ক্লাস ও পরীক্ষার দাবিতে মহাসড়ক অবরোধ
ক্লাস-পরীক্ষার দাবিতে আজ সোমবারও খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১০টায় ক্লাস ও পরীক্ষার দাবিতে ক্যাম্পাসের ডায়ানা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বেলা পৌনে ১১টার দিকে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়। শিক্ষার্থীরা সেখানে সমাবেশ করেন। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসন ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেন।প্রশাসন ভবনের সামনে সমাবেশ শেষে শিক্ষার্থীরা এখন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে সমাবেশ করছেন। অবরোধের কারণে মহাসড়কের উভয় দিকে দুই শতাধিক গাড়ি আটকা পড়েছে। গতকাল রোববারও একই ধরনের কর্মসূচি পালন করেন তাঁরা।গত ৮ সেপ্টেম্বর বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে বোমা হামলা, চোরাগোপ্তা হামলা ও ভাঙচুরের কারণে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা ১৩ অক্টোবর পর্যন্ত বন্ধ ছিল। ১৪ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাস বন্ধ করে দেয়। এরপর গত ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয় খোলার পর শিক্ষকেরা প্রশাসনের তিন কর্তাব্যক্তির অপসারণের দাবিতে আন্দোলনে নামেন এবং তাঁদের অপসারণ না হওয়া পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম বর্জনের ঘোষণা দেন। দীর্ঘ সাড়ে তিন মাস বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় ১২ হাজার শিক্ষার্থীর জীবন হুমকির মুখে পড়েছে। এ সময়ের মধ্যে স্থগিত হয়েছে বিভিন্ন বিভাগের প্রায় চার শতাধিক চূড়ান্ত পরীক্ষা। এতে বিশ্ববিদ্যালয়ে দুই বছরের সেশনজটের আশঙ্কা দেখা দিয়েছে।