ক্রেতার ভূমিকায় আইসিবি
দেশের শেয়ারবাজারে টানা দরপতন চলছে। ফলে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেশ কমে আকর্ষণীয় অবস্থানে রয়েছে। এ অবস্থায় বেশ কয়েক দিন ধরে ক্রেতার ভূমিকায় রয়েছে রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। গতকাল বুধবার রাতে প্রথম আলো ডটকমের সঙ্গে আলাপকালে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক ফায়েকুজ্জামান এসব কথা বলেন।ফায়েকুজ্জামান বলেন, বাজারে উত্থান-পতন থাকবে এটাই স্বাভাবিক। বাজার যখন দরপতনের ধারায় থাকে, তখন হাতে থাকা শেয়ার বিক্রি না করাই উচিত; বরং নিম্নমুখী অবস্থায় শেয়ারের দাম অনেক নিচে নেমে আসে। এ অবস্থায় শেয়ার কেনা উচিত।ফায়েকুজ্জামান আরও বলেন, বাজারের বর্তমান অবস্থায় শেয়ারের দাম অনেক আকর্ষণীয় অবস্থানে নেমে এসেছে। এ অবস্থায় বিনিয়োগ করলে লাভবান হওয়ার সম্ভাবনাই বেশি। এ কারণে আইসিবি ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলো বাজারে ক্রেতার ভূমিকায় রয়েছে। প্রতিদিন তারা শেয়ার কেনার ভূমিকায় রয়েছে। এমনকি গতকাল শুধু আইসিবিই ৪০ কোটি টাকার বেশি শেয়ার কিনেছে। আইসিবির পাশাপাশি অন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এ ক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ ছাড়া ‘সরকারি প্রতিষ্ঠান হিসেবে আইসিবির একটা দায়িত্ব রয়েছে’ বলেও জানান তিনি।সম্প্রতি সরকারের পক্ষ থেকে আইসিবিকে কোনো তহবিল দেওয়া হয়েছে কি না—এমন এক প্রশ্নের জবাবে সরকারের পক্ষ থেকে অতিরিক্ত কোনো তহবিল পাওয়া যায়নি বলে জানান আইসিবির ব্যবস্থাপনা পরিচালক।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, ঈদুল আজহার ছুটির পর টানা ১০ কর্ম দিবস ডিএসইতে দরপতন ঘটে। এ সময়ে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩৫১ পয়েন্ট কমে যায়।