ক্রিকেটের পল হতে ওয়েবে জমজমাট লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কে হবে ক্রিকেটের পল?’ স্লোগানে প্রথম আলো-কিউবি ক্রিকপল নামের ওয়েব পোর্টালে চলছে ভিন্নধর্মী মজার এক লড়াই। গত ১৮ ফেব্রুয়ারি থেকে এ কয়দিনে ওয়েব পোর্টালটি (www.cricpaul.com) দেখা হয়েছে (পেইজ ভিউ) ২০ লাখ বারের বেশি। পোর্টালটিতে নিজের বিস্তারিত তথ্যসহ নিবন্ধন করে খেলায় অংশ নিচ্ছেন ১০ হাজারের বেশি ব্যবহারকারী। বিশ্বকাপের প্রতি ম্যাচে ক্রিকপলে খেলছেন গড়ে ছয় হাজারের বেশি অংশগ্রহণকারী। পোর্টালটিতে বিশ্বকাপের প্রথম নয় ম্যাচে অংশগ্রহণকারীরা ভবিষ্যদ্বাণী করেছেন ছয় লাখের বেশি। সংখ্যা আর ব্যবহারকারীদের আগ্রহের বিবেচনায় পোর্টালটি রেকর্ডের পর রেকর্ড গড়েই চলছে। ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণীভিত্তিক ক্রিকেটভক্তদের জন্য প্রতিযোগিতামূলক এই পোর্টালটির পৃষ্ঠপোষক প্রথম আলো ও ওয়াইম্যাক্স সেবাদাতা প্রতিষ্ঠান কিউবি। টেলিকম সহযোগী হিসেবে আছে মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটক। পোর্টালটির কারিগরি ব্যবস্থাপনায় আছে পাইল্যাবস বাংলাদেশ লিমিটেড। অংশগ্রহণের জন্য মোবাইল ফোন নম্বরসহ নিজের কিছু তথ্য দিয়ে ক্রিকপলে নিবন্ধন করতে হয় শুরুতেই। এরপর নিজের অ্যাকাউন্টে লগ-ইন করে খেলতে খেলতে পয়েন্ট জোগাড় করা। খেলা মূলত ভবিষ্যদ্বাণীভিত্তিক। প্রতিদিনের ম্যাচসংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে ভবিষ্যদ্বাণী করে জেতা যায় পয়েন্ট। কিছু ভবিষ্যদ্বাণীর ক্ষেত্রে কাছাকাছি অনুমানের জন্য আংশিক পয়েন্ট পাওয়ার সুযোগও থাকে। নির্দিষ্ট পয়েন্ট পেলেই পুরস্কার। খেলার মধ্যে থাকে তাৎক্ষণিক প্রশ্ন। তাই ক্রিকপলের অংশগ্রহণকারীরা সারাক্ষণই মজে থাকছেন পোর্টালটিতে। ক্রিকপলের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো তাৎক্ষণিক পুরস্কার তথা মোবাইল রিফিল পাওয়ার সুযোগ। নির্দিষ্ট পয়েন্ট পাওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয় ব্যবস্থায় রিফিলের টাকা চলে যাবে আপনার মোবাইল ফোনে। গত নয় ম্যাচে আট হাজারটির বেশি মোবাইল ফোন রিফিল করা হয়েছে। রিফিলের টাকার পরিমাণ ১০ থেকে তিন হাজার টাকা। প্রতি ম্যাচের সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারীকে বলা হয় ‘পল অব দ্য ম্যাচ’। তার জন্য থাকছে দুই হাজার থেকে তিন হাজার টাকা। এ পর্যন্ত পল অব দ্য ম্যাচ হয়েছেন তাশফিয়া অভি, রাজু, সালাউদ্দিন খান, আবির, শায়ান, মাইশা রহমান, রকিবুল রবিন, শওকত আলী ও সায়ফুল আলম। ভবিষ্যদ্বাণী করা ছাড়াও কিছু সুযোগ আছে পয়েন্ট জোগাড় করার। সেই উপায়গুলো অংশগ্রহণকারীকে খুঁজে বের করতে হবে। পোর্টালটিতে খেলার পাশাপাশি নিজেদের মধ্যে আলোচনার জন্য লাইভ খুদে ব্লগে চলছে জমজমাট আড্ডা। এ কয়দিনে ৪০ হাজারের বেশি খুদে ব্লগ প্রকাশিত হয়েছে এখানে। ক্রিকপলে অংশগ্রহণকারীদের এমন সাড়া সম্পর্কে পাইল্যাবস বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, ‘ওয়েব পোর্টালভিত্তিক এ ধরনের আয়োজন বাংলাদেশে এটাই প্রথম। এই পোর্টালটি প্রযুক্তিগতভাবে খুবই সমৃদ্ধ। আর ক্রিকপলে এমন অভাবনীয় সাড়া আমাদেরও অবাক করেছে। পোর্টালটিতে যুক্ত হবে আরও কিছু চমক।’  জাবেদ সুলতান