স্নাতকোত্তর শ্রেণীর ক্লাস শুরু করার দাবিতে বিভাগীয় প্রধানের কক্ষ, ডিন অফিস ও শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ে প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা। আজ রোববার সকাল আটটার দিক থেকে ওই বিভাগের ২০০৬-২০০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা তালা লাগিয়ে বিভাগের সামনে বিক্ষোভ করছে। বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানায়, ২০১১ সালের আগস্ট মাসে ব্যবসায় প্রশাসন বিভাগের ২০০৬-২০০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্নাতক সমাপনী পরীক্ষা শেষ হয়। কিন্তু সাত মাস পেরিয়ে গেলেও তাঁদের স্নাতকোত্তর শ্রেণীর ক্লাস শুরু হয়নি। ক্লাস শুরুর দাবিতে বিভাগীয় প্রধান ও ডিনের সঙ্গে কথা বলেও কোনো সুফল হয়নি। তাই আজ সকালে তাঁরা বিভাগীয় প্রধানের কক্ষ, ডিন কার্যালয় ও শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দেয়।শিক্ষার্থীদের অভিযোগ, গত আগস্টে স্নাতক সমাপনী পরীক্ষা শেষ হওয়ার পরপর বিভাগীয় প্রধান অধ্যাপক নজরুল ইসলামকে স্নাতকোত্তর শ্রেণীর ক্লাস শুরুর অনুরোধ জানায় তাঁরা। কিন্তু স্নাতকোত্তর শ্রেণীর সিলেবাস তৈরি হয়নি বলে ক্লাস শুরু করা যাচ্ছে না বলে জানান তিনি। এই অবস্থার প্রতিকার চেয়ে সর্বশেষ গত ৭ মে এমবিএর ক্লাস শুরু এবং বিবিএর পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করার জন্য উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা। এ ব্যাপারে উপাচার্য তাঁদের আশ্বস্ত করলেও আজ পর্যন্ত এ বিষয়ে কোনো বিজ্ঞপ্তি না দেওয়ায় আজ সকাল থেকে বিভাগে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করে তারা।এ ব্যাপারে কথা বলার জন্য মুঠোফোনে যোগাযোগ করা হলে বিভাগীয় প্রধান নজরুল ইসলাম পরে কথা বলবেন বলে জানান।