ক্লিন ইমেজের লোকদের স্বাগত জানাই: ওবায়দুল কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা ক্লিন ইমেজের লোকজনদের বঙ্গবন্ধুর সোনার ঘরে স্বাগত জানাচ্ছি। তাই যাঁদের ইমেজ খারাপ, তাঁদের আওয়ামী লীগের সদস্য হওয়ার দরকার নেই। তরুণেরাই আওয়ামী লীগের প্রাণ।’ আজ বৃহস্পতিবার বিকেলে শহরের কলেজ রোডের ফেনী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগের সদস্য নবায়ন ও সংগ্রহ অভিযান উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও তথ্য মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওবায়দুল কাদের এ কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, দীর্ঘ ১৪ বছর ফেনীতে সম্মেলন হয় না। আজকের এই সদস্য সংগ্রহ ও সম্মেলনের মাধ্যমে ফেনীতে একটি নতুন নেতৃত্ব সৃষ্টি করতে হবে।ফেনী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র নিজামউদ্দিন হাজারী।ওবায়দুল কাদের বলেন, ‘বিশাল ম্যান্ডেট দিয়ে জনগণ মহাজোটকে ক্ষমতায় বসিয়েছে। আগামী দুই বছরের মধ্যে ৭০ শতাংশ নির্বাচনী অঙ্গীকার পূরণ করতে হবে। মহাজোট যদি ব্যর্থ হয়, তাহলে দেশে মহা দুর্যোগ নেমে আসবে। বিরোধী দলের আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। জনগণকে খুশি রাখতে পারলে তারা বিরোধী দলের ডাকে সাড়া দেবে না।’ওবায়দুল কাদের বলেন, বর্তমানে বিদ্যুত্পরিস্থিতি কিছুটা সহনীয় পর্যায়ে রয়েছে, চালের দাম কমেছে, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো।অনুষ্ঠান উদ্বোধন করে ওবায়দুল কাদের বলেন, আজ থেকে ফেনী জেলা আওয়ামী লীগের নতুন করে যাত্রা শুরু হলো। ফেনীতে ১৪ বছর যে সম্মেলন আলোর মুখ দেখেনি, আজ সে প্রক্রিয়া শুরু হলো। এর পর ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা সম্মেলন শেষে জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে।