ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর গতকাল বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিস্থিতি ছিল থমথমে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী এবং ছাত্রলীগের কিছু নেতা-কর্মীকে শুধু ক্যাম্পাসে দেখা গেছে। সব বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে অনুষদভিত্তিক শৃঙ্খলা কমিটি গঠন এবং প্রক্টরিয়াল বডি শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। গত মঙ্গলবার ছাত্রলীগের দুই পক্ষের মারামারিতে শিক্ষক, সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হন। এ সময় পুলিশ অবকাশ ভবনে সাংবাদিক সমিতিতে ঢুকে সাংবাদিকদের মারধর করে। সংঘর্ষের ঘটনা তদন্তে কোষাধ্যক্ষ মো. শওকত জাহাঙ্গীরকে আহ্বায়ক করে গঠিত ১১ সদস্যের কমিটি কাজ শুরু করেছে।উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন পেলেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তিনি বলেন, ক্যাম্পাসের পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। রোববার থেকে সব বিভাগের ক্লাস ও পরীক্ষা শুরু হবে।প্রশাসন সূত্র জানায়, গতকাল বিকেলে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে উপাচার্য তাঁর কার্যালয়ে সব বিভাগের চেয়ারম্যান, ডিন ও প্রক্টরিয়াল বডির সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করেন। বৈঠকে উপস্থিত সবাই ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানান। একই সঙ্গে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন।বৈঠকে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে অনুষদভিত্তিক শৃঙ্খলা কমিটি গঠন এবং প্রক্টরিয়াল বডি আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া বৈঠকে শিক্ষার্থীদের আচরণবিধি পর্যবেক্ষণ করার সুপারিশ করা হয়।এদিকে সাংবাদিকদের পুলিশের মারধরের প্রতিবাদ ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল বেলা একটার দিকে সাংবাদিক সমিতির নেতারা ক্যাম্পাসে মৌন মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন। পরে ভাস্কর্য চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে তাঁরা বলেন, পূর্বপরিকল্পনা অনুযায়ী পুলিশ পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা চালায়। তাঁরা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খানকে দায়ী করে তাঁর পদত্যাগ দাবি করেন। পরে একই দাবিতে তাঁরা উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।প্রশাসনের পূর্বঘোষণা অনুযায়ী গতকাল বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা স্থগিত ছিল। গতকাল ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যাম্পাসে ছোট ছোট দলে ভাগ হয়ে মহড়া দেন। ক্যাম্পাসে উপস্থিত ছাত্রলীগের নেতা-কর্মীদের অনেকেই বর্তমান কমিটি বিলুপ্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেন।ছাত্রলীগের জ্যেষ্ঠ এক নেতা প্রথম আলোকে বলেন, সাত বছর ধরে নতুন কমিটি না হওয়ায় সবার মধ্যেই ক্ষোভ ছিল। কর্মীদের ওপর সভাপতি ও সাধারণ সম্পাদকসর্বস্ব কমিটির কোনো নিয়ন্ত্রণ ছিল না। তাই ক্যাম্পাসে প্রায়ই মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটছিল। আরেক নেতা আশঙ্কা প্রকাশ করে বলেন, শিগগিরই নতুন কমিটি না হলে আবারও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।