ক্লান্তি ঘোচাতে স্পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহে ছয় দিন কর্মব্যস্ততার পর এক দিন ছুটি। তাই ছুটির দিনটিতেই গুলশান থেকে ধানমন্ডির ‘হারমনি স্পা’তে ছুটে এসেছেন তানিয়া সুলতানা। একটি পাঁচতারকা হোটেলে কাজ করেন তিনি। স্বভাবতই প্রশ্ন জাগতে পারে, হাতের কাছে পাঁচতারকা হেটেলের ‘স্পা’ সার্ভিস থাকতে এত দূরে কেন? তানিয়া সুলতানা জানালেন, পাঁচতারকা হোটেলের চেয়ে এখানে খরচ খানিকটা কম।আজকাল বিউটি পারলারগুলো স্পা সেবাও দেওয়া শুরু করেছে। ব্যস্ত নগরজীবনের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলা ‘টেনশন’ আর ক্লান্তি দূর করার এক মহৌষধ এই স্পা। তাই রূপচর্চার কেন্দ্রগুলোয় স্পার কদর দিন দিন বেড়েই চলেছে।নগরে স্পা সেবাটা অপেক্ষাকৃত নতুন। রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান বলেন, স্পা হলো এমন একটি সেবা, যার মাধ্যমে একজন মানুষ তার সারা দিনের চাপ ও ক্লান্তি দূর করে ফেলতে পারে। এই পদ্ধতিতে একজন মানুষ তার পা থেকে মাথা পর্যন্ত, প্রতিটা অঙ্গের দিকে মনোযোগ দিতে পারে। অন্যদিকে হারমনি স্পার স্বত্বাধিকারী রহিমা সুলতানা রীতা স্পার ইতিহাস টেনে বলেন, ‘স্পা হলো চিকিৎসাবিজ্ঞানে এক ধরনের প্রাকৃতিক পদ্ধতি। জার্মানির পাদেন বাদেন শহর থেকে স্পার জন্ম। পরে রূপ ও সৌন্দর্যচর্চায় এ ধারণার ব্যবহার শুরু হয়।’নগরের স্পা সেন্টারগুলো ঘুরে বিভিন্ন ধরনের সেবার ধরন জানা গেছে। এই যেমন ধানমন্ডির ওমেনস ওয়ার্ল্ডে আলাদাভাবে স্পার বিভিন্ন সেবা দেওয়া হয়। কয়েকটি পারলারে আবার পরিপূর্ণ ‘প্যাকেজ’ও রয়েছে। প্যাকেজে আরও আছে বডি ম্যাসাজসহ মাথার চুল থেকে পায়ের যত্ন পর্যন্ত। স্পার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ‘বডি ম্যাসাজ’। এর মধ্যে থাই ম্যাসাজ ও অ্যারোমা থেরাপি জনপ্রিয়। শরীরের ব্যথা দূর করতে বডি ম্যাসাজের জুড়ি মেলা ভার। আর অ্যারোমা ম্যাসাজে ব্যক্তির চাহিদা অনুযায়ী সুগন্ধি দিয়ে সেবা দেওয়া হয়। তবে ব্যথা দূর করতে সবচেয়ে বেশি উপকারী হলো থাই ম্যাসাজ। ভাঙা ভাঙা বাংলায় এ তথ্য জানালেন থাইল্যান্ড থেকে আসা পারসোনার স্পা বিভাগের পরামর্শক থাইপায়া কোসাই।কেবল বডি ম্যাসাজই নয়, বিভিন্ন ধরনের ফেসিয়াল অন্তর্ভুক্ত রয়েছে স্পা সেবার মধ্যে। মুখের ত্বকে কোনো সমস্যা থাকলে ফেসিয়াল স্পার মাধ্যমে তা দূর করা সম্ভব। সপ্তাহজুড়ে পায়ের ক্লান্তি বা অবসাদ দূর করতে পারসোনার স্পা সার্ভিসে নিয়মিত পেডিকিউর করান একটি মোবাইল ফোন কোম্পানিতে কর্মরত দারিন রহমান। তাঁর মতে, সাধারণ পেডিকিউর নিছক পায়ের সৌন্দর্য বাড়ায়। কিন্তু স্পা পেডিকিউর পায়ের ব্যথা ও অবসাদ সবটাই দূর করে দেয়।স্পা কোনো একক প্রক্রিয়া নয়, বরং একের পর এক পদ্ধতির সফল প্রয়োগে সম্পন্ন হয় স্পা। রূপচর্চাবিশেষজ্ঞ রহিমা সুলতানা রীতা বলেন, স্পাতে পরিবেশের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ। পরিবেশটা এমন হওয়া চাই, যাতে করে মনে হয় প্রকৃতির খুব কাছাকাছি কিছু সময় কাটানো হয়েছে। স্পার কক্ষ বা রুম সাধারণত বেশ ঠান্ডা হয়ে থাকে। ঘরের কোথাও বাজতে থাকে স্পা সুর বা বাদ্যযন্ত্রের সুর। স্পার কক্ষে কোনো উজ্জ্বল আলো ব্যবহূত হয় না। কক্ষে ঢোকামাত্রই নাকে এসে পৌঁছায় সুগন্ধি। কারণ, সুগন্ধি স্পার অন্যতম অনুষঙ্গ। আর স্পা শেষে গোসলের মাঝে যেন মেলে সজীবতা।ওয়েস্টিন হোটেলের স্পা ম্যানেজার নাজমুন নাহার ইলা বলেন, বেশ কয়েক ধরনের স্পায় গোসল হয়ে থাকে। এর মাঝে বিশেষভাবে উল্লেখযোগ্য ‘যাকুযি’। একটি বাথটাবে বিশেষ ব্যবস্থায় কুসুম গরম পানি চার দিক থেকে শরীরে হালকা চাপ প্রয়োগ করে। এতে করে শরীরের রোমকূপগুলো খুলে যায়। আবার নিয়ন্ত্রিত তাপমাত্রায় ওপর থেকে একই সঙ্গে পানির চাপ দেওয়া হয় শরীরে। এই গোসলপদ্ধতির নাম ভিসি শাওয়ার। এটা স্পার বিশেষ ধরনের গোসল। গোসল যেন স্পায় পূর্ণতা এনে দেয়। ফারজানা শাকিল বলেন, সৌন্দর্যচর্চার অনন্য পদ্ধতি স্পা শরীরের নানা জটিলতা দূর করে, শরীরকে রাখে সুস্থ। স্পা তাই সবার জন্যই প্রযোজ্য। তবে নগরের বিভিন্ন বিউটি পারলারে মেয়েদের জন্যই কেবল স্পা সেবা রয়েছে। তবে এ ক্ষেত্রে পুরুষদের কপাল মন্দ। ছেলেরা এ সেবা পাবেন পাঁচতারকা হোটেলগুলোয়।প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের স্পা ম্যানেজার রশিদুজ্জামান জানান, তারা পুরুষ ও নারীদের আলাদা স্পা সেবা দিয়ে থাকেন। হোটেল ওয়েস্টিনে দম্পতিদের জন্য রয়েছে বিশেষ স্পা সেবা। হোটেল রেডিসনের সুন্দরী স্পাতে এক হাজার ৮০০ টাকা থেকে ৩৪ হাজার টাকার মধ্যে নানা ধরনের স্পা সেবা নেওয়া যায়। পারলারগুলোর তুলনায় পাঁচতারকা হোটেলের খরচ খানিকটা বেশি বৈকি। পারলারগুলোয় সর্বনিম্ন এক হাজার থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকার মধ্যে স্পা সেবা নিতে পারবেন। স্থান, সময় আর সেবার ওপর স্পার খরচের রকমফের হয়ে থাকে। নিয়মিত গ্রাহকদের জন্য কোনো কোনো পারলারে থাকে কার্ড বা বিশেষ ছাড়ের ব্যবস্থা।