ক্লাস শুরুর দাবিতে মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা শুরু করার দাবিতে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। ক্লাস-পরীক্ষা দ্রুত চালু করা না হলে কাল সোমবার থেকে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা। শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়লে প্রায় চার শতাধিক যানবাহন আটকা পড়ে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আজ রোববার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ‘সচেতন শিক্ষার্থী’দের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হলে সেখানে শিক্ষার্থীরা মানববন্ধন করেন। পরে বেলা সোয়া ১১টার দিকে তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে সমাবেশ করতে থাকেন। এ সময় প্রধান ফটকের সামনে দুই পাশে খুলনা-কুষ্টিয়াগামী প্রায় চার শতাধিক যানবাহন আটকা পড়ে। দুপুর সাড়ে ১২টায় শিক্ষার্থীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করেন। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় কোনো স্বার্থান্বেষী মহলের নয়, বিশ্ববিদ্যালয় শিক্ষার জায়গা। বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা দ্রুত চালু করতে হবে। এ সময় তাঁরা শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির প্রতি দ্রুত ক্লাস-পরীক্ষা চালু করার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ক্লাস-পরীক্ষা দ্রুত চালু করা না হলে কাল সোমবার থেকে মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের ঘোষণা দেন তাঁরা।প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে এই বিশ্ববিদ্যালয়ে বোমা হামলা, চোরাগোপ্তা হামলা ও ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস-পরীক্ষা ১৪ অক্টোবর পর্যন্ত বন্ধ ছিল। ১৪ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাস বন্ধ করে দেয়। এরপর গত ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয় খোলার পর শিক্ষকেরা প্রশাসনের তিন কর্তাব্যক্তির অপসারণের দাবিতে আন্দোলনে নামেন এবং তাঁদের অপসারণ না হওয়া পর্যন্ত সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন।