ক্রয়নীতির স্বচ্ছতা ও দুদকের ক্ষমতা খর্ব নিয়ে উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ক্রয়নীতির স্বচ্ছতা হ্রাস ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) ক্ষমতা সীমিত করার পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। একই সঙ্গে বিদ্যুৎ, রাস্তাঘাটসহ অবকাঠামো ঘাটতিকে বাংলাদেশের উন্নয়নের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করছে সংস্থাটি।এসব পর্যবেক্ষণ উঠে এসেছে বাংলাদেশের জন্য সহায়তার নতুন কৌশলপত্রে। আগামী তিন বছরে বাংলাদেশের জন্য এই কৌশলপত্র তৈরি হচ্ছে। এ বছর জুন মাসে বিশ্বব্যাংকের বোর্ডে অনুমোদনের জন্য এটি তোলা হবে। সম্ভাব্য সহায়তা পাওয়া যাবে ৩৬০ কোটি ডলার বা প্রায় ২৫ হাজার কোটি টাকা।প্রসঙ্গত, দরপত্রে স্বচ্ছতা নেই, এই অভিযোগে বিশ্বব্যাংক সম্প্রতি বেশ কিছু কেনাকাটার ফাইল ফেরত পাঠিয়েছে। একই সঙ্গে গত বছর সংসদে ক্রয় নীতিমালার সংশোধন নিয়েও তারা অসন্তুষ্ট।তবে এ বছরের জানুয়ারিতে প্রধানমন্ত্রীর ভারত সফরকে ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করেছে তারা। সংস্থাটি মনে করে, এতে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের আঞ্চলিক সহযোগিতার সম্পর্ক বাড়বে। বাণিজ্য, বন্দর, যোগাযোগ ও বিদ্যুৎ নিয়ে যেসব সমঝোতা হয়েছে, সেগুলোকে ইতিবাচক মনে করে বিশ্বব্যাংক। বিশেষ করে, চট্টগ্রাম ও মংলা বন্দর আঞ্চলিক যোগাযোগের কেন্দ্রস্থল হওয়ার সুযোগ তৈরি হয়েছে। বাণিজ্য নিয়েও যেসব সমঝোতা হয়েছে, এতে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমবে।জানা গেছে, কৌশলপত্র চূড়ান্ত করতে ছয়টি পরামর্শ সভা করেছে বিশ্বব্যাংক। যোগাযোগ করা হলে সংস্থাটির পক্ষ থেকে প্রথম আলোকে জানানো হয়, গত মার্চ মাসে পরামর্শ সভা শেষ করা হয়েছে। এখন চূড়ান্ত দলিল তৈরির কাজ চলছে। আগামী জুনে বোর্ডে উপস্থাপন করা হবে। গত ডিসেম্বরে প্রাথমিকভাবে প্রাক্কলন করা হয়েছিল যে আগামী তিন বছরের জন্য সহায়তা দেওয়া হবে ৩০০ কোটি ডলার। তবে পদ্মা সেতুতে সহায়তার প্রতিশ্রুতি বাড়ায় এই পরিমাণ আরও বাড়বে। আবার কিছু প্রকল্পে অর্থায়ন কাটছাঁটও হতে পারে, এমনটি বলা হয়েছে সংস্থা থেকে।বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর এলেন গোল্ডস্টেইন সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নতুন কৌশলপত্রে তাঁদের অগ্রাধিকারের বিষয়টি অবহিত করেছেন। জানা গেছে, আগামী কৌশলপত্রের শীর্ষ পাঁচটি প্রকল্পেই অর্থায়ন করা হবে প্রায় ২০০ কোটি ডলার, যার বেশির ভাগই অবকাঠামো-উন্নয়নসংক্রান্ত। এ নিয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে।নতুন কৌশলপত্রে শীর্ষ প্রকল্পের তালিকায় আছে পদ্মা সেতু। এই প্রকল্পে প্রধান অর্থায়নকারী প্রতিষ্ঠান বিশ্বব্যাংক। গত বছর ডিসেম্বরের আগে প্রকল্পটির জন্য মাত্র ৩০ কোটি ডলার দিতে রাজি হলেও এখন তারা ১২০ কোটি ডলার বা আট হাজার ২৮০ কোটি টাকা দিতে প্রস্তুত। ২০১১ সালের ২৮ ফেব্রুয়ারি পদ্মা সেতু অর্থায়নের প্রস্তাবটি বোর্ডে অনুমোদনের জন্য উঠতে পারে।দ্বিতীয় অবস্থানে আছে সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) প্রকল্পে অর্থায়ন। এ জন্য বিশ্বব্যাংক ২৫ কোটি ৭০ লাখ ডলার বা এক হাজার ৭৭৩ কোটি টাকার এক প্রকল্প নিয়েছে। চট্টগ্রামে পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন-ব্যবস্থার উন্নয়নে ১৭ কোটি ৫০ লাখ ডলার বা এক হাজার ২০৭ কোটি টাকা সহায়তা দেবে তারা। রপ্তানি অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ১২ কোটি ডলার বা ৮২৮ কোটি টাকা এবং দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ বিতরণব্যবস্থার উন্নয়নে আরও ১৫ কোটি ডলার বা এক হাজার ৩৫ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক।তালিকায় আরও আছে পেশাগত প্রশিক্ষণ কর্মসূচির চার কোটি ডলার বা ২৭৬ কোটি টাকা, সামাজিক খাতে বিনিয়োগে ১০ কোটি ডলার বা ৬৯০ কোটি টাকা, জাতীয় সুরক্ষা প্রকল্পে নয় কোটি ডলার বা ৬২১ কোটি টাকা এবং ঢাকার পরিবেশ ও পানিসম্পদ ব্যবস্থাপনায় ৪৮৩ কোটি টাকা। চরম বিদ্যুৎ সংকট থাকলেও আগামী কৌশলপত্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য কোনো প্রকল্প নেওয়া হচ্ছে না বলে বিশ্বব্যাংক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। বিশ্বব্যাংকের অর্থায়নে ৩৫ কোটি ডলার বা দুই হাজার ৪১৫ কোটি টাকার সিদ্ধিরগঞ্জে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজও আটকে গেছে। ২০০৮ সালে অর্থ পাওয়ার জন্য সরকার বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করলেও দরপত্রে বিলম্ব ও নানা ঘাপলার কারণে অর্থ ছাড় করাতে পারেনি। আগের অর্থ ব্যবহূত না হওয়ায় নতুন কৌশলপত্রে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর জন্য কোনো প্রকল্প এখন পর্যন্ত অন্তর্ভুক্ত করা হয়নি।তবে নতুন কৌশলপত্রে হাজার হাজার কোটি টাকার প্রতিশ্রুতি থাকলেও সরকারি ক্রয় আইনের সংশোধন নিয়ে বিশ্বব্যাংকসহ বেশ কয়েকটি উন্নয়ন সহযোগীর সঙ্গে সরকারের টানাপোড়েন চলছে। বিশ্বব্যাংক ইতিমধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে (ইআরডি) জানিয়ে দিয়েছে, তারা যেসব প্রকল্পে অর্থায়ন করবে, সেসব প্রকল্পে পণ্য ও সেবা ক্রয় এবং ঠিকাদার নিয়োগের ক্ষেত্রে সংস্থার নিজস্ব নীতিমালা মেনে চলা হবে।প্রসঙ্গত, ক্রয় আইনের (পিপিআর) সংশোধন অনুযায়ী, দুই কোটি টাকা পর্যন্ত সরকারি ক্রয়ের ক্ষেত্রে ঠিকাদারি প্রতিষ্ঠানের পূর্ব অভিজ্ঞতা লাগবে না এবং দুই কোটি টাকা পর্যন্ত কাজের জন্য লটারির ব্যবস্থা আবার চালু করা থাকবে। ফলে বিশ্বব্যাংকের নতুন কৌশলপত্রে বিপুল পরিমাণ সহায়তার আশ্বাস থাকলেও সরকার প্রকল্প কতটা বাস্তবায়ন করতে পারবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। ২০০৯ সালের ডিসেম্বর মাসে ২০০৬-০৯ সময়কালের জন্য দেশভিত্তিক সহায়তা কৌশলের (ক্যাস) মেয়াদ শেষ হয়েছে। এই সময়কালে বিশ্বব্যাংক বাংলাদেশকে দিয়েছে ২৬০ কোটি ডলার বা প্রায় ১৮ হাজার কোটি টাকা।