জাহাঙ্গীরনগরের শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রী
ক্লাসে যান, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশে বলেছেন, ‘আপনারা ক্লাসে যান। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখেন। সবার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’আজ বৃহস্পতিবার নিজ কার্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১২ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।অধ্যাপক নাসিম আখতার হোসাইনের নেতৃত্বে ওই প্রতিনিধিদলে আরও ছিলেন অধ্যাপক এ এ মামুন, শরীফ উদ্দিন, এম এ মতিন প্রমুখ।বৈঠকের পর শিক্ষামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শিক্ষকদের দাবির কথা শুনেছেন। তাঁর কথা শুনে শিক্ষকেরা আশ্বস্ত হয়েছেন। তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবিরের পদত্যাগের দাবিতে গতকাল বুধবার থেকে আমরণ অনশন শুরু করেছেন দুজন শিক্ষক ও একজন সাংস্কৃতিক কর্মী। এর আগে গত মঙ্গলবার সাংস্কৃতিক জোটের চারজন কর্মী অনশন শুরু করেন। তাঁদের মধ্যে অসুস্থ হয়ে পড়ায় একজনকে গতকাল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ছয়জন শিক্ষক-শিক্ষার্থী অনশন করছেন। উপাচার্যের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ে বেশ কিছুদিন ধরেই আন্দোলন চলছে।