ক্রেইগ-পরবর্তী বন্ড হবেন স্যাম
ড্যানিয়েল ক্রেইগের পর জেমস বন্ড চরিত্রের জন্য ‘অবতার’ তারকা স্যাম ওর্দিংটোনকেই বিবেচনা করা হচ্ছে। তুমুল জনপ্রিয় এই চরিত্রের জন্য টম হার্ডি, মাইকেল ফাসবেন্ডারের নামও উচ্চারিত হচ্ছে। তবে নির্মাতাদের পছন্দের তালিকায় এগিয়ে আছেন স্যাম।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে ডেইলি এক্সপ্রেস জানিয়েছে, ‘বন্ড সিরিজের ‘ক্যাসিনো রয়্যাল’ ছবির জন্য অডিশন দিয়েছিলেন স্যাম। এ ছাড়া ‘অবতার’, ‘ক্ল্যাশ অব দ্য টাইটানস’ ও ‘র্যাথ অব দ্য টাইটানস’ ছবিতে অ্যাকশন তারকা হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন ৩৫ বছর বয়সী এই অভিনেতা। ব্রিটেনে জন্ম নিলেও স্যাম বেড়ে উঠেছেন অস্ট্রেলিয়ায়। বন্ড চরিত্র পাওয়ার জন্য এটা ছাড়া আর কোনো বাধাই নেই তাঁর।’ এদিকে, ‘স্কাইফল’ ছবিতে তৃতীয়বারের মতো বন্ড চরিত্রে অভিনয় করছেন ৪৪ বছর বয়সী ড্যানিয়েল ক্রেইগ। এ বছরই মুক্তি পাবে ছবিটি। এখন পর্যন্ত বন্ড চরিত্র থেকে অবসর নেওয়ার কোনো রকম ইঙ্গিত দেননি ক্রেইগ।