ক্রিকেটের বিকেলে মেলা নিরিবিলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকেলের দিকে এখন বেশ হাওয়া ছাড়ছে। ঠান্ডা ভেজা ভেজা স্পর্শ তাতে। হু হু করে বয়ে যাওয়া হাওয়ার ঝাপটায় শুকনো পাতা ঝরে পড়ে গাছ থেকে। হেলে পড়া সূর্য আগের মতো দ্রুত তলিয়ে যায় না দিগন্তে। ইদানীং সে ডুবে যেতে যেতে খানিকটা যেন থমকে থাকে পশ্চিম দিগন্তরেখায়। মেঘের গায়ে মাখিয়ে দেয় আবির রঙের প্রলেপ। আঁধার নেমে আসে ক্লান্ত পথিকের মতো ধীর পায়ে।গতকাল বৃহস্পতিবারও তেমনই সূর্য ঝুঁকে পড়েছে অস্তাচলে। এক অসাধারণ দৃশ্যের অবতারণা হয়েছিল আকাশে। হাজার হাজার ভুবনচিল ঝাঁক ধরে উড়ে বেড়াচ্ছিল টিএসসি, বইমেলা, শহীদ মিনার এলাকার ওপর। ডানা মেলে বাতাসে ভাসতে ভাসতে ঘুরছিল তারা। টিএসসির মোড়ে বড় পর্দায় ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান দেখানোর আয়োজন করা হয়েছিল। ঢোল বাজিয়ে, বাঁশি ফুঁকতে ফুঁকতে সেখানে হাজির বহু উৎ সুক তরুণ-তরুণী। নিচের লোক সমাগমের মতো ঊর্ধ্বপানে পাখির সমারোহ। হঠাৎ পক্ষিকুলের এই সমাগম দেখে মনে হচ্ছিল, তারাও যেন এসেছে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করতে। আকস্মিক এই পক্ষিসমারোহ অনেককেই কৌতূহলী করে তুলেছিল ফাল্গুনের গোধূলিবেলায়। বিকেল থেকে মেলার মাঠে গ্রন্থানুরাগীর সংখ্যা ছিল যথেষ্ট। তবে সন্ধ্যা নাগাদ ফাঁকা হয়ে আসে। নিজের দেশে এমন একটি বড় ক্রীড়াযজ্ঞ হচ্ছে, উদ্বোধনী অনুষ্ঠানটি দেখতে আগ্রহী ছিলেন ছোট-বড় সবাই। স্বাভাবিকভাবেই তাঁরা মেলা ছেড়ে ঘরে ফিরেছেন টিভির পর্দায় চোখ রাখতে।পাঠক তৈরি করতে হবেএবার ভালো বই, মানসম্মত বই প্রকাশিত হয়েছে খুব কম, এমন কথা প্রকাশকেরা বলছেন। এ বিষয়ে কথা হলো রোদেলা প্রকাশনীর প্রকাশক রিয়াজ খানের সঙ্গে। তিনি বলেন, ‘মানসম্মত বই বিক্রি হয় না, এ কথা ঠিক নয়। মননশীল বই হয়তো মেলায় প্রচুর বিক্রি হয় না; কিন্তু সারা বছর এসব বই চলে। বারবার মুদ্রণ করে দীর্ঘস্থায়ী ব্যবসার সুযোগ থাকে এসব বইয়ে। কিন্তু ইদানীং যেসব উপন্যাস মেলায় বের হচ্ছে, এর প্রায় ৯০ শতাংশই “ওয়ান টাইম”। অর্থাৎ এ মেলার উপন্যাস আর পরের মেলায় চলে না।’ জানালেন, নিজে ভালো বইয়ের অভাববোধ থেকেই প্রকাশনা শুরু করেন। অন্য ব্যবসা করতেন। ২০০৮ সালে আটটি বই প্রকাশ করে প্রকাশনার জগতে আসেন। এখন সব মিলিয়ে দুই শতাধিক প্রকাশনা আছে। তিনি বলেন, ‘আমরা একটা নির্দিষ্ট মান বজায় রেখে বই করছি। আমাদের একটি নির্দিষ্ট পাঠকশ্রেণী তৈরি হয়েছে। তাঁরা মেলায় এবং মেলার পরও সারা বছর আমাদের বই কেনেন। কাজেই আমাদের কোনো অসুবিধা হয় না। শুধু বাণিজ্যিক বিষয়টিকে প্রাধান্য না দিয়ে যদি মননশীল পাঠকের কথা বিবেচনা করে প্রকাশনা অব্যাহত রাখা যায়, তবে আমাদের সাহিত্যের মান উন্নত হবে।’নতুন বইগতকাল মোড়ক উন্মোচনের তেমন ভিড় ছিল না। মোটে চারটি বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে নজরুল মঞ্চে। এর মধ্যে ছিল দেশ পাবলিকেশন থেকে আলাউদ্দিন শোভানের ভূমিকম্প ও আমাদের করণীয়। নতুন বই এসেছে ৫৩টি। এর মধ্যে ছিল: বিভাস থেকে মহাদেব সাহার কবিতা এ বড়ো আনন্দ এ বড়ো বেদনা, আগামী প্রকাশনী থেকে সাইমন জাকারিয়ার কাব্য আনন্দময়ীর আগমনে, সালমা বুক ডিপো থেকে ড. আশরাফ সিদ্দিকীর প্রবন্ধ দাঁড়াও পথিক বর, তরফদার প্রকাশনী থেকে হায়দার আকবর খান রনোর প্রবন্ধ মানিক বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য প্রসঙ্গে, ম্যাগনাম ওপাস থেকে আনু মাহমুদের প্রবন্ধ বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ও শেলী নাজের কবিতা সব চাবি মিথ্যে বলে, জাগৃতি থেকে শেখ আবদুল হাকিমের থ্রিলার সোনালী জলদস্যু, অ্যাডর্ন থেকে জ্যোতি বিকাশ বড়ুয়ার ভ্রমণবিষয়ক পরিব্রাজক হিউয়েন সাঙের ভারত ভ্রমণ, নিউ শিখা থেকে জুলফিকার নিউটন অনূদিত ম্যাক্সিম গোর্কির শ্রেষ্ঠ গল্প, উৎ স থেকে সুমনকুমার দাশ সম্পাদিত আরকুম শাহ সমগ্র, সাহিত্য প্রকাশ থেকে অপূর্ব শর্মার দুটি জীবনীগ্রন্থ মুক্তিপথের অভিযাত্রী আমীনূর রশীদ চৌধুরী ও অভিজাত গণতন্ত্রী আব্দুর রশীদ চৌধুরী, চারুলিপি থেকে রফিকউল্লাহ খানের প্রবন্ধ আখ্যানতত্ত্ব ও চরিত্রায়ন, আলপনা থেকে মুকুল রায়ের কাব্য জীবন সংক্রান্ত শব্দ, শেকড় থেকে আবদুল হাই শিকদারের কাব্য কে সিরাজদ্দৌলা কে মীরজাফর, জাগৃতি থেকে জাকির হোসেন রাজুর মুক্তিযুদ্ধবিষয়ক গণমাধ্যমে মুক্তিযুদ্ধ, জনান্তিক পরিবেশিত মূল স্পেন ভাষা থেকে রফিক-উম-মুনীর চৌধুরী অনূদিত পাবলো নেরুদার ছাব্বিশটি প্রেমের কবিতা, কাঠপেন্সিল থেকে এসেছে সঞ্জীব চৌধুরীর রাশপ্রিন্ট-এর নতুন সংস্করণ, মারুফ রায়হানের কাব্য ধুলোয় লুটোনো দিন এবং ইত্যাদি থেকে শেখ ফজলে এলাহীর মুক্তিযুদ্ধে হবিগঞ্জ জেলা।অনুষ্ঠানগতকাল মেলামঞ্চে ছিল ‘রবীন্দ্রনাথের রূপাকুল গান’ শীর্ষক আলোচনা। প্রবন্ধ পড়েন কথাসাহিত্যিক আবদুশ শাকুর। সভাপতিত্ব করেন ভারতের গবেষক ও শিল্পী শামসুল হুদা, আলোচনা করেন ফজলে এলাহী চৌধুরী। পরে ছিল আবৃত্তি একাডেমির দলীয় আবৃত্তি, নূপুর একাডেমির নৃত্য এবং রবীন্দ্রসংগীত। আজ ছুটির দিন যথারীতি মেলা খুলবে সকালে। গ্রন্থানুরাগীদের সমাগমে সারা দিনই সরগরম থাকবে প্রাঙ্গণ।