ক্রেডিট কার্ড জালিয়াতচক্রের দুই সদস্য গ্রেপ্তার
ক্রেডিট কার্ড জালিয়াতচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে মিরপুর ১০ নম্বর ও উত্তরায় বিমানবন্দর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আটক দুজনের একজন বাংলাদেশের মোশাররফ হোসেন এবং অন্যজন শ্রীলঙ্কার নাগরিক মোহনাথারাস পন্নুথারাই। পুলিশ জানিয়েছে, তাঁরা দুজনই ব্রিটিশ পাসপোর্টধারী ও আইটি বিশেষজ্ঞ। আজ রোববার রাজধানীর মিন্টো রোডে মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, গত মার্চ মাসে এ দুজন ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসেন। তাঁরা নিজেদের ব্যাংক কর্মকর্তা পরিচয় দিয়ে রাতে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথের প্রবেশদ্বারে নিয়ার ফিল্ড কমিউনিকেশনের প্রযুক্তি ব্যবহার করে একটি কার্ড রিডার মেশিনে এবং একটি গোপন ক্যামেরা বুথের ভেতরে বসিয়ে দিতেন। এভাবে তাঁরা ক্রেডিট কার্ডের যাবতীয় তথ্য ও পাসওয়ার্ড নিয়ে নিতেন। এরপর বিভিন্ন কৌশলে এটিএম কার্ড তৈরি করে তাঁরা বিভিন্ন বুথ থেকে টাকা তুলতেন, শপিং মলে গিয়ে দামি দামি জিনিসপত্র কিনে তা অন্য জায়গায় বিক্রি করে দিতেন। গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের (পশ্চিম) অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমানের নেতৃত্বে একটি দল গতকাল মিরপুর ১০ নম্বর থেকে মোশাররফকে এবং বিমানবন্দর এলাকা থেকে মোহনাথারাসকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট দুই থানায় মামলা করা হয়েছে।মনিরুল ইসলাম জানান, তাঁদের লক্ষ্য ছিল ১০ কোটি টাকা তুলে নিয়ে বিদেশে চলে যাওয়া।