ক্লান্তিহীন কণ্ঠ ফাঁসির দাবিতে অনড় (ভিডিও)
দুপুর ১২টা ২০ মিনিটে ভাষাসৈনিক আবদুল মতিন হুইল চেয়ারে করে এসে আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন। তিনি বলেন, সংগ্রাম শুরু হয়েছে অনেক আগে। যে সংগ্রাম চলছে, তা অব্যাহত থাকুক। সবাইকে এই সংগ্রামে থাকার আহ্বান জানান তিনি। তাঁর বক্তব্যের পর আন্দোলনকারীরা তাঁকে রাজাকারমুক্ত একটি বাংলাদেশ উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।শুরু থেকে আন্দোলনে তেমন বক্তৃতা নেই। মাঝেমধ্যে কেউ কেউ এসে সংহতি জানিয়ে কিছু বলছেন। আর চলছে জাগরণী গান। পুরোটা সময় শুধু স্লোগান আর স্লোগান। ক্লান্তিহীন স্লোগানে মুখরিত তারুণ্য দাবি জানিয়ে চলেছে রাজাকারদের ফাঁসি নিশ্চিত করার।‘তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা’; ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’; ‘সাম্প্রদায়িকতার আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’; ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’; ‘পাকিস্তানের প্রেতাত্মারা, পাকিস্তানেই ফিরে যা’; ‘বাংলাদেশের মাটিতে জামায়াত-শিবিরের ঠাঁই নাই’; ‘আমাদের ধমনিতে শহীদের রক্ত, এই রক্ত কোনো দিনও বৃথা যেতে দেব না’; ‘আর কোনো দাবি নাই, রাজাকারের ফাঁসি চাই’; ‘জামায়াতে ইসলাম, মেড ইন পাকিস্তান’; ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’, ‘জয় বাংলা’—এসব স্লোগানে মুখরিত শাহবাগ চত্বর। সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে ‘ক-তে কাদের মোল্লা, তুই রাজাকার তুই রাজাকার’; ‘ক-তে কামারুজ্জামান, তুই রাজাকার তুই রাজাকার’; ‘গ-তে গোলাম আযম, তুই রাজাকার তুই রাজাকার’; ‘স-তে সাকা, তুই রাজাকার তুই রাজাকার’; ‘ম-তে মুজাহিদ, তুই রাজাকার তুই রাজাকার’; ‘ন-তে নিজামী, তুই রাজাকার তুই রাজাকার’; ‘স-তে সাঈদী, তুই রাজাকার তুই রাজাকার’ স্লোগান। কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে গত মঙ্গলবার বিকেলে শাহবাগ মোড়ে এই বিক্ষোভের সূচনা করে ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট ফোরাম। এর পর বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা এ আন্দোলনে যোগ দেন। গত শুক্রবার লাখো জনতার মহাসমুদ্রের কেন্দ্রবিন্দু শাহবাগের ‘প্রজন্ম চত্বরের’ নবজাগরণ মঞ্চ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।