শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী শরফ আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদকে (৪৮) হত্যার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১৬ জানুয়ারি ক্লাস বর্জন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়েছে। শরীয়তপুর সদর থানা, নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লক্ষ্মীর মোড় এলাকায় ১৫ জানুয়ারি রাত আটটার দিকে ১৫-২০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল প্রধান শিক্ষক আব্দুস সামাদকে গুলি ও জবাই করে হত্যা করে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে বাজারের ব্যবসায়ী অজিত বিশ্বাস, বিশ্বজিত্, রহিম পেয়াদা, ইসহাক মুন্সী ও সেলিম ফকির গুলিবিদ্ধ হন। তাঁদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে পরের দিন জেলা শিক্ষক সমিতি হত্যাকাণ্ডের প্রতিবাদে সমাবেশ করেছে। চিকন্দী শরফ আলী উচ্চবিদ্যালয়সহ সদর উপজেলার ১০টি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা চিকন্দী বাজারে বিক্ষোভ মিছিল করে। চিকন্দী শরফ আলী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত মানববন্ধন করে। ১৯ জানুয়ারি জেলা শিক্ষক সমিতি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়। গুলিবিদ্ধ ইসহাক মুন্সী (৪৫) বলেন, ‘বাজারে একটি দোকানে বসে গল্প করছিলাম। হঠাত্ গুলির শব্দ পেয়ে এগিয়ে যাই। সন্ত্রাসীরা আমাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পায়ে গুলি লাগলে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারাই।’ জেলা শিক্ষক সমিতির সহসভাপতি মাসুক আলী দেওয়ান বলেন, ‘এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ১৬ জানুয়ারি সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছি। ১৯ জানুয়ারি জেলা প্রশাসকের বরাবরে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি দিয়েছি।’সন্তোষপুর গ্রামের বাসিন্দা বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বাশার বলেন, ‘আব্দুস সামাদ এলাকায় একজন জনপ্রিয় শিক্ষক ছিলেন। তিনি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এ বছরও এলাকার মানুষের অনুরোধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন। এটাই তাঁর কাল হয়েছে।’ আব্দুস সামাদের স্ত্রী রীনা বেগম বলেন, ‘এলাকার মানুষের অনুরোধে আমার স্বামী ইউনিয়ন পরিষদের নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। মাঝেমধ্যেই মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তিরা আমাকে ও আমার স্বামীকে জীবননাশের হুমকি দিত। সন্ত্রাসীরা তাঁকে নির্বাচন পর্যন্ত বাঁচতে দিল না।’ শরীয়তপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম বলেন, ‘নিহতের স্ত্রী বাদী হয়ে ৩০ জনকে আসামি করে মামলা করেছেন। মামলার প্রধান আসামি আ. হালিম মোল্লাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।’শরীয়তপুরের পুলিশ সুপার এ কে এম শহীদুর রহমান বলেন, ‘পুরো বিষয়টি আমরা বিশেষ নজর দিয়ে তদন্ত করব। এলাকায় পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।’