ক্রীড়াক্ষেত্রে দাপট কমছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রীড়াক্ষেত্রে পুরোনো সেই ঐতিহ্য এখন আর ধরে রাখতে পারছে না ঢাকা বিশ্ববিদ্যালয়। একসময়ে জাতীয় পর্যায় কিংবা আন্তবিশ্ববিদ্যালয়ের কোনো ক্রীড়া প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ মানেই ছিল নিশ্চিত শিরোপা অর্জন। রকিবুল হাসান, গাজী আশরাফ হোসেন, আতহার আলী খান, নাঈমুর রহমানের মতো ক্রিকেটাররা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়। কিন্তু ক্রীড়াক্ষেত্রের সেই দাপট ক্রমেই কমছে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কেবল ক্রিকেটই নয়, ফুটবল, সাঁতার, ব্যাডমিন্টন, ভলিবল, অ্যাথলেটিকসসহ প্রতিটি খেলায়ই বিশ্ববিদ্যালয়ের নজরকাড়া আধিপত্য ছিল। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়েই এখন খেলাধুলার চর্চা নেই। গত তিন বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় পর্যায়ে কোনো খেলাধুলায় অংশ নেয়নি। সর্বশেষ ২০০৬-০৭ সেশনে জাতীয় ক্রিকেট ও ২০০৭-০৮ সেশনে জাতীয় সাঁতার প্রতিযোগিতায় অংশ নিলেও কোনো পুরস্কার পায়নি ঢাকা বিশ্ববিদ্যালয়।ক্রীড়াবিদরা বলছেন, কোটার মাধ্যমে যোগ্য খেলোয়াড়দের ভর্তি না করা ও নিয়মিত খেলাধুলা না হওয়া এই পতনের কারণ। কাজেই সমস্যার সমাধান করতে হলে আবার খেলোয়াড়-কোটায় ছাত্র ভর্তি করতে হবে। তবে এই প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০০০-০১ সেশনে ৩৩ জন শিক্ষার্থী খেলোয়াড়-কোটায় ভর্তি হন। অনেকেই খেলোয়াড় না হওয়া সত্ত্বেও এ কোটায় ভর্তি হয়েছেন—এমন অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই শিক্ষাবর্ষ থেকে খেলোয়াড়-কোটা বন্ধ করে দেওয়া হয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের পরিচালক শওকতুর রহমান প্রথম আলোকে বলেন, এটি গর্বের বিষয় যে একসময় জাতীয় দলের অনেক খেলোয়াড়ই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তাঁরা ভর্তি হতেন খেলোয়াড়-কোটায়। প্রতিটি সেশনে ৫০টি আসন ছিল, যেখানে শুধু খেলোয়াড়েরা ভর্তি হতেন। কিন্তু ২০০০-০১ সেশনের পর থেকে এ কোটায় ভর্তি বন্ধ হয়ে যাওয়ায় ভালো খেলোয়াড় পাওয়া যাচ্ছে না। জাতীয় পর্যায়ে অংশগ্রহণ নেই: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বিবরণী ঘেঁটে দেখা গেছে, আশির দশকে জাতীয় পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের ছিল দোর্দণ্ড প্রতাপ। ১৯৮৩ থেকে ’৮৬ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দল টানা চারবার জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। এ ছাড়া ফুটবল, কারাতে জুডো, শ্যুটিং, ব্যাডমিন্টনে অসংখ্যবার চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয় বিশ্ববিদ্যালয়ের দল। জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের অ্যাথলেটরা অসংখ্যবার স্বর্ণ ও রৌপ্য পুরস্কার পেয়েছেন। মোসাম্মাৎ লুৎফুন্নাহার, নিবেদিতা দাস, সোয়েব খান ও শাহজালাল জাতীয় পর্যায়ে খেলা বিশ্ববিদ্যালয়ের অ্যাথলেট।অনুসন্ধানে জানা যায়, নব্বইয়ের দশকেও জাতীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ ছিল নিয়মিত। ১৯৯৭ সালে বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের পাঁচজন খেলোয়াড়ই জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় ছিলেন। তবে ২০০০ সালের পর থেকেই জাতীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ কমতে থাকে। সর্বশেষ ২০০৩-০৪ সেশনে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দল জাতীয় পর্যায়ের খেলা বর্জন করে। আর ২০০৬-০৭ সেশনে জাতীয় ক্রিকেট ও ২০০৭-০৮ সেশনে জাতীয় সাঁতার প্রতিযোগিতায় অংশ নিলেও কোনো পুরস্কার পায়নি বিশ্ববিদ্যালয়। এরপর তিন বছর ধরে বিশ্ববিদ্যালয়ের কোনো দলই জাতীয় পর্যায়ের কোনো খেলায় অংশ নেয়নি।বন্ধ প্রদর্শনী খেলা: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল ’৮২-৮৩ সেশনে ‘লন্ডন স্কুল অব ইকোনমিকস’ ক্রিকেট দলের সঙ্গে খেলে জয়লাভ করে। এরপর ১৯৮৩-৮৪ সেশনে হংকং ক্রিকেট দল ও ’৮৪-৮৫ সেশনে নিউজিল্যান্ড অ্যাম্বাসেডর ক্রিকেট দলের সঙ্গে খেলেও জেতে তারা। কিন্তু এরপর গত ২৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো আন্তর্জাতিক প্রদর্শনী খেলায় অংশ নেয়নি।আন্তবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায়ও পদক কমছে: ২০০৭-০৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় আটটি আন্তবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে শুধু আন্তবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিসে চ্যাম্পিয়ন হয় মহিলা দল। এ ছাড়া ক্রিকেট, হ্যান্ডবল (মহিলা), ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (পুরুষ দল), বাস্কেট বল, ভলিবল (মহিলা দল) ও সাঁতারে রানার্সআপ হয় বিশ্ববিদ্যালয় দল।২০০৮-০৯ শিক্ষাবর্ষে এ অর্জন আরও কমেছে। ওই বছরে ক্রিকেটে রানারআপ, ভলিবলে তৃতীয় স্থান ও ওয়াটার পোলোতে চ্যাম্পিয়ন হওয়া ছাড়া বিশ্ববিদ্যালয় দলের আর কোনো অর্জন নেই।২০০৯-১০ শিক্ষাবর্ষে ক্রিকেট ও ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় দল। এ ছাড়া ভলিবলে তৃতীয়, সাঁতারে তৃতীয়, ওয়াটার পোলোতে যুগ্ম চ্যাম্পিয়ন, বাস্কেটবলে তৃতীয়, দাবায় রানারআপ ও ক্যারমে তৃতীয় হয়।২০১০-১১ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ফুটবল দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খেলতে গিয়ে লাঞ্ছিত হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও খেলোয়াড়েরা। এর রেশ ধরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেট খেলায় অংশ নেয়নি বিশ্ববিদ্যালয় দল।এ বিষয়ে শওকতুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়েরা অনিরাপত্তায় ভুগছে। তাই বাইরের কোনো ভেন্যুতে না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পদক দেওয়া হয় না: খেলাধুলায় ভালো অর্জনের জন্য ১৯৯৯-২০০০ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের একজন খেলোয়াড়কে মৌলভী আবদুল মতিন স্মারক স্বর্ণপদক দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এ ছাড়া ছাত্রীদের জন্য রয়েছে রোকেয়া পদক। কিন্তু দীর্ঘদিন ধরে এ দুটি পদক দেওয়া হয় না।বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সম্মানজনক পদক ছিল ‘ব্লু উপাধি’। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ ও ব্যক্তিগত পুরস্কারপ্রাপ্তি, আন্তবিশ্ববিদ্যায় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দলগত চ্যাম্পিয়ন, আন্তবিশ্ববিদ্যালয় পর্যায়ের খেলাধুলায় ব্যক্তিগত স্বর্ণপদক বিজয়ী এবং স্নাতক ডিগ্রিধারীদের এ পদক দেওয়া হতো। ১৯৮৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ১৪ বছরে ৩৮ জনকে ব্লু দেওয়া হয়। কিন্তু ১২ বছর ধরে পদকটি দেওয়া বন্ধ। তবে এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীমকে এ পুরস্কারটি দেওয়া হয়েছে।সংশ্লিষ্টদের বক্তব্য: এসব বিষয়ে জানতে চাইলে ক্রীড়াসংক্রান্ত কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন-অর-রশিদ প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের পদক ও অংশগ্রহণ কমছে এটা সত্যি, তবে দুর্নীতির কারণেই খেলোয়াড়-কোটা বন্ধ করে দেওয়া হয়েছে। পদকের জন্য আমরা খেলোয়াড় ভর্তি করব, তা হয় না; বরং পড়াশোনার পাশাপাশি যদি কেউ খেলে সেটি ভালো।তবে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম পরিচালক গাজী আশরাফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘একসময়ে খেলাধুলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামডাক ছিল। কাজেই বিশ্ববিদ্যালয়ের উচিত এই ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রতিবছর ভালো খেলোয়াড় ভর্তি করা।’