ক্রীড়ানন্দে প্রতিদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার এক ঔপন্যাসিক বন্ধু ক্রীড়া সাংবাদিকতা নিয়ে প্রায়ই রসিকতা করেন। ‘খেলোয়াড়েরা খেলে, ঠিক আছে। দর্শক দেখে আনন্দ পায়, এটাও ঠিক আছে। কিন্তু সেই খেলা দেখে লেখার জন্য টাকা পাওয়া...না, এটা বাড়াবাড়ি।’ক্রীড়া সাংবাদিকতা নিয়ে এ ধরনের রসিকতা নতুন কিছু নয়। পশ্চিমা দুনিয়ার বিখ্যাত ক্রীড়া সাংবাদিকের মুখেও শুনেছি, সেখানে ক্রীড়া বিভাগকে ‘দ্য টয় ডিপার্টমেন্ট’ বলে খেপানো হয়। তর্কবিতর্কের একপর্যায়ে সতীর্থরা যুক্তি দেন, ‘ইফ স্পোর্টস ইজ প্লে, স্পোর্টস জার্নালিজম ইজ অলসো আ ফর্ম অব প্লে।’আসলেই কি তাই? ক্রীড়া সাংবাদিকতা কি নিছকই খেলা! খেলা নিয়েই কাজকারবার, তাই বলে ক্রীড়া সাংবাদিকতা নিছক খেলা নয়। বরং সাংবাদিকতার মূলনীতি অনুসরণ করার বাইরেও একজন আদর্শ ক্রীড়া সাংবাদিকের বাড়তি কিছু দায় থাকে। খেলা, খেলার পেছনের খেলা—এসব তুলে ধরার অবশ্যপালনীয় কর্তব্য তো আছেই। এর বাইরেও আঁকতে জানতে হয় জীবনের রংবেরং ছবি। মাঠে-কোর্টে-সুইমিংপুলে...প্রতিনিয়ত কত মানবীয় নাটক! সাফল্য-ব্যর্থতা, আনন্দ-হতাশা, গৌরব-লজ্জা—খেলা তো জীবনেরই মিনিয়েচার। এই প্রিজম দিয়েও দেখতে হয় খেলাকে।প্রথম আলোর এক যুগ পূর্তি উপলক্ষে এই বিশেষ লেখাটি লিখতে বসার আগে গত কয়েক দিন ১২ বছরের পত্রিকা ঘাঁটলাম, যেন টাইম মেশিনে পেছনে ফিরে যাওয়া। একসময়কার সাদা-কালো এক পৃষ্ঠা থেকে অধুনা রঙিন দুই পৃষ্ঠা—পাতায় পাতায় যেন মূর্ত হয়ে আছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক যুগের ইতিহাস। পাতা উল্টে যাই প্রশ্নটাকে নিরন্তর সঙ্গী করে—নতুন কিছু করার যে সংকল্পকে ঘোষণা আকারে ছড়িয়ে দিয়ে শুরু হয়েছিল প্রথম আলোর যাত্রা, খেলা আর স্টেডিয়াম কি পূরণ করতে পেরেছে সেই প্রত্যাশা?নিজেদের কথা নিজেরা বললে সেটি নিছকই বাগাড়ম্বর শোনাতে পারে। চূড়ান্ত বিচারক তো পাঠক। সেই পাঠকের কাঠগড়াতে নিত্যই দাঁড়াতে হয় সংবাদপত্রকে। তাঁদের প্রতিক্রিয়ার আয়নাতেই ছায়া ফেলে নিজেদের সাফল্য-ব্যর্থতা। যুগতামামি করতে বসে সেটির আশ্রয় নেওয়াটাকেই মনে হচ্ছে সবচেয়ে নিরাপদ উপায়।২০০৭ সালে প্রথম আলোর নয় বছর পূর্তিতে পাঠক-প্রতিক্রিয়া দিয়ে সাজানো হয়েছিল স্টেডিয়াম-এর একটি বিশেষ সংখ্যা। পাঠকদের নিরঙ্কুশ ভালোবাসা আর সমর্থনেরই প্রকাশ ঘটেছিল তাতে। তবে আবেগ-উচ্ছ্বাস, তৃপ্তি-আরও চাওয়া...এসবের ভিড়ে আলাদাভাবে মনে আছে এক পাঠকের কয়েকটি লাইন, ‘আকাশ সংস্কৃতির এই যুগে, ইলেকট্রনিক মিডিয়ার প্রচণ্ড দাপটের মাঝে একজন পাঠক যখন আগের রাতে দেখা খেলাটার প্রতিবেদন আগ্রহ নিয়ে পড়েন, বুঝতে হবে ওই লেখার বাড়তি কিছু আবেদন আছে।’কথাটা তুলে দেওয়ার কারণ, ডিজিটাল যুগে ক্রীড়া সাংবাদিকতার আসল চ্যালেঞ্জটাই ফুটে উঠেছে এতে। দর্শক সরাসরি খেলা দেখছেন, শুনছেন বিশেষজ্ঞদের ধারাভাষ্য, খেলা শেষে সেরা পারফর্মারের সাক্ষাৎকারও পৌঁছে যাচ্ছে তাঁর ড্রয়িংরুমে। এর বাইরে টেলিভিশন-ইন্টারনেটের কল্যাণে ম্যাচটির ক্ষুদ্রাতিক্ষুদ্র দিকও জানা হয়ে যাচ্ছে তাঁর। এরপর কেন তিনি পরদিনের পত্রিকায় বাসি খবর পড়বেন?এই চ্যালেঞ্জটা শুরু থেকেই মাথায় ছিল প্রথম আলোর ক্রীড়া বিভাগের। এ কারণেই ‘কী লেখা হচ্ছে’ এটি যেমন গুরুত্ব পেয়েছে, ‘কীভাবে লেখা হচ্ছে’ সেটিও কম নয়। প্রতিনিয়ত নিজেদের মনে করিয়ে দেওয়া হয়েছে অস্কার ওয়াইল্ডের সেই বিখ্যাত বাণী, ‘সাহিত্য আর সাংবাদিকতার পার্থক্য হলো, সাংবাদিকতা পাঠের অযোগ্য আর সাহিত্য সেভাবে পঠিত নয়।’বারো বছরে প্রথম আলোর ক্রীড়া বিভাগ অনেক ভাঙাগড়ার সাক্ষী, তবে সাংবাদিকতাকে ‘পাঠযোগ্য’ করে তোলার চেষ্টাটা সব সময়ই প্রবহমান ছিল। তা করতে গিয়ে নব্বই দশকের শুরুতে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকতায় নতুন যে ধারার সূচনা, সেটির উত্তরাধিকার হিসেবে নতুন মাত্রা যোগ করেছে প্রথম আলো। সবিনয়ে বলতে চাই, ক্রীড়া সাংবাদিকতার সীমানা ছাড়িয়ে দেশের সাংবাদিকতার মূল ধারাকেও তা যথেষ্টই প্রভাবিত করেছে।‘নিজের ঢোল নিজেই পিটাইও, অন্য কাউকে দিলে তা ফাটাইয়া ফেলিতে পারে’—ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এ কথা যদি মনে করিয়ে দিয়ে থাকি, তাহলে সেটি বড় লজ্জার ব্যাপার হবে। উদ্দেশ্য তা ছিল না। পাঠককে সঙ্গী করে এক যুগের আনন্দময় যাত্রায় কী ছিল প্রথম আলো ক্রীড়া বিভাগের জ্বালানি, সেটি জানানোর সুযোগটাই শুধু কাজে লাগানো হচ্ছে।লেখার ধরনে পরিবর্তনের বাইরেও বেশ কিছু নতুনত্ব সংযোজনের দাবিও প্রথম আলো করতেই পারে। স্যাটেলাইট টিভি যুগের চাহিদা মাথায় রেখে ‘ছোট পর্দায় আজ’, একটু ভিন্ন ধাঁচের খবর নিয়ে ‘অন্য কলাম’, প্রতিদিন টুকরো সাক্ষাৎকার ‘অল্পস্বল্প’—প্রথম আলোর এমন কত আয়োজনই না বাংলাদেশের অন্য অনেক পত্রিকায় একটু রূপ বদলিয়ে দেখা দিয়েছে।দেশ-বিদেশের খেলোয়াড়দের কলাম ছাপানোর ব্যাপারেও বাংলাদেশে প্রথম আলোই ছিল অগ্রণী ভূমিকায়। বাংলাদেশের প্রায় সব খেলারই কোনো না কোনো খেলোয়াড় কলামিস্টের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন প্রথম আলোয়। আন্তর্জাতিক অঙ্গনেও সুবিস্তৃত ছিল সেই ধারা। সুনীল গাভাস্কার, ইমরান খান, ডিয়েগো ম্যারাডোনা, ভিভ রিচার্ডস, রিকি পন্টিং, জাভেদ মিয়াঁদাদ, সৌরভ গাঙ্গুলী, লোথার ম্যাথাউস, পাওলো রসি...প্রথম আলোয় কলাম লিখেছেন এমন বিখ্যাত খেলোয়াড়দের তালিকা অনেক দীর্ঘ।সাক্ষাৎকারের তালিকাও তো! বিশ্ব ক্রিকেটের কোন মহারথীর সাক্ষাৎকার ছাপা হয়নি প্রথম আলোয়! গ্যারি সোবার্স, ইমরান খান, ইয়ান বোথাম, রিচার্ড হ্যাডলি, ভিভ রিচার্ডস, ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, সনাৎ জয়াসুরিয়া, সৌরভ গাঙ্গুলী, গ্লেন ম্যাকগ্রা, মুত্তিয়া মুরালিধরন, অ্যাডাম গিলক্রিস্ট, কার্টলি অ্যামব্রোস, ল্যান্স গিবস, মার্টিন ক্রো, অরবিন্দ ডি সিলভা, শন পোলক, জ্যাক ক্যালিস, ড্যানিয়েল ভেট্টোরি, ডেল স্টেইন...চাইলে দুটি আলাদা বিশ্ব একাদশ করে ফেলা যায়! ইন্টারনেটের এই যুগে কলাম-সাক্ষাৎকার এসব খুব সহজলভ্য। তবে যে নামগুলো বলতে বলতে একসময় রুদ্ধশ্বাস হয়ে থেমে যেতে হলো, সেসব ইন্টারনেটের কৃপাধন্য নয়। মুখোমুখি বসে তাঁদের সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর ক্রীড়া সাংবাদিক।খেলা নিয়ে প্রথাগত যা লেখা হতে পারে, তার বাইরেও নিত্যনতুন সংযোজনের নিরন্তর চেষ্টা তো ছিলই, সংবাদপত্রের ভাষায় ‘স্কুপ’ও খুব কম হয়নি। ১৯৯৮ সালের ৪ নভেম্বর প্রথম আলোর উদ্বোধনী সংখ্যার খেলার পাতার মূল খবরটাই তো ছিল তা-ই—‘গ্রিনিজ তাহলে সত্যি চলে যাচ্ছেন!’ মাস ছয়েক পর যেটি বাংলাদেশ ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিয়ান কোচ গর্ডন গ্রিনিজের বিদায়ের ভবিষ্যদ্বাণী বলে প্রমাণিত। ভবিষ্যদ্বাণীর মতো অনেক পূর্বাভাসও ঠিক ঠিক দিয়েছে প্রথম আলো। ২০০০ সালের ১৮ জানুয়ারি প্রথম পৃষ্ঠায় বক্স করে ছাপা হলো আইসিসির সভাপতি জগমোহন ডালমিয়ার এক্সক্লুসিভ সাক্ষাৎকার। শিরোনাম—‘বাংলাদেশ টেস্ট স্ট্যাটাসের দরজায় দাঁড়িয়ে আছে।’ হাবিবুল বাশারের ওয়ানডে থেকে অবসর নেওয়া, আশরাফুলের অধিনায়কত্ব হারানো, জেমি সিডন্সের ‘স্কিন ক্যানসারে’ আক্রান্ত হওয়া—এসব খবর এখন হয়তো খুব বড় কিছু মনে হচ্ছে না। কিন্তু প্রথম আলোয় যখন ছাপা হয়েছিল, তখন তা ছিল রীতিমতো আলোড়ন-জাগানিয়া।বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকতার ইতিহাসে তর্কযোগ্যভাবে সবচেয়ে বড় ‘স্কুপ’—এক প্রবীণ সাংবাদিক যেটিকে বলেছিলেন ‘স্কুপ অব দ্য সেঞ্চুরি’—সেটিও প্রথম আলোরই কীর্তি। ২০০৭ সালের ১৪ সেপ্টেম্বর বাংলাদেশের ঘুম ভেঙেছিল বিস্ফোরণসম এক খবরে। প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় তিন কলাম যে খবর সবাইকে জানিয়ে দিয়েছিল, বাংলাদেশের ১৪ ক্রিকেটার যোগ দিতে যাচ্ছেন ‘নিষিদ্ধ’ ইন্ডিয়ান ক্রিকেট লিগে। সেই আলোড়ন বাংলাদেশের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছিল ক্রিকেট-বিশ্বেই। আন্তর্জাতিক সংবাদ সংস্থার কল্যাণে পরদিন বিভিন্ন দেশের শতাধিক পত্রিকায় প্রথম আলোকে উদ্ধৃত করে ছাপা হয়েছিল এই খবর। ইংল্যান্ডের টেলিগ্রাফ, টাইমস; অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ড-এর মতো অভিজাত পত্রিকাও ছিল এর মধ্যে। ক্রিকেটের মতো বৈশ্বিক আলোড়ন হয়তো হতে পারেনি, তবে অন্য খেলা নিয়েও সে সময়ের আলোকে সাড়া জাগানো অনেক খবরই প্রথম ছাপা হয়েছে প্রথম আলোয়।খেলা নিয়ে সাপ্তাহিক আয়োজন স্টেডিয়াম মাঝেমধ্যেই ভেঙে দিয়েছে গতানুগতিকতার ধারা। বড় কোনো উপলক্ষে সেটি তো নতুন রূপে সেজেছেই; স্যার ডন ব্র্যাডম্যানের প্রয়াণ, শচীন টেন্ডুলকার-ব্রায়ান লারা-মুত্তিয়া মুরালিধরনের রেকর্ড গড়ার মতো বৈশ্বিক ঘটনা নিয়েও করা হয়েছে বিশেষ আয়োজন। কখনো বর্ষশুরুর সংখ্যা সাজানো হয়েছে খেলোয়াড়দের ক্রীড়াস্বপ্ন দিয়ে। কখনো বা এক খেলার খেলোয়াড়ের চোখে আমরা দেখেছি অন্য খেলার সমস্যা-সম্ভাবনাকে। স্টেডিয়াম-এর এক সংখ্যায় যেমন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা কলাম লিখেছেন সাঁতার নিয়ে, ফুটবল নিয়ে লিখেছেন দাবাড়ু রিফাত বিন সাত্তার, ক্রিকেট নিয়ে ফুটবলার হাসান আল মামুন...।খেলার বাণিজ্যিকীকরণের এই যুগে প্রায় হারিয়ে যেতে বসা খেলার মূল সুরটাও কখনো ভোলেনি প্রথম আলো—খেলা মানেই আনন্দের। সব খেলারই সমান গুরুত্ব। তার পরও এক যুগের পত্রিকা সাক্ষ্য দিচ্ছে, বিশ্বকাপ ফুটবল বা অলিম্পিকের মতো বিশেষ উপলক্ষ ছাড়া অন্য সময় ক্রিকেট একটু বেশিই প্রাধান্য পেয়েছে। কারণও আছে। প্রথম আলো বেরোনোর মাস ছয়েকের মধ্যেই বাংলাদেশের বিশ্বকাপ-অভিষেক। দেড় বছর না পেরোতেই টেস্ট স্ট্যাটাস—বাংলাদেশের ক্রিকেট আর প্রথম আলো একরকম হাত ধরাধরি করেই এগিয়েছে। কথাটা অন্য অর্থেও এমন সত্যি, ‘যেখানে বাংলাদেশ, সেখানেই প্রথম আলো’—এই স্লোগান তোলাটা একটুও বাড়াবাড়ি হবে না। বাংলাদেশ ক্রিকেট দল বিদেশ সফর তো আর কম করেনি, এর শুধু একটিতেই (দক্ষিণ আফ্রিকা ২০০২) প্রথম আলোর কোনো প্রতিনিধি ছিলেন না। বরং অনেক সফরেই প্রথম আলোর সাংবাদিক ছিলেন বাংলাদেশের সংবাদপত্র জগতের একমাত্র প্রতিনিধি।বাংলাদেশ নেই, এমন অনেক আসরেও প্রতিনিধিত্ব ছিল প্রথম আলোর। শুধু ক্রিকেটের কথা বলা হচ্ছে না; কি বিশ্বকাপ ফুটবল, কি এসএ গেমস বা কি কমনওয়েলথ গেমস—মাঠ থেকে তরতাজা খবর উপহার দিতে দেশ-বিদেশের নানা প্রান্তে ছুটে গেছেন ক্রীড়া সাংবাদিকেরা।সময়ের দাবিতে ক্রিকেটের একটু বেশি দাপট থাকলেও অন্য খেলার ব্যাপারেও উদাসীন ছিল না প্রথম আলো। ফুটবল, হকি, শ্যুটিং, অ্যাথলেটিকস, গলফ...সব খেলাই পেয়েছে প্রাপ্য মনোযোগ। এসবে বাংলাদেশের অর্জনও উদ্যাপিত হয়েছে সাড়ম্বরে। শুধু মাঠের খেলাই নয়, মাঠের বাইরের সমস্যাও নিয়মিত উঠে এসেছে খেলার পাতায়। শুধু সমস্যার কথা বলাতেই দায়িত্ব শেষ মনে না করে কখনো প্রতিবেদন, কখনো বা বিশেষজ্ঞ মতামতের মাধ্যমে খোঁজা হয়েছে সমাধানের পথও।এই সবকিছু মিলিয়েই জীবন্ত হয়ে উঠেছে প্রথম আলোর খেলা আর স্টেডিয়াম। এরই স্বীকৃতি প্রবীণ ক্রীড়া সাংবাদিক জালাল আহমেদ চৌধুরীর লেখায়। প্রথম আলোর নবম বর্ষপূর্তিতে স্টেডিয়াম-এর বিশেষ সংখ্যায় ‘মাঠে পড়া আলো’ শিরোনামের লেখাটি থেকে কয়েকটি লাইন তুলে দিতে লোভ হচ্ছে—‘...প্রতিবেদনে, নিবন্ধে, বিশেষজ্ঞ ভাষ্যে প্রথম আলোর খেলা আমাদের ক্রীড়াপিপাসার সুপেয় তরল হয়ে উঠেছে, হয়ে উঠেছে আমাদের ক্রীড়াঙ্গনের সুস্থ ধারার, অগ্রযাত্রার বিঘ্ন দূরীকরণ প্রচেষ্টার রক্ষাকবচও।’প্রথম আলো তা-ই হয়ে থাকতে চায়।বাংলাদেশের ক্রীড়া উৎসবনাম গ্রামীণফোন-প্রথম আলো বর্ষসেরা ক্রীড়া পুরস্কার, কিন্তু আসলে তা হয়ে উঠেছে ক্রীড়াঙ্গনের বাৎসরিক মিলনমেলা। এই একটা দিনে এক ছাদের নিচে জড়ো হন বাংলাদেশের ক্রীড়াবিদ-সংগঠক-রেফারি-আম্পায়াররা। কেউ পুরস্কার পান, কেউ পান না; কিন্তু জয়ী হয়ে ফেরেন সবাই। এই অনুষ্ঠান যে সবাইকে নতুন করে খেলাধুলার বিনি সুতোর মালায় গেঁথে দেয়। প্রথম আলোর প্রায় সূচনালগ্ন থেকেই লালন করে আসা এই চিন্তাটা প্রথম আলোর মুখ দেখেছে ২০০৫ সালে। দেশের সেরা ক্রীড়াবিদদের স্বীকৃতি দেওয়ার এই উদ্যোগে প্রথম থেকেই প্রথম আলোর সহযোগী গ্রামীণফোন। বর্ষসেরা ক্রীড়াবিদ কে হচ্ছেন—এটাই থাকে এই অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ। স্ব স্ব আলোতে আলোকিত ক্রীড়াব্যক্তিত্বদের নিয়ে গঠিত বিচারকমণ্ডলী এ ছাড়া নির্বাচন করেন বর্ষসেরা দুই রানারআপ, বর্ষসেরা নারী ও উদীয়মান ক্রীড়াবিদকে। অতীতের ওপরই দাঁড়িয়ে বর্তমান—এটা মনে করিয়ে দিতে সার্বিক অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর একজন পান আজীবন সম্মাননা। প্রতিবছরই আরও একটু বিস্তৃত হতে হতে এটি এখন দেশের ক্রীড়াবিদদের কাছে সবচেয়ে প্রার্থিত পুরস্কার। নির্মল এই একটি বিকেল বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অধীর অপেক্ষার অন্য নামও।