচ্ছে না। হলগুলোতে সিনেমা দেখানোর মূল সময়টাতেই খেলাগুলো হচ্ছে। বিশেষ করে সন্ধ্যা ছয়টা ও রাত নয়টার শো ক্ষতিগ্রস্ত হচ্ছে সবচেয়ে বেশি। চলচ্চিত্রশিল্পটা সংবেদনশীল হওয়ায় নতুন সিনেমা মুক্তি দেওয়াটা ঝুঁকিপূর্ণ।’বিশ্বকাপ হওয়াতেও সমস্যা ছিল না। মান্দভিওয়াল্লার ভাষায়, ‘ক্ষতি’ হয়েছে আফ্রিদিরা ভালো করে ফেলায়, ‘বিশ্বকাপে পাকিস্তান দল ভালো করছে। এ কারণে ক্রিকেটের সঙ্গে লোকজন বেশি সম্পৃক্ত হয়ে পড়েছে। কেউই থিয়েটারে আসছে না।’ ওয়েবসাইট।