ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের শহর কুষ্টিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অনুমোদন, অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, কুষ্টিয়া জেলায় ৬১টি ক্লিনিকের অনুমোদন আছে। এ ছাড়া জেলায় অনুমোদনহীন আরও শতাধিক ক্লিনিক আছে। ক্লিনিকগুলোতে নিজস্ব ডাক্তার না থাকায় রাত-দিন কখনোই তাৎক্ষণিক সেবা পাওয়া যায় না। ক্লিনিকে প্রথমে রোগী ভর্তি করা হয়। তারপর তাঁরা জেনারেল হাসপাতালের চুক্তিবদ্ধ ডাক্তারদের ফোন করে ডেকে নিয়ে আসেন। সার্বক্ষণিক ডাক্তার, নার্স, প্রয়োজনীয় যন্ত্রপাতি, লোকবল ও পরিচ্ছন্ন পরিবেশ ছাড়াই এসব ক্লিনিক চলছে।অনুসন্ধানে জানা যায়, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকেরাই অতিরিক্ত রোজগারের আশায় জেলা শহরের বিভিন্ন ক্লিনিকে পার্ট টাইম কাজ করেন। গাইনি ডাক্তাররা এসব ক্লিনিকে ছোটখাটো অপারেশনসহ নানা কাজে ব্যস্ত থাকেন। অধিকাংশ ক্লিনিকেই প্রশিক্ষিত কোনো নার্স নেই। আয়াদের দিয়ে নার্সের কাজ চালানো হয়। অপরিচ্ছন্ন পরিবেশে অনেক ক্লিনিকে গন্ধে প্রবেশ করা যায় না। এসব ক্লিনিকের নিজস্ব কোনো ভবন নেই। আবাসিক বাড়ির নিচতলা, দোতলা ভাড়া নিয়ে এগুলো তৈরি করা হয়েছে।এদিকে এসব ক্লিনিকে রোগী সংগ্রহে রয়েছে নানা কৌশল। জেনারেল হাসপাতালের ডাক্তারদের মাধ্যমে এবং জেলার বিভিন্ন এলাকায় প্রতিনিধি নিয়োগ করে যেমন গ্রাম্য ডাক্তার, ওষুধের দোকান ও হেলথ ভিজিটরদের মাধ্যমে রোগী সংগ্রহ করা হয় বলে অভিযোগ রয়েছে।নাম প্রকাশ না করার শর্তে সিভিল সার্জন অফিসের এক কর্মকর্তা বলেন, কুষ্টিয়া শহরে যেসব ক্লিনিক রয়েছে, তাদের কয়েকটি ছাড়া বেশির ভাগই সরকারি অনুমোদন পাওয়ার যোগ্য নয়। গ্রামগঞ্জ থেকে আয়া নিয়ে এসে নার্সের কাজ করানো হয়। বেশ কয়েকটি ক্লিনিকের পরিবেশ স্বাস্থ্যসম্মত নয়। জেলার বিভিন্ন গ্রামে হাতুড়ে ডাক্তাররা এজেন্ট হিসেবে রোগী সংগ্রহ করে।নাম প্রকাশ না করার শর্তে এক ক্লিনিক-মালিক জানান, ক্লিনিকের নিজস্ব প্রতিনিধিরা গ্রামগঞ্জে ঘুরে এসব হাতুড়ে ডাক্তার, হেলথ ভিজিটর ও ওষুধের দোকানের সঙ্গে রোগী সংগ্রহের চুক্তি করে আসেন। গ্রামগঞ্জের রোগীদের একটু সমস্যা হলেই তাঁরা ক্লিনিকে এনে ভর্তি করিয়ে দেন। এতে রোগীর ধরন অনুযায়ী তাঁদের কমিশন দেওয়া হয়। দুই শতাধিক প্রতিনিধি গ্রামে গ্রামে রোগী সংগ্রহের কাজ করেন। আবার জেনারেল হাসপাতালের কিছু ডাক্তার নিয়মিতভাবে এসব ক্লিনিকে রোগী সরবরাহ করেন। তাঁদের কাছে কোনো রোগী চিকিৎসা নিতে গেলে নির্ধারিত ক্লিনিকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। আর ডাক্তারের রেফারেন্সে কোনো ক্লিনিকে রোগী ভর্তি হলে এতে ডাক্তাররাও একটা কমিশন পেয়ে থাকেন।ক্লিনিকগুলোতে অধিকাংশই ডেলিভারি ও অ্যাপেন্ডিসাইটিসের রোগী ভর্তি হয়। অন্য কোনো কঠিন বা জটিল রোগী ক্লিনিকে খুব একটা পাওয়া যায় না। ছয় থেকে ১৫ হাজার টাকা চুক্তিতে ক্লিনিকগুলোতে সিজার ডেলিভারি করানো হয়। এই টাকার একটা ভাগ রোগী সংগ্রহকারীকে দেওয়া হয়।তবে রোগীদের অভিযোগ, শুধু টাকার লোভে ক্লিনিক-মালিকেরা অধিকাংশ সময় অপ্রয়োজনীয়ভাবে সিজার করে ডেলিভারি করান। কখনোই তাঁরা স্বাভাবিক গর্ভপাতের চিন্তা করেন না। আবার ডেলিভারি হয়ে গেলে ক্লিনিকগুলোতে আর ডাক্তার পাওয়া যায় না। অধিকাংশ ক্লিনিকই সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না।এসব বিষয়ে সনো ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের ম্যানেজার মীর্জা শাহ আলম প্রথম আলোকে বলেন, ক্লিনিকগুলো সম্পর্কে যা শুনেছেন তা পুরোটা মিথ্যা নয়। রোগী সংগ্রহের প্রতিযোগিতা করতে গিয়ে অধিকাংশ ক্লিনিকই এ ধরনের কাজ করছে। তাঁরা ক্লিনিকের পরিবেশ ভালো না করে ব্যবসায়িক স্বার্থটাই বেশি দেখেন। তবে যেভাবে যত্রতত্রভাবে ক্লিনিক গড়ে উঠছে সে ব্যাপারে প্রশাসনের অবশ্যই নজর দেওয়া উচিত।