ক্রেমলিনের ক্ষমতায় ফিরছেন পুতিন (ভিডিও)
রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে আজ রোববার ভোট গ্রহণ শুরু হয়েছে। এই নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের বিজয় সুনিশ্চিত বলেই ধারণা করা হচ্ছে। ফলে তৃতীয় মেয়াদে আবার ক্রেমলিনের ক্ষমতায় ফিরতে যাচ্ছেন পুতিন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। দেশটির নির্বাচন কমিশনের উপপ্রধান ওকসানা বেলাইনিনা দাবি করেছেন, ‘নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। সবকিছু স্বাভাবিকভাবেই চলছে।’ ভোটের আগে জনমত জরিপে বলা হয়েছে, ৫৯ বছর বয়স্ক সাবেক কেজিবি এজেন্ট পুতিন প্রথম দফার ভোটে ৬০ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হবেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট পার্টির গেন্নাদি ইয়ুগানোভ ১৫ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হবেন। এ ছাড়া তৃতীয় অবস্থানের জন্য মিখাইল প্রোখরভ ও ভ্লাদিমির ঝিরিনভস্কির মধ্যে লড়াই হবে। পার্লামেন্টের উচ্চকক্ষের সাবেক স্পিকার সের্গেই মিরোনভ সবার পেছনে থাকবেন বলেই ধারণা করা হচ্ছে।গত ডিসেম্বরে পার্লামেন্ট নির্বাচনে ব্যাপক কারচুপি ও জালিয়াতির অভিযোগ তুলে আন্দোলন-বিক্ষোভ শুরু করে বিরোধীরা। সেই বিক্ষোভ এখন পুতিনবিরোধী বিক্ষোভে রূপ নিয়েছে। এ নিয়ে দেশটিতে বেশ উত্তেজনা বিরাজ করছে। নির্বাচন ও নির্বাচন-পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্রেমলিন কর্তৃপক্ষ বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী।