ক্লাস বর্জন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজ সোমবার সকালে ক্লাস বর্জনের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। বিশ্ববিদ্যালয় ও ছাত্রদের সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে সাধারণ ছাত্ররা জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের ২৭(৪) ধারা সংশোধনের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। ওই আইনে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়ে চলার বিধান রাখা হয়েছে। যার কারণে ছাত্রদের বেতন বাড়ানোসহ বিভিন্ন অজুহাতে অর্থ নেওয়া হয়। এর প্রতিবাদে সাধারণ ছাত্ররা ক্লাস বর্জন করে বিক্ষোভ করে। তবে ভূগোল বিভাগে একটি ক্লাস চলছিল। বিক্ষোভকারী ছাত্ররা এ সময় ক্লাস বন্ধ করার কথা বললে শ্রেণীকক্ষে উপস্থিত শিক্ষক তাঁদের কাছে পাঁচ মিনিট সময় চান। কিন্তু তাঁরা ওই কথা না শুনে শ্রেণীকক্ষের দরজা-জানালায় লাথি ও ইটপাটকেল মারতে শুরু করে। এ সময় ক্লাসের ভেতরে থাকা ছাত্ররা জোটবদ্ধ হয়ে বিক্ষোভকারীদের ধাওয়া করেন। উভয় পক্ষের মধ্যে আধঘণ্টা ধরে চলে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। বেলা পৌনে ১২টার দিকে পুলিশ ও ছাত্রলীগের নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন গণিত বিভাগের বাবুল এবং পরিসংখ্যান বিভাগের মামুন। তিনি দাবি করেন, এটি ছিল একটি বিচ্ছিন্ন ঘটনা।