ক্রেতা নেই, বাজার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল্যসূচকে ‘সার্কিট ব্রেকার’ বসানোর পরও ধস ঠেকানো যাচ্ছে না। বরং সূচক পতনের নতুন নজির দেখলেন শেয়ারবাজারের আতঙ্কিত বিনিয়োগকারীরা।লেনদেন শুরুর মাত্র পাঁচ মিনিটের মধ্যেই গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ মূল্যসূচক কমে যায় ৬০০ পয়েন্টের বেশি। অবশ্য লেনদেন সমন্বয়ের পর মূল্যসূচক ৫৮৭ পয়েন্ট বা ৮ দশমিক ৪৯ শতাংশ কমে ছয় হাজার ৩২৬ পয়েন্টে নেমে আসে।অথচ এক দিন আগেই সূচক ওঠানামার সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয় ২২৫ পয়েন্ট। এ সীমা অতিক্রম করায় ছয় মিনিটের মাথায় দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন বন্ধ হয়ে যায়। আগের দিনের মতো গতকালও দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয় বেলা একটায়। এর আগে ১০ জানুয়ারি লেনদেন শুরুর প্রথম ৫০ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ৬৩৫ পয়েন্ট কমে। গতকাল প্রতি মিনিটে সূচক কমেছে ২০০ পয়েন্ট। শেয়ারবাজারের ইতিহাসে এটি একটি বিরল ঘটনা বলে জানা গেছে। বিষয়টি বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকেও (এসইসি) বিস্মিত করেছে। তাই লেনদেন বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে এমন ধসের কারণ অনুসন্ধানে নেমে পড়েন চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকারসহ সংস্থাটির শীর্ষপর্যায়ের সব কর্মকর্তা। সরেজমিন দেখা যায়, বেলা সোয়া একটা থেকে তাঁরা সবাই এসইসির নজরদারি বা সার্ভিল্যান্স কক্ষে গিয়ে দিনের লেনদেনের তথ্য বিশ্লেষণ শুরু করেন। পাঁচ ঘণ্টা ধরে নানা তথ্য বিশ্লেষণের পর ছয়টি ব্রোকারেজ হাউসের বিরুদ্ধে আগ্রাসীভাবে শেয়ার বিক্রির প্রমাণ পান। প্রতিষ্ঠানগুলো হলো: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক (ডিএসই সদস্য নং-২৩৪); ঢাকা ব্যাংক (ডিএসই সদস্য নং-১৯৩); এনসিসি ব্যাংক (ডিএসই সদস্য নং-৬১); পিএফআই সিকিউরিটিজ (ডিএসই সদস্য নং-৭৯ ও সিএসই সদস্য নং-০৯৫); অ্যালায়েন্স সিকিউরিটিজ অ্যান্ড ম্যানেজমেন্ট (ডিএসই সদস্য নং-১৩৭) এবং আইআইডিসি সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই সদস্য নং-২৩৮)।পরে সন্ধ্যা ছয়টার দিকে এসইসির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৩০ দিন এসব ব্রোকারেজ হাউসের লেনদেন কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তাদের এক মাসের জন্য নিষ্ক্রিয় রাখা হবে। উল্লিখিত সময় তাঁরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সব ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন। এ সময় আরও জানানো হয়, আগামী রোববার দেশের দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন বন্ধ থাকবে। তা ছাড়া এদিন বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে কী পদক্ষেপ নেওয়া যায়, তা ঠিক করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক হবে বলে জানা গেছে। এতে সরকারের শীর্ষপর্যায়ের নীতিনির্ধারকেরা উপস্থিত থাকার কথা রয়েছে।এদিকে গতকালের দরপতনকে কেন্দ্র করে লেনদেন বন্ধের পরপরই হাজার হাজার বিনিয়োগকারী রাজধানীর মতিঝিলের ডিএসই ভবনের সামনের সড়কে নেমে আসেন। এ সময় তাঁরা সড়ক অবরোধের চেষ্টা চালালে পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ডিএসই ও এর আশপাশের ভবন এবং রাস্তায় জড়ো হওয়া বিনিয়োগকারীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল ছুড়তে থাকেন। পুলিশও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে থেমে থেমে লাঠিচার্জ করে। ঘটনাস্থল থেকে ২০ জনকে আটক করা হয়। অন্যদিকে, সিলেটের বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা অর্থমন্ত্রীর স্থানীয় বাসভবনের সামনে বিক্ষোভ করেন। এসইসির সংবাদ সম্মেলন: সার্ভিল্যান্স কক্ষ থেকে বেরিয়ে এসইসির সদস্য ইয়াসিন আলী সরাসরি সভাকক্ষে উপস্থিত সাংবাদিকদের সামনে তাঁদের বক্তব্য তুলে ধরেন। এ সময় সংস্থাটির অপর সদস্য এম আনিসুজ্জামান, নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ, আনোয়ারুল কবীর ভূঁইয়া, এ টি এম তারিকুজ্জামান ও সাইফুর রহমান উপস্থিত ছিলেন। বক্তব্যের শুরুতেই ইয়াসিন আলী সূচকের সার্কিট ব্রেকার সঠিকভাবে কাজ না করার কারণ ব্যাখ্যা করেন। তিনি বলেন, ডিএসইতে এখনো সূচকের স্বয়ংক্রিয় সার্কিট ব্রেকার চালু হয়নি। তাই বিষয়টি ‘ম্যানুয়ালি’ নিয়ন্ত্রণ করা হচ্ছে। তা ছাড়া ডিএসইর লেনদেনের তথ্য প্রতি পাঁচ মিনিট পরপর হালনাগাদ হয়। ফলে প্রথম পাঁচ মিনিট যাওয়ার আগে সূচকের অবস্থান সম্পর্কে জানা কোনোভাবেই সম্ভব ছিল না। এ কারণে মূল্যসূচকের পতন সার্কিট ব্রেকারের সীমা ছাড়িয়ে গেলেও ডিএসইর সার্ভিল্যান্সের করার কিছুই ছিল না। ইয়াসিন আলী বলেন, যেহেতু সার্কিট ব্রেকারের সীমা ছাড়িয়েও লেনদেন সংঘটিত হয়েছে, সেহেতু এ লেনদেন নিষ্পত্তি করতে হবে। তা না হলে আইনি জটিলতায় পড়ার আশঙ্কা রয়েছে।ব্রোকারেজ হাউসগুলোর লেনদেন কার্যক্রম বন্ধ করা সম্পর্কে তিনি বলেন, ‘ওই হাউসগুলো থেকে আগ্রাসীভাবে শেয়ার বিক্রি করা হয়েছে। আজকের পাঁচ মিনিটের দরপতনের পেছনে এ ঘটনা বড় ভূমিকা রেখেছে।’ উদাহরণ হিসেবে তিনি বলেন, বাজারে যখন শেয়ার ৩২০ টাকায় ক্রেতা ছিল, তখন হাউসগুলো থেকে ২৮০ কোটি টাকায় শেয়ার বিক্রি করা হয়েছে। এর মাধ্যমে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়ানো হয়েছে বলে এসইসি মনে করছে। আগামী রোববার হাউসগুলোর কর্তাব্যক্তিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার জন্য শুনানিতে ডাকা হবে বলেও জানান ইয়াসিন আলী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের গ্রাহকেরা চাইলে সংযোগ হিসাব বা লিঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে অন্য হাউসে গিয়ে লেনদেন করতে পারবেন।যোগাযোগ করা হলে অ্যালায়েন্স সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক পঙ্কজ রায় প্রথম আলোকে বলেন, ‘লেনদেনের সময় ব্রোকারেজ হাউসের সিইওরা নিজে সাধারণত উপস্থিত থাকেন না। গ্রাহকদের নির্দেশ অনুযায়ী অপারেটররা লেনদেন কার্যক্রম পরিচালনা করে থাকেন। কোনো গ্রাহক শেয়ার বিক্রির আদেশ দিলে অপারেটরদের করার কিছু থাকে না। তা ছাড়া গতকাল আমরা ৮৫ লাখ টাকার শেয়ার বিক্রির বিপরীতে দুই কোটি ১১ লাখ টাকার শেয়ার কিনেছি। তাই আমাদের কীভাবে অভিযুক্ত করা হলো, বিষয়টি বোধগম্য নয়।’আল-আরাফাহ্ ব্যাংক সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউর রহমান অসুস্থ থাকায় অফিসে যাননি বলে জানান।ডিএসইর সংবাদ সম্মেলন: তখনো লেনদেন শুরু হয়নি। এর আগেই রাজধানীর একটি হোটেলে শুরু হয় শেয়ারবাজার পরিস্থিতি নিয়ে ডিএসই আয়োজিত সংবাদ সম্মেলন। একটা বাজতে তখনো কিছু সময় বাকি ছিল। এ সময় সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্ব চলতে থাকে। বেলা একটার পর প্রশ্নোত্তর পর্বে এক সাংবাদিক ডিএসইর সভাপতি শাকিল রিজভীর কাছে জানতে চান, কেন লেনদেনের সময়সীমা দুই ঘণ্টা পেছানো হলো। আগামী দিনগুলোতেও লেনদেনের সময় পিছিয়ে দেওয়া হবে কি না?জবাবে শাকিল রিজভী বলতে শুরু করেন, গত কয়েক দিনে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসের ঘাটতিতে চিড় ধরেছে। তাই লেনদেন পিছিয়ে দিতে এসইসিকে পরামর্শ দেওয়া হয়েছিল। এর আগে সংবাদ সম্মেলনে তিনি বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার এবং ধৈর্য ধরার আহ্বান জানান। ডিএসইর সভাপতির আহ্বানের এই বার্তা সংশ্লিষ্টদের কানে যাওয়ার আগেই বিনিয়োগকারীদের আস্থাহীনতার চরম নজির স্থাপিত হয়ে যায় শেয়ারবাজারে। ততক্ষণে পাঁচ মিনিটে ৬০০ সূচক পতনের খবর সংবাদ সম্মেলনে উপস্থিত সংবাদকর্মীরাও জেনে যান। জানা গেছে, লেনদেন শুরুর পাঁচ মিনিটের মাথায় ডিএসইর কর্মকর্তারা ট্রেড সার্ভারে এই পতনের দৃশ্য দেখলেও মূলত তিন মিনিটের মধ্যে সেটি ঘটেছে। লেনদেন শুরুর তিন মিনিট পর থেকেই বিভিন্ন ব্রোকারেজ হাউসে বিনিয়োগকারীরা শেয়ার কেনাবেচার আর কোনো আদেশ দিতে পারেননি। ডিএসইর সভাপতির ব্রোকারেজ হাউসে হামলা: ক্ষুব্ধ বিনিয়োগকারীরা গতকাল ডিএসইর সভাপতি শাকিল রিজভীর মালিকানাধীন শাকিল রিজভী স্টক লিমিটেডের প্রধান কার্যালয় ও একটি শাখা অফিসে হামলা করেছেন। ডিএসই ভবনের সামনে বিক্ষোভ শুরু হলে একদল বিনিয়োগকারী মধুমিতা ভবনে অবস্থিত ডিএসইর সভাপতির ব্রোকারেজ হাউসের প্রধান কার্যালয়ে হামলা করেন। এ ছাড়া ধানমন্ডি সাতমসজিদ রোডে অবস্থিত আরেকটি শাখায়ও হামলার ঘটনা ঘটে। হামলার কথা স্বীকার করে ডিএসইর সভাপতি প্রথম আলোকে বলেন, ধানমন্ডি শাখার কম্পিউটারসহ মূল্যবান জিনিস ভাঙচুর করা হয়েছে। আর মধুমিতায় ভবনের কার্যালয়ের প্রবেশ দরজা ভাঙচুর করা হয়। তিন কোম্পানির রাইট শেয়ার অনুমোদন: যখন বাজারে তারল্যসংকট চলছে, ঠিক তখন শেয়ারবাজারে রাইট শেয়ার ছেড়ে বাজার থেকে টাকা সংগ্রহের অনুমোদন দেওয়া হয়েছে তালিকাভুক্ত তিন কোম্পানিকে। গতকাল সন্ধ্যায় এসইসির এক সভায় কোম্পানি তিনটির এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। কোম্পানি তিনটি হলো: সিএমসি কামাল, বিডি ওয়েল্ডিং ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল)। এদের মধ্যে সিএমসি কামাল ও বিডি ওয়েল্ডিং তাদের বিদ্যমান একটি শেয়ারের বিপরীতে দুটি এবং ইউসিবিএল বিদ্যমান একটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ছাড়ার অনুমতি পেল।