ক্লাস চলাকালে চায়ের দোকানে সিনেমাসহ নানা অনুষ্ঠান দেখছে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ে চলছে ক্লাস, আর ক্লাসের বাইরে থাকা চায়ের দোকানগুলোর সামনে দাঁড়িয়ে শিক্ষার্থীরা দেখছে টেলিভিশন।ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে গড়ে ওঠা তালসার বাজারে চায়ের দোকানগুলোতে সারা দিনই চলে টেলিভিশন। শিক্ষার্থীরা ক্লাস ফেলে দোকানগুলোতে বসে বা দাঁড়িয়ে টেলিভিশনে সিনেমাসহ নানা অনুষ্ঠান দেখে।বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, স্কুল চলাকালে টেলিভিশন বন্ধ রাখার জন্য ওই সব দোকানিকে একাধিকবার অনুরোধ করা হয়েছে। তার পরও তাঁরা কথা শুনছেন না। এমনকি তাঁরা স্কুল চলাকালে উচ্চ শব্দে টেলিভিশন চালিয়ে থাকে, যা স্কুলের পড়ালেখার পরিবেশ নষ্ট করছে।সরেজমিনে তালসার বাজারে দেখা যায়, শতবর্ষের অধিক বয়সের তালসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ৫২৬ জন শিক্ষার্থী পড়ালেখা করছে। বিদ্যালয়ে সাতজন শিক্ষক রয়েছেন, আর ক্লাসরুম আছে আটটি। এই বিদ্যালয়ের পূর্ব সীমানার সঙ্গে রয়েছে কোটচাঁদপুর-গোপালপুর সড়ক। এই সড়কের গাঁ-ঘেঁষে গড়ে উঠেছে বেশ কিছু দোকান। এর মধ্যে আটটি চায়ের দোকান। সোহাগ আলী, সেমর আলী, কটা মিয়া, আসাদুল হক, কোরবান আলীসহ আটজন ক্ষুদ্র ব্যবসায়ী স্কুলের সীমানাঘেঁষা রাস্তার ধারে চায়ের দোকান গড়ে তুলেছেন।বাজারের ব্যবসায়ীরা জানান, এই দোকানগুলোতে ২৪ ঘণ্টা টেলিভিশন চলে। বড় পর্দার রঙিন টেলিভিশনে সিনেমা দেখিয়ে খরিদ্দার ধরার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এর প্রভাব পড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানটির ওপর।একাধিক অভিভাবক জানান, বিদ্যালয়ের অনেক শিশু টেলিভিশন দেখে আর ক্লাসে পৌঁছাতে পারছে না। তারা চায়ের দোকানে বসে অথবা দাঁড়িয়ে টেলিভিশন দেখে সময় কাটিয়ে বাড়ি ফিরছে। বাড়ি ফিরে তারা ক্লাস করেছে বলে অভিভাবকদের কাছে মিথ্যা বলছে।দুপুর সাড়ে ১২টার দিকে সেমর আলীর চায়ের দোকানে বসে টেলিভিশন দেখছিল পঞ্চম শ্রেণীর ছাত্র মাসুম। সে জানায়, এখন তার ক্লাস নেই। এই সময় ক্লাস না থাকার কারণ জানতে চাইলে সে স্থান ত্যাগ করে চলে যায়। তৃতীয় শ্রেণীর আরেক ছাত্র বলে, ১২টায় তাদের ক্লাস শুরু হয়েছে। কিন্তু প্রথম ক্লাসে স্যার না থাকায় এখানে আছে। স্যার এলে চলে যাবে।এ ব্যাপারে চা-বিক্রেতা সেমর আলীর ছেলে আজমুল হক বলেন, ‘টেলিভিশন না চালালে এখন আর দোকানে খরিদ্দার আসে না। তা ছাড়া স্কুলের ছেলেমেয়েরা দোকানের সামনে দাঁড়ালে আমরা তাড়িয়ে দিই।’বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রসুল বলেন, ‘বিষয়টি শিক্ষার পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। এর আগে বেশ কয়েকবার স্কুল চলাকালে টেলিভিশন না চালানোর জন্য দোকানিদের অনুরোধ করেছি, কিন্তু তাঁরা কথা শোনেননি।’বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ এম হিলারিং বলেন, ‘আমরা আবারও দোকানিদের অনুরোধ করব। এর পরও না শুনলে প্রশাসনিক পদক্ষেপ নেব।’