ক্লাস করতে ভয় করে ঝড় আইলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কোন সময় ছাদ ভাঙিয়া পড়ে, ক্লাস করতে ভয় করে ঝড় আইলে’ মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ঘুঙ্গিয়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী সীমা বাড়ৈ এভাবে বিদ্যালয় ভবনের দুরবস্থার কথা প্রকাশ করে। জানা যায়, ৩৩ শতাংশ জমির ওপর ঘুঙ্গিয়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত। একটি টিনশেড ঘর, চারপাশে বেড়া নেই, ওপরে মটকাও নেই। অপর একটি ভবন চার কক্ষবিশিষ্ট। এটি ১৯৯৪ সালে নির্মিত হলেও দুটি কক্ষের ছাদের প্লাস্টার খসে পড়ায় তিন বছর যাবৎ বন্ধ ও ব্যবহার অনুপযোগী হয়ে রয়েছে। বাকি একটি কক্ষে ছাত্রছাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করে। অন্য কক্ষে শিক্ষকদের বসার জায়গা ও লাইব্রেরি আছে। এটিরও একই অবস্থা। বর্তমানে এ বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা ২৫০ জন। পাসের হার শতভাগ। ৩ এপ্রিল সরেজমিনে ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলে বিভিন্ন সম্যসার কথা জানা যায়। চতুর্থ শ্রেণীর ছাত্র অমিত বিশ্বাস বলে, ‘বৃষ্টি হলে চার পাশ দিয়ে হিচলা (ঝাপটা) এসে বই, বেঞ্চ ও আমরা ভিজে যাই। মটকা না থাকায় ওপর দিয়ে পানি পড়ায় ক্লাস করা সম্ভব হয় না।’তৃতীয় শ্রেণীর সাবানা খানম, হূদয় সরদার, নাছিম হাওলাদার, হাচান আকন ও পূর্ণিমা শীল জানায়, টিনের ঘরে তো থাকাই যায় না, ক্লাস করা যায় না আর বিল্ডিং কোন সময় ভাইঙা পড়ে সেই ভয়ে থাকেন স্যারেরা। তাঁরাও সব সময় ভয়ে সময় কাটান।অভিভাবক আনোয়ার খাঁন বলেন, ‘ছেলেমেয়ে স্কুলে পাঠাতে ভয় করে। দীর্ঘদিন স্কুলের ভবনসংকট। সরকার সুদৃষ্টি দিলে স্কুলটি ভালোভাবে পরিচালনা করা সম্ভব হতো।’স্কুলের শিক্ষক আশরাফ হোসেন বলেন, ‘কালকিনি উপজেলার মধ্যে এই স্কুলটির অবস্থা খুবেই ঝুঁকিপূর্ণ। ছাত্রছাত্রী ও আমাদের জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করতে হয়। তবে শিক্ষার মান ভালো থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ছাত্রছাত্রীরা ক্লাস করতে আসে।’প্রধান শিক্ষক সুধীর কুমার দাস বলেন, বিদ্যালয় ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থার কথা জানিয়ে প্রতিবেদন দেওয়া হয়েছে। তবে কর্তৃপক্ষ সুদৃষ্টি না দিলে বিদ্যালয়ের অবস্থা আরও খারাপ হবে।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে ডিজি অফিসে তিনবার প্রতিবেদন পাঠানো হয়েছে এবং ঝুঁকিপূর্ণ ভবনটি নিলামে দেওয়ার জন্য প্রতিবেদন তৈরি করা হয়েছে। শিগগিরই এটি নিলামে দেওয়া হবে এবং ভবনটি নতুন করে নির্মাণ করা হবে।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিউদ্দীন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এখন জানলাম এবং কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন তুলে ধরব। এর বাইরে তো আমাদের কিছু করার নেই।’