ক্রেতা ও সরকারকে ঠকাচ্ছে নকল মুঠোফোন
সিরাজগঞ্জের কাপড় ব্যবসায়ী আহমেদ আলী কম দামে ফোনসেট কিনতে গিয়েছিলেন রাজধানীর ইস্টার্ন প্লাজায়। রঙিন মনিটর, এফএম রেডিও, লাউড স্পিকার ও টর্চলাইট থাকা একটি সেট দেখলেন, দাম এক হাজার ৫০ টাকা। সঙ্গে এক বছরের ওয়ারেন্টি কার্ড! দামে সস্তা ও দেখতে সুন্দর ‘নকিয়া’ সেট পেয়ে তিনি কিনেই নিলেন।মাত্র আড়াই মাস পর আহমেদ আলীর শখের সেটটির ডিসপ্লে (মনিটর) নষ্ট হয়ে যায়। নকিয়ার একটি সার্ভিসিং সেন্টারে গিয়ে তিনি জানতে পারেন, সেটটি নকল। এটি কোথায় তৈরি হয়েছে, ব্যাটারি কোথা থেকে এসেছে, তার সিল বা শনাক্তকরণ নম্বর নেই। খুচরা বাজার থেকে সেট কিনে প্রতিদিনই তাঁর মতো বহু মানুষ প্রতারিত হচ্ছেন।চীন ও কোরিয়া থেকে মূল্য কম দেখিয়ে (আন্ডার ইনভয়েস) নকল মুঠোফোন সেট আমদানি হচ্ছে বলে জানিয়েছে একাধিক সূত্র। পাশাপাশি ‘লাগেজ-ব্যাগেজ’ পার্টিও চোরাইপথে শুল্ক ফাঁকি দিয়ে আনছে প্রচুর ফোনসেট। এ হারে নকল আর নিম্নমানের সেট আমদানি হওয়ায় সরকার বছরে হারাচ্ছে ১৮০ কোটি টাকার রাজস্ব। পাশাপাশি সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের লোকজন প্রতারিত হচ্ছেন এসব সেট কিনে। সরকার তথা শুল্ক বিভাগকে ফাঁকি দিতে জালিয়াতির মাধ্যমে ওই সব সেটে বসানো হচ্ছে জাল শনাক্তকরণ নম্বর।রাজধানীর কয়েকটি মুঠোফোনের মার্কেট ঘুরে দেখা গেছে, শো-কেসে আসল মুঠোফোনের পাশাপাশি নকল সেট রয়েছে। ব্র্যান্ড সেটের মধ্যে নকিয়া ও স্যামসাংয়ের নকল সেটের বিক্রির হার বেশি। এ ছাড়া চীনের তৈরি বিভিন্ন সেটের কাটতিও বেশ ভালো। ইস্টার্ন প্লাজা, ইস্টার্ন প্লাস, মাল্টিপ্ল্যান সেন্টার, এলিফ্যান্ট রোডের অধিকাংশ দোকানে এবং বায়তুল মোকাররম মার্কেটে নকল ফোনসেট সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। এ ছাড়া মওলানা ভাসানী স্টেডিয়াম মার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট ও ফুলবাড়িয়ার বিভিন্ন দোকান চীন-কোরিয়ার তৈরি নিম্নমানের মুঠোফোনে সয়লাব।এ প্রসঙ্গে বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ প্রথম আলোকে বলেন, চুরি-ছিনতাই ঠেকাতে মুঠোফোনের শনাক্তকরণ ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) নম্বর ব্যবহার করা হয়। কিন্তু বাজারের কম দামি সেটগুলোতে যে শনাক্তকরণ নম্বর থাকে তা জাল। তিনি আরও বলেন, বিমানবন্দর, সমুদ্রবন্দর সব জায়গায় শুল্ক বিভাগের নজরদারি সেল রয়েছে। তাঁরা আমদানি করা সেট নকল সন্দেহ করে বিটিআরসিকে জানালে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়।বসুন্ধরা শপিং কমপ্লেক্স এবং নকিয়ার একাধিক সার্ভিসিং সেন্টারে খোঁজ নিয়ে জানা গেছে, সার্ভিসিং করাতে আসা মুঠোফোনের ৪০ শতাংশই নকল। মতিঝিলে নকিয়া সেন্টারের একজন সেবাপ্রদানকারী জানালেন, সার্ভিসিংয়ের জন্য আসা কিছু সেটে শনাক্তকরণ নম্বর যাচাই করলে বোঝা যায়, সেগুলো নকল।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আমদানিকারক জানান, চীনে নকিয়াসহ বেশ কয়েকটি ব্র্যান্ডের মুঠোফোন কারখানা রয়েছে। পাশাপাশি সেখানে গড়ে উঠেছে নকল কারখানা। ওই সব কারখানা থেকে ব্র্যান্ডের সেটের হুবহু নকল তৈরি করা হয়। সেগুলো খুব সস্তায় সেখানে বিক্রি হয়। বাংলাদেশের অসাধু আমদানিকারকেরা খুব সস্তায় এসব নকল সেট আমদানি করেন। বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমপিআইএ) কোষাধ্যক্ষ এ টি এম মাহবুবুল আলম বলেন, ‘নকল সেট ও জাল শনাক্তরণ নম্বর নিয়ে বিভিন্ন দফায় বিটিআরসি ও শুল্ক কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। কিন্তু এতে কাজের কাজ কিছুই হচ্ছে না। সেটপ্রতি কর না কমালে কিছুতেই নকল সেট আমদানি নিরুৎসাহিত করা যাবে না। ’ নকিয়ার ইমার্জিং এশিয়ার কান্ট্রি ম্যানেজার আবু দাউদ খান প্রথম আলোকে বলেন, নকল ফোনসেট আমদানি ও বিক্রি বেড়ে গেছে। নকিয়ার অনেক ধরনের নকল সেট বাজারে দেখা যাচ্ছে। এ অপরাধ ঠেকাতে কঠোর আইন প্রয়োগে সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।রাজস্ব বোর্ড সূত্র জানায়, গত বছরের জুলাই থেকে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ৯০ লাখ সেটের শুল্ক আদায় হয়েছে। অথচ গড়ে প্রতি মাসে দেশে প্রায় ১২ লাখ ৮৫ হাজার সেট আমদানি করা হয়। আর ঢাকা ও চট্টগ্রাম কাস্টমস হাউসে একই সময়ে আটক বা জব্দ করা হয়েছে প্রায় ২৮ লাখ সেট। নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রামের একজন শুল্ক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মাসে গড়ে সাড়ে তিন থেকে চার লাখ সেট অবৈধপথে বাজারে আসে। কিছু চট্টগ্রাম হয়ে, আর কিছু ‘লাগেজ-ব্যাগেজ’ পার্টির কারণে। আরেকটি সূত্র জানায়, অবৈধভাবে আমদানির অভিযোগে গত পাঁচ মাসে ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে আটক হয়েছে প্রায় আড়াই লাখ মুঠোফোন। এর বেশির ভাগই আটক করা হয়েছে মধ্যপ্রাচ্য থেকে আসা যাত্রীদের ব্যাগ থেকে। এ ছাড়া বেশির ভাগ অবৈধ চালান আসে যন্ত্রাংশ হিসেবে, যা আটকের আইন নেই।এ প্রসঙ্গে শুল্ক বিভাগের প্রথম সচিব আনোয়ার হোসাইন জানান, জনবল-সংকট রয়েছে প্রচুর। ফলে একসঙ্গে কয়েক হাজার আমদানিকৃত সেটের প্রতিটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখা সম্ভব হয় না। বিআইএমপিএর মহাসচিব ফয়সাল আলীম বলেন, রাজস্ব বোর্ড এবং বিআইএমপিএর হিসাবে প্রতি মাসে আমদানি হচ্ছে প্রায় ১৪ লাখ মুঠোফোন। এর মধ্যে বৈধপথে আসে প্রায় ১০ লাখ, বাকি চার লাখ অবৈধ পথে। রাজস্ব বোর্ডের তথ্যের সঙ্গে একমত হয়ে তিনি বলেন, মাসিক মুঠোফোনের শুল্ক আদায় হিসাব ছেড়েই ন্যূনতম শুল্ক হিসাবে সরকার মাসে ১৫ কোটি টাকার বেশি রাজস্ব হারাচ্ছে। বাজারে এ হারে নকল ও নিম্নমানের ফোনসেটের প্রবেশ ঠেকানোর জন্য সব ধরনের মুঠোফোন আমদানির ক্ষেত্রে কর ১০০ টাকা (ফ্ল্যাট রেট) ধার্য করার প্রস্তাব করেন তিনি।