পুরো নাম: ক্রিস্টোফার হেনরি গেইলডাক নাম: ক্র্যাম্পসজন্ম: ২১ সেপ্টেম্বর ১৯৭৯, কিংস্টন, জ্যামাইকাউচ্চতা: ৬ ফুট ২ ইঞ্চিপ্রিয় ও অন্যান্যআদর্শ: ব্রায়ান লারাঅন্য খেলা: ফুটবলঅন্য খেলার তারকা: ক্রিস্টিয়ানো রোনালদো, উসাইন বোল্টঅন্য খেলার দল: রোনালদো যখন যে ক্লাবে খেলেমাঠ: জ্যামাইকার স্যাবাইনা পার্ক, কেপটাউনের নিউল্যান্ডস কঠিনতম বোলার: গ্লেন ম্যাকগ্রা, মুত্তিয়া মুরালিধরন ও শোয়েব আখতারক্রিকেটে প্রিয় বন্ধু: মারলন স্যামুয়েলস, ওয়াভেল হাইন্ডসচলচ্চিত্র: ডাই হার্ড থ্রিচলচ্চিত্র তারকা: ব্রুস উইলস ও জেট লিসংগীত: আর অ্যান্ড বি, রেগেসংগীত তারকা: বিনি ম্যানখাবার: অ্যাকি (জ্যামাইকার ঐতিহ্যবাহী খাবার)পানীয়: লেমনেডছুটি কাটানোর জায়গা: অস্ট্রেলিয়াক্রিস গেইল আর ক্রিস্টিয়ানো রোনালদোর মিল কোথায় বলতে পারেন? গেইলের মুখেই শুনুন, ‘রোনালদোকে দেখলেই আমার ছেলেবেলার কথা মনে পড়ে যায়। ওর মতো আমিও দক্ষ ফুটবলার ছিলাম!’ভুল শোনেননি, গেইল ফুটবলারই ছিলেন। স্কুলের দিনগুলোয় ক্রিকেটের চেয়ে বেশি ভালো ছিলেন ফুটবলেই। কিন্তু ফুটবলটা ছেড়ে দেন, কারণ দৌড়াদৌড়ি বড্ড বেশি করতে হয়!দৌড়াতে যে খুব একটা পছন্দ করেন না, গেইলের ব্যাটিং দেখে এত দিনে সবারই জানা হয়ে গেছে। বলকে গ্যালারিতে পাঠাতেই তাঁর বেশি পছন্দ। টেস্ট দলে ডাক পাওয়ার পর প্রথম বিদেশ সফরে প্রচণ্ড সমালোচিত হয়েছিলেন দলের সিনিয়র ক্রিকেটারদের যথাযথ শ্রদ্ধা দেখাননি বলে। এদিকটা শুধরে নিলেও আরেকটা দিকে এই শ্রদ্ধা না দেখানোর ব্যাপারটা তাঁর সহজাত হয়ে গেছে। প্রতিপক্ষের বোলারদের বিন্দুমাত্র শ্রদ্ধা দেখাতেও তাঁর ভীষণ আপত্তি!বয়সভিত্তিক দলগুলোয় খেলে নজর কাড়ার পর ১৯৯৮ সালে জ্যামাইকার হয়ে অভিষেক ১৯ বছর বয়সে। এর ১১ মাসের মাথায় টরন্টোতে ভারতের বিপক্ষে ওয়ানডে দিয়ে হয়ে যায় আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকও। তবে আন্তর্জাতিক অঙ্গনে পায়ের নিচে মাটি খুঁজে পেতে অনেক সময় লেগেছে। মাত্র একটি করে ফিফটি ছিল প্রথম ২১ ওয়ানডে আর প্রথম নয় টেস্টে। ২০০১ সালের জিম্বাবুয়ে সফরে একটি ওয়ানডেতে ১৫২ ও টেস্টে ১৭৫ করার পর জায়গা পাকা হয় দলে। এরপর সময় যত পার হয়েছে, ভারী হয়েছে অর্জনের পাল্লা। ওয়ানডেতে তিনটি দেড় শর বেশি ইনিংস খেলা পাঁচ ব্যাটসম্যানের একজন, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরিয়ান ও সবচেয়ে বড় ইনিংস, কদিন আগে হলেন টেস্টে দুটো ট্রিপল সেঞ্চুরি করা ইতিহাসের মাত্র চতুর্থ ব্যাটসম্যান আর দেশের বাইরে তিন শ করা প্রথম ক্যারিবিয়ান। গ্রেটদের কাতারে হয়তো নিজেকে নিতে পারেননি, তবে প্রতিপক্ষ বোলাররা কখনোই ভুলবেন না তাঁকে। গেইলকে ব্যাট হাতে দেখে বুকে কাঁপন ধরেনি, এমন বোলার হয়তো খুঁজে পাওয়া যাবে না একজনও!ব্যাট হাতে এমন খুনে মানসিকতা অথচ মাঠের আর সব ক্ষেত্রেই কিন্তু গেইলের ভাবমূর্তি পুরো উল্টো। ভীষণ ঠান্ডা মাথা, শান্ত আর ভাবলেশহীন। তাঁর নিজের ভাষায়, ‘অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো আমার ভালো লাগে না।’ মাঠে হাসতে দেখা যায় কদাচিৎ। এই মানুষটিরই আবার ক্যারিয়ার-জুড়ে সঙ্গী নানা বিতর্ক। স্পনসরশিপ চুক্তি নিয়ে বোর্ডের সঙ্গে ঝামেলা, নানা সময়ে প্রকাশ্যে বোর্ডের সমালোচনা করা, আইপিএল খেলার জন্য টেস্ট ম্যাচের মাত্র দুদিন আগে ইংল্যান্ড যাওয়া, ‘টেস্ট ক্রিকেট মরে গেলেও দুঃখ পাব না’ মন্তব্য করে ক্রিকেট-বিশ্বকে চমকে দেওয়ার পর সাম্প্রতিকতম সংযোজন, বিশ্বের নানা প্রান্তে টি-টোয়েন্টি খেলে বেড়ানোর জন্য বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে সই না করা। এ জন্য হারাতে হয়েছে অধিনায়কত্বও।অবশ্য অধিনায়কত্বটা হারানোয় যেন হাঁফ ছেড়ে বেঁচেছেন। নেতৃত্ব দেওয়ার ইচ্ছে তাঁর কখনোই ছিল না। রামনরেশ সারওয়ানের চোট আর বোর্ডের ক্রমাগত চাপাচাপিতে দায়িত্ব নিতে বাধ্য হয়েছিলেন ২০০৭ সালে। এখন তিনি আবার যেন মুক্ত পাখি। বহুমুখী গেইল-চরিত্রের এটা আরেকটা দিক, দেখলে মনে হয় ভীষণ সিরিয়াস, আদতে কিন্তু তিনি দারুণ আমুদে। সতীর্থদের প্রিয় চরিত্র তিনি, ড্রেসিংরুমে সবাইকে হাসাতে হাসাতে অস্থির করে তোলেন। নিজেই আবার হেসে কুটিকুটি যান টিভিতে প্রিয় কার্টুন টম অ্যান্ড জেরি দেখে। খেলা না থাকলে গভীর রাত পর্যন্ত মেতে থাকেন পার্টিতে, ঘুমান পরদিন বিকেল পর্যন্ত। একান্তে সময় কাটাতে দীর্ঘদিনের বান্ধবী নাতাশা বেরিজকে নিয়ে কখনো চলে যান অজানা কোনো দ্বীপে। দায়িত্ব-টায়িত্ব তাঁর ভালো লাগে না। যুক্তি দিয়ে নয়, মন যা চায়, সেভাবে চলতে ভালোবাসেন। এ জন্যই হয়তো আরও সমৃদ্ধ হয়নি ক্রিকেট ক্যারিয়ার। কিন্তু তাতে কী? জীবনটা তো উপভোগ করা হচ্ছে! তাঁর জীবন-দর্শন তো এটাই—‘জীবন একটাই, তাই উপভোগ করে নাও প্রতিটি মুহূর্ত।’ আরিফুল ইসলাম