ক্রিসমাস দ্বীপে নৌকাডুবি একটি ‘মানবিক বিপর্যয়’: জুলিয়া গিলার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শতাধিক রাজনৈতিক আশ্রয়প্রার্থী নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপের অদূরে নিমজ্জিত নৌযানের অর্ধশতাধিক যাত্রীর নিহত হওয়ার আশঙ্কা ব্যক্ত করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। আজ সোমবার তিনি এক বক্তব্যে এই দুর্ঘটনাকে ‘মানবিক বিপর্যয়’ হিসেবে অভিহিত করেন। গিলার্ড বলেন, ‘নৌকায় কতজন যাত্রী ছিল তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।’ তবে তিনি এই নৌযানে শতাধিক যাত্রী থাকার ব্যাপারে নিজের ধারণা ব্যক্ত করেন।এদিকে বিবিসি অনলাইন জানিয়েছে, নৌযানটিতে কতজন যাত্রী ছিল, তা জানার জন্য ৪২ জন জীবিত উদ্ধার হওয়া যাত্রীর সঙ্গে কথা বলা হচ্ছে।উল্লেখ্য, গত বুধবার অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে প্রায় দেড় হাজার মাইল দূরে ক্রিসমাস দ্বীপের কাছে একটি শিলাখণ্ডের সঙ্গে ধাক্কা খেয়ে কাঠের তৈরি হালকা এই নৌযানটি ডুবে যায়। নৌযানটিতে ইরান, ইন্দোনেশিয়া ও ইরাকের কুর্দিস্তানের শতাধিক যাত্রী ছিলেন। তাঁরা রাজনৈতিক আশ্রয়ের খোঁজে অস্ট্রেলিয়া যাচ্ছিলেন। উদ্ধারকারী ব্যক্তিরা এ পর্যন্ত ৩০ জনের মৃতদেহ উদ্ধার করেছেন বলে জানা গেছে। —বিবিসি