ক্লার্কের কণ্ঠে বাংলাদেশের প্রতি সমীহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বিপক্ষে বড় জয়ের সুবাদে সুপার এইট অনেকটাই নিশ্চিত হয়ে গেছে অস্ট্রেলিয়ার। তাই বলে বারবাডোজে আগামী বুধবার বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠেয় ম্যাচটিকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। এ ম্যাচে বাংলাদেশের বড় জয়ের সম্ভাবনা ক্ষীণ হলেও টি-টোয়েন্টি ক্রিকেটের চিরন্তন রূপের কথা মাথায় রেখে বাড়তি সতর্কতা নিতেই হচ্ছে অস্ট্রেলিয়াকে।গতকাল সেন্ট লুসিয়ায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ ১৯১ রান সংগ্রহ করে সহজেই পাকিস্তানকে ৩৪ রানে হারিয়েছে অসিরা। আর এই জয়ের সুবাদে অস্ট্রেলিয়ার সুপার এইটে খেলা অনেকটাই নিশ্চিত। বুধবার বারবাডোজে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি নিয়ে বাড়তি সতর্কতা রয়েছে অস্ট্রেলীয় শিবিরে। কারণ, মাত্র কয়েক দিন আগেই প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরে গিয়েছিল অস্ট্রেলিয়া। গত বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেওয়া দলটি এবার বিশ্বকাপে খেলতে এসে প্রথম প্রস্তুতিমূলক ম্যাচেই জিম্বাবুয়ের কাছে হেরে বেশ বিব্রতই। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে লড়াই করে হারা বাংলাদেশকে তাই কিছুটা সমীহের চোখেই দেখছে তারা। পাকিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিপক্ষে পরবর্তী ম্যাচের প্রসঙ্গ আসতেই মাইকেল ক্লার্কের কণ্ঠে বাংলাদেশ সম্পর্কে শ্রদ্ধাই ঝরে পড়ল। তাঁর ভাষায়, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে সব দলেরই সমান সম্ভাবনা থাকে। বাংলাদেশ ভালো দল। আমরা বাংলাদেশকে মোটেই হালকাভাবে নিচ্ছি না। বাংলাদেশ দলে কয়েকজন টি-টোয়েন্টি ক্রিকেটার রয়েছেন। ব্যাট হাতে তাঁরা যেকোনো সময় ভয়ংকর রূপ নিতে পারেন।’ তিনি আরও বলেন, ‘কয়েক দিন আগে একটি প্রস্তুতিমূলক ম্যাচে আমরা জিম্বাবুয়ের কাছে হেরেছি। সেদিন ভালো খেলতে পারিনি বলেই হেরেছি। তাই কার বিপক্ষে খেলছি, এটা কোনো বিষয় নয়। সবচেয়ে বড় কথা হলো, আমাদেরকে আমাদের সেরা খেলা খেলে যেতে হবে।’