পরিবেশ সংরক্ষণে এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি হ্রাসে নিবেদিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করতে তৃতীয়বারের মতো ‘এইচএসবিসি-দ্য ডেইলি স্টার ক্লাইমেট অ্যাওয়ার্ড’ দেওয়া হবে। মোট চারটি শ্রেণীতে এ পুরস্কার দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর। আজ রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে ‘ডেইলি স্টার’-এর সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘আমরা অনেকেই মনে করি, জলবায়ু পরিবর্তন মানে উত্তর মেরুর বরফ গলা কিংবা আরও দূরের কোনো বিষয়। কিন্তু বিষয়টি মোটেও তা নয়।’ মাহফুজ আনাম বলেন, ‘বাংলাদেশ নদীমাতৃক দেশ। পানি অনেক দামি সম্পদ। কিন্তু আমাদের নদীগুলো দূষিত হয়ে যাচ্ছে। দখল হয়ে যাচ্ছে। বুড়িগঙ্গার অবস্থা এতটাই খারাপ যে মাছ তো দূরের কথা সেখানে কোনো জীবাণু বাঁচে কি না সন্দেহ। বারবার বলার পরও রাজধানীর সব ময়লা বুড়িগঙ্গাতেই ফেলা হচ্ছে। এভাবে বিশুদ্ধ পানির সব উত্স বন্ধ হয়ে গেলে আমরা সংকটে পড়ব। কারণ, পানি ছাড়া আমাদের এক দিনের জীবনও চলবে না।’মাহফুজ আনাম বলেন, পরিবেশ সংরক্ষণে এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি হ্রাসে নিবেদিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করতেই এইচএসবিসি-দ্য ডেইলি স্টার ক্লাইমেট অ্যাওয়ার্ড। সংবাদ সম্মেলনে এইচএসবিসি বাংলাদেশের প্রধান অর্থ কর্মকর্তা (চিফ ফিন্যানশিয়াল অফিসার) স্টিভ বল, ওয়েস্ট কনসার্নের নির্বাহী পরিচালক এ এইচ এম মকসুদ সিনহা এবং এইচএসবিসি বাংলাদেশের বিপণন, গণসংযোগ ও সামাজিক দায়বদ্ধতা বিভাগের প্রধান তালুকদার নোমান বক্তব্য দেন। আয়োজকেরা জানান, পরিবেশবান্ধব পণ্য ও সেবা প্রবর্তন, পরিবেশ সংরক্ষণকেন্দ্রিক ব্যবসায়িক কর্মকাণ্ড, সামাজিক উদ্যোগ ও সচেতনতামূলক প্রচারাভিযান এবং গবেষণাধর্মী কাজ—এই চার শ্রেণীতে পুরস্কার দেওয়া হবে।পুরস্কারের বিভাগ, আবেদনপত্র ও বিস্তারিত তথ্য www.hsbc.com.bd এবং www.thedailystar.net ঠিকানায় পাওয়া যাবে। ৩১ অক্টোবরের মধ্যে ‘এইচএসবিসি-দ্য ডেইলি স্টার ক্লাইমেট অ্যাওয়ার্ড ২০১২’ লিখে ওয়েস্ট কনসার্ন, বাড়ি নম্বর-২১, সড়ক-৭/বি, ব্লক-জি, বনানী মডেল টাউন, ঢাকা-১২১৩—এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে এক হাজার শব্দের মধ্যে প্রকল্পের বিবরণ দিতে হবে। প্রাপ্ত মনোনয়নগুলো নিরীক্ষা করে বিচারকমণ্ডলী আগামী ডিসেম্বরে বিজয়ীদের নাম ঘোষণা করবে। গত বছর এই পুরস্কার পেয়েছিল এনার্জিপ্যাক ইলেকট্রনিক, গ্রামীণফোন, বেঙ্গল গ্লাস ওয়ার্কস লিমিটেড, রেডিও টুডে ও বেসরকারি সংস্থা রুরাল ডেভেলপমেন্ট একাডেমি (বগুড়া)।