ক্রিকেটের বিদ্যাপীঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাড়ার গলি কিংবা বিদ্যালয়ের মাঠ সব জায়গায় ক্রিকেট নিয়ে মেতে থাকে নগরের শিশু-কিশোরেরা। এর মধ্যে অনেকে আবার জাতীয় দলে খেলার স্বপ্ন দেখছে। তারা ছোটবেলা থেকেই ক্রিকেটের খুঁটিনাটি শিখতে যাচ্ছে নগরের ক্রিকেট একাডেমিগুলোয়। ক্রিকেটার গড়ার সেসব একাডেমি নিয়ে লিখেছেন শারমিন নাহার।আগামীর সাকিব!দুরন্ত গতিতে বলটা ছুটে আসছে। হেলমেটের ভেতরে থাকা শাহরিয়ারের চোখ দুটোর লক্ষ্য সেটার দিকে। ব্যাটিং শেষে শাহরিয়ারকে আবার মাঠে নামতে হবে বল হাতে। এদিকে মাথায় হেলমেট, পায়ে প্যাড আর হাতে গ্লাভস পরে ছোট ছোট পায়ে মাঠে নেমে পড়েছে কাজী শরফরাজ। সে-ও চেষ্টা করছে ভালো খেলতে। এরা খুদে ক্রিকেটার, যারা ভবিষ্যতে দেশের হয়ে ভালো ক্রিকেট খেলতে চায়। তাই তারা ভর্তি হয়েছে মালিবাগ চৌধুরীপাড়ার পল্লীমা ক্রিকেট একাডেমিতে। শাহরিয়ার আর কাজী শরফরাজ দুজনই অনূর্ধ্ব-১৩ দলে খেলার জন্য তৈরি হচ্ছে। অনূর্ধ্ব-১৪, ১৭ ও ১৯ দলের ক্রিকেটারও তৈরি হচ্ছে এই একাডেমিতে।অন্য দিন ঘুমই ভাঙতে চায় না হায়দ্রাবাদ আইডিয়াল স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী নোমান আহম্মেদের। তবে শুক্রবার সে খুব ভোরেই ঘুম থেকে উঠে যায়। নোমান জানায়, রাত থেকেই উত্তেজনা থাকে কখন ঘুম থেকে উঠব আর কখন মাঠে যাব। নোমানের খুব পছন্দের জায়গা এই আবাহনী মাঠ। উত্তরা ফ্রেন্ডস ক্লাব থেকে এক বছর ক্রিকেটের ওপর কিছুটা শিক্ষা নিয়ে তবেই সে ভর্তি হয়েছে উদয়ন ক্রিকেট একাডেমিতে।সপ্তম শ্রেণীর শিক্ষার্থী নাসিম মুহাম্মাদ রাফসানও ক্রিকেট একাডেমিতে ক্রিকেটের পাঠ নিচ্ছে। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে তার ভালো লাগে সাকিব আল হাসানকে। তবে নিজে সাকিব না হয়ে, নিজের মতো করে ক্রিকেট খেলতে চায় এই খুদে ক্রিকেটার। অন্য খেলা বাদ দিয়ে কেন ক্রিকেট শিখতে এলে, জানতে চাইলে রাফসান বলে, ‘আমাদের সময়টা তো ক্রিকেটের। আর দেশকে ভালো কিছু দেওয়ার জন্য ভালো ক্রিকেটার হতে চাই।’ক্রিকেট যখন ধ্যানজ্ঞানধানমন্ডি ৪ নম্বর মাঠে ক্রিকেট কোচিংয়ে ১০ বছর ধরে ক্রিকেট শিখছেন রত্নক সাহা। রত্নক অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ক্রিকেট খেলেছেন। রত্নক বলেন, ‘আমার বাবা কৃষ্ণ কুমার সাহা জাতীয়পর্যায়ে ফুটবল খেলতেন। বাবার এই খ্যাতি আমাকে অনুপ্রাণিত করত। তবে ক্রিকেটের প্রতি ঝোঁকটা ছিল বেশি। সেই থেকেই শুরু। এখনো ক্রিকেট খেলে যাচ্ছি, অবশ্য পড়াশোনা বাদ দিইনি।’একই মাঠে দেখা গেল জুনিয়র ল্যাবরেটরি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র মেহেদীকে। তার বাবা মোহাম্মদ হোসেন জাকারিয়া বলেন, ‘ছেলেকে জাতীয়পর্যায়ের খেলোয়াড় হিসেবে দেখতে চাই। তাই সপ্তাহের নির্দিষ্ট পাঁচ দিন ক্লাস করিয়ে নিজে বাকি দুই দিন ছেলের সঙ্গে খেলি।’উদয়ন ক্রিকেট একাডেমির শিক্ষার্থী আকরামুজ্জামান শুভর মা হাসিনা বিলকিসের আগ্রহেই সে ক্রিকেট কোচিংয়ে এসেছে। হাসিনা বিলকিস বলেন, ‘শুভর ক্রিকেটের প্রতি আগ্রহ ছোটবেলা থেকেই। তাই ছেলেকে ক্রিকেট একাডেমিতে ভর্তি করিয়েছি। ছয় বছর ধরে ক্রিকেট একাডেমিতে যাওয়া-আসা। যখন বাংলাদেশের খেলা দেখি, তখন মনের অজান্তেই যেন শুভকে দেখতে পাই। স্বপ্ন দেখি, ও এক সময় অনেক ভালো খেলবে। আশা করি, ক্যারিয়ার হিসেবে ক্রিকেটকেই বেছে নেবে শুভ।’ আবাহনী মাঠে যেহেতু অনেকগুলো প্রতিষ্ঠান একসঙ্গে ক্রিকেট খেলা শেখাচ্ছে, তাই ইনডোর প্র্যাকটিসের সব ধরনের সুবিধা থাকলে আরও ভালো হতো বলে তিনি জানান।একাডেমির সুফলআলতাফ ক্রিকেট কোচিংয়ে পাঁচ বছর ধরে খেলছে রায়হান কবির। ওর বাবা কবির উদ্দিন জানান, প্রতিষ্ঠানগুলোর অনেক বেশি সময় দেওয়া উচিত একজন শিক্ষার্থীর পেছনে। তবে যে হারে প্রতিষ্ঠান বাড়ছে, সেবার মান সেই হারে বাড়ছে না।এ প্রসঙ্গে উদয়ন ক্রিকেট একাডেমির পরিচালক ও প্রশিক্ষক মোহাম্মাদ মামুন জানান, এখানে ছয় থেকে ২৫ বছর পর্যন্ত ক্রিকেট খেলোয়াড় আসেন। তবে ১৯ বছরের পরে যাঁরা আসেন, তাঁরা শেখার চেয়ে ফিটনেস ধরে রাখতে খেলতে আসেন। জাতীয়পর্যায়ে অনূর্ধ্ব-১৪ ও ১৯ দলে খেলা খেলোয়াড়ও রয়েছে এখানে। ইচ্ছে থাকলেও অনেক ধরনের সুযোগ দেওয়া যাচ্ছে না ক্রিকেট শিক্ষার্থীদের।অঙ্কুর ক্রিকেট একাডেমির পরিচালক, কোচ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্পিন বোলিং প্রশিক্ষক ওয়াহিদুল গনি জানান, আবাহনী মাঠে একসঙ্গে অনেকগুলো প্রতিষ্ঠানের শিক্ষার্থী ক্রিকেটের চর্চা করে থাকে। কিন্তু বৃষ্টি বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় ইনডোরে প্র্যাকটিস করার সুযোগ নেই। গত কয়েক বছরে ইনডোরে বিদ্যুৎ ও পানির সংযোগ দেওয়া হয়নি। ফলে রোদ-বৃষ্টি মাথায় নিয়ে খোলা মাঠে ক্রিকেট খেলতে হচ্ছে খুদে ক্রিকেটারদের।জাতীয় দলের খেলোয়াড় মোহাম্মদ আশরাফুলের ক্রিকেটের হাতেখড়ি অঙ্কুর ক্রিকেট একাডেমিতে। ক্রিকেটে কোচিংয়ের প্রয়োজনীয়তা তুলে ধরে আশরাফুল জানান, কোচিং ক্রিকেট খেলা শেখাতে সহায়ক ভূমিকা পালন করে। ক্রিকেটের খুঁটিনাটি অনেক বিষয় আছে, যা একটি প্রতিষ্ঠান পারে সঠিকভাবে শেখাতে।বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন জানান, শুরুর দিকে তাঁর নিজের প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছিল না। শেখার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা খুবই ইতিবাচক ব্যাপার। তবে যিনি ভালো জানেন এমন প্রশিক্ষকের প্রতিষ্ঠানে যাওয়া উচিত। পল্লীমা ক্রিকেট একাডেমির প্রশিক্ষক ও বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের কর্মকর্তা মামুনুর রশীদ জানান, ক্রিকেট কোচিংয়ের কাজ হলো ক্রিকেটার তৈরি করা। তবে আজকাল যত্রতত্র গজিয়ে ওঠা প্রতিষ্ঠান কতটা শেখাতে পারছে, সেটাই প্রশ্ন। নগরে ৩২টি ক্রিকেট শেখানোর প্রতিষ্ঠান রয়েছে। বিসিবি যদি খুদে ক্রিকেটারদের নিয়ে মাঝেমধ্যে টুর্নামেন্টের আয়োজন করে, তবে খুদে ক্রিকেটারেরা আরও উৎসাহ পাবে।বছরের যেকোনো সময়ই ক্রিকেট একাডেমিগুলো শিক্ষার্থী ভর্তি করিয়ে থাকে। একবার ভর্তি হলে আর বছর বছর নতুন করে ভর্তির বিড়ম্বনা এখানে নেই। বেশির ভাগ প্রতিষ্ঠানের ভর্তি ফি ৮০০ থেকে এক হাজার টাকা। আর মাসিক বেতন ৪০০-৫০০ টাকা।একাডেমির খোঁজকলাবাগান ক্রিকেট একাডেমিকলাবাগান মাঠ, ফোন: ০১৭১৬২৭৮৭৩৬ধানমন্ডি ক্রিকেট একাডেমিধানমন্ডি ৪ নম্বর মাঠফোন: ০১৭১৮৪৮৩৩৯৮পল্লীমা ক্রিকেট একাডেমিমালিবাগ, চৌধুরীপাড়াফোন: ০১৭১১৩১৭৮৪১উদয়ন ক্রিকেট একাডেমিআবাহনী মাঠ, ফোন: ০১৭১৬৭২১০০০অঙ্কুর ক্রিকেট একাডেমিআবাহনী মাঠ, ফোন: ০১৮১৯২১৯৮৪২