প্রতিদিন সন্ধ্যার আগে প্রধান ফটকের সামনে চেয়ার নিয়ে বসেন অফিস সহকারী রিয়াজুল হক। অনুশীলন শেষে প্রশিক্ষণার্থীরা বাড়ির উদ্দেশে বের হলে রিয়াজুল সবার হাতে একটি নাশতার প্যাকেট ধরিয়ে দেন। কাউকে কাউকে যাতায়াতের ভাড়াও।এটি কোনো দানশালার কাহিনি নয়, রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির নিত্যদিনের ঘটনা। ২০০৮ সালের ১ মে এই একাডেমির যাত্রা শুরু। রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌর এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে অবস্থিত বেসরকারি এই একাডেমিতে স্থানীয় সুবিধাবঞ্চিত এবং আশপাশের জেলার প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে এনে ক্রিকেট প্রশিক্ষণ দেওয়া হয়। নাটোর জেলার মাস্টারপাড়া এলাকার তাইজুল এই একাডেমিতে বিনা খরচে ক্রিকেট প্রশিক্ষণ নিচ্ছে। কেন এই একাডেমিতে ভর্তি হয়েছে, জানতে চাইলে তাইজুল বলে, ‘নাটোর জেলায় অনেক প্রতিভাবান ক্রিকেটার থাকলেও বড় মাপের কোনো কোচ নেই। প্র্যাকটিস করার মতো উপযুক্ত সরঞ্জামও নেই। কিন্তু এই একাডেমিতে সেসব সুযোগ-সুবিধা থাকায় এখানে চলে এসেছি।’ রাজশাহী বিভাগীয় ও জাতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলে খেলা তাইজুলের মতো অনেক সুবিধাবঞ্চিত কিশোরকে ক্রিকেটার হিসেবে গড়ে তোলার জন্য বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি কাজ করে যাচ্ছে। এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক সহকারী কোচ খালেদ মাহমুদ। পাঁচ বছরের জন্য একাডেমির সঙ্গে চুক্তিবদ্ধ মাহমুদ আশাবাদী, ‘এখানে সুযোগ-সুবিধা ভালো, তবে আরও বাড়াতে হবে। আর এখানকার ছেলেরা পরিশ্রমী। আগামী এক-দেড় বছরের মধ্যে একটা ভালো ফলাফল আশা করছি।’ একাডেমির অর্থায়ন করছে ‘বাংলা ক্যাট’ নামে ব্যবসা পরিচালনা করা বাংলা ট্র্যাক লিমিটেড। রাজশাহীর কাটাখালী পৌর এলাকার কাপাসিয়ায় ১১ একর জমির ওপর অনেকটা জিপি-বিসিবি একাডেমির আদলে তৈরি করা হয়েছে বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি। ক্রিকেট প্রশিক্ষণ যাতে বৃষ্টির দিনেও বিঘ্নিত না হয়, সে জন্য আছে উন্নত সুযোগ-সুবিধাসম্পন্ন ইনডোর। আন্তর্জাতিক মানের কয়েকটি উইকেটও আছে। আছে দুটি কংক্রিট ও ম্যাটের উইকেট। আর উন্নত সরঞ্জাম নিয়ে একাডেমির নিজস্ব ভবনে আছে বড় একটা জিমনেসিয়াম। সুইমিংপুল না থাকলেও একাডেমির সীমানা প্রাচীরের মধ্যেই আছে বড় একটি পুকুর। একাডেমির জন্য বোলিং মেশিনও কেনা হয়েছে। নিয়োগ দেওয়া হয়েছে চারজন লেভেল টু কোচ। একাডেমির ভবনে ৩০ জন ক্রিকেটারের আবাসন ব্যবস্থাও আছে। বর্তমানে একাডেমির প্রশিক্ষণার্থীর সংখ্যা ১০০ জন। এর ৭০ জনই প্রশিক্ষণ নিচ্ছে বিনা খরচে। একাডেমির লক্ষ্য সম্পর্কে বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির পরিচালক আবদুল মোক্তাদির বলেন, ‘তৃণমূল পর্যায়ে দরিদ্র, মেধাবী খেলোয়াড়দের সঠিকভাবে প্রশিক্ষণ দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক মানের ক্রিকেটার হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’ ক্রিকেটার তৈরির পাশাপাশি পড়াশোনাটা চালিয়ে নেওয়ার জন্য একাডেমি থেকে ছেলেদের অর্থ সহায়তা দেওয়া হয়। সর্বশেষ এসএসসি পরীক্ষায় একাডেমির পাঁচজনের জিপিএ-৫ পাওয়ার সাফল্যের কথা উল্লেখ করে একাডেমির চেয়ারম্যান আমিনুল হক বলেন, ‘ওদের পড়াশোনার সুবিধার্থে শিগগিরই একাডেমির আশপাশে একটা স্কুল প্রতিষ্ঠারও পরিকল্পনা আছে বাংলা ট্র্যাক লিমিটেডের।’ একাডেমিতে ছেলেদের জন্য ১০০ আসনের আবাসন ব্যবস্থার কাজ অচিরেই শুরুর আশাবাদ কর্তৃপক্ষের। শিক্ষার্থীদের ভুলত্রুটি ধরা ও ভিডিও অ্যানালাইসিসের জন্য কেনা হয়েছে ক্যামেরা ও প্রজেক্টর।এত সব সুযোগ-সুবিধা আছে বলেই দূর-দূরান্ত থেকে এখানে ছুটে আসছে প্রশিক্ষণার্থীরা। ৭ কিলোমিটার দূর থেকে প্রতিদিন সাইকেল চালিয়ে একাডেমিতে আসে মুক্তার আলী। একদিন বড় মাপের ক্রিকেটার হয়ে পরিবারের অভাব ঘোচানোর স্বপ্ন তাঁর।বাংলা ট্র্যাক একাডেমি সম্পর্কে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ক্লেমন রাজশাহী ক্রিকেট একাডেমির পরিচালক খালেদ মাসুদ বলেন, ‘বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি অনেক ভালো করছে। কিছুদিন আগে সুজন (খালেদ মাহমুদ) যোগ দিয়েছে এখানে। রাজশাহীতে আরও বেশি ক্রিকেটার তৈরিতে এই একাডেমি ইতিবাচক ভূমিকা রাখবে।’একাডেমিটি গড়ে না উঠলে সুবিধাবঞ্চিত অনেক ছেলেরই উপযুক্তভাবে ক্রিকেট প্রশিক্ষণ নেওয়া হতো না। যারা প্রশিক্ষণ নিচ্ছে, তাদের মধ্য থেকেই হয়তো বেরিয়ে আসবে আগামী দিনের সাকিব-তামিমরা! দুলাল আবদুল্লাহ, রাজশাহী