ক্লিনিক ব্যবসা জমজমাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেনারেল হাসপাতালের চিকিৎসকদের পুঁজি করে জেলা শহরের বিভিন্ন এলাকায় ক্লিনিক ব্যবসা রমরমা হয়ে উঠেছে। কোনো ধরনের সার্বক্ষণিক চিকিৎসক, সেবিকা, প্রয়োজনীয় যন্ত্রপাতি, লোকবল ও পরিচ্ছন্নতা পরিবেশ ছাড়াই বহালতবিয়তে চলছে এসব ক্লিনিক।সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, পাবনায় সরকারিভাবে অনুমোদিত মোট ৫১টি ক্লিনিক রয়েছে। এসব ক্লিনিকে সার্বক্ষণিক একজন এমবিবিএস চিকিৎসক (কনসালট্যান্ট অনুমতিসহ), প্রতি ১০ বেডের জন্য তিনজন জ্যেষ্ঠ সেবিকা, ছয়জন আয়া, তিনজন ওয়ার্ডবয়, দুজন ঝাড়ুদার, হাইড্রোলিক টেবিল, উন্নতমানের অস্ত্রোপচারকক্ষ, অক্সিজেন, সার্জিক্যাল ড্রাম, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, জেনারেটর, প্রয়োজনীয় সব যন্ত্রপাতি ও পরিচ্ছন্ন পরিবেশ থাকার বিধান রয়েছে। কিন্তু দুই থেকে তিনটি ক্লিনিক ছাড়া অধিকাংশ ক্লিনিকেই এসব সুবিধা নেই। এর মধ্যে শহরের দিপা, মুক্তার শেখ, পাটোয়া, হামিদা, মধুপুর, রোগমুক্তি, নর্থ বেঙ্গল ও হলি কেয়ার ক্লিনিকে সার্বক্ষণিক কোনো চিকিৎসক নেই। এর বাইরে যেসব ক্লিনিক সরকারি খাতায় সার্বক্ষণিক চিকিৎসক দেখিয়ে অনুমোদন নিয়েছে, সেসব ক্লিনিকেও কখনো চিকিৎসক পাওয়া যায় না।নাম প্রকাশ না করার শর্তে সিভিল সার্জন কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, পাবনা শহরে যেসব ক্লিনিক রয়েছে, সেগুলোর একটিও সরকারি অনুমোদন পাওয়ার যোগ্য নয়। দু-একটি ছাড়া কোনো ক্লিনিকেই সার্বক্ষণিক চিকিৎসক ও সেবিকা নেই। গ্রামগঞ্জ থেকে আয়া এনে সেবিকার কাজ করানো হয়। একটি ক্লিনিকেরও পরিবেশ স্বাস্থ্যসম্মত নয়। একশ্রেণীর অসাধু ব্যক্তি এসব ক্লিনিক চালাচ্ছেন। ব্যবসায়িক স্বার্থ হাসিলই তাঁদের মূল উদ্দেশ্য। নামে ও বেনামে অনেক ক্লিনিকের সঙ্গে জেনারেল হাসপাতালের চিকিৎসকদের মালিকানা রয়েছে। ফলে এসব চিকিৎসক হাসপাতালের পরিবর্তে বাইরের প্যাথলজি ও ক্লিনিকে যাওয়ার জন্য রোগীদের উৎসাহিত করেন।অনুসন্ধানে জানা গেছে, এসব ক্লিনিকের সঙ্গে জেনারেল হাসপাতালের চিকিৎসকদের চুক্তি রয়েছে। কোনো বিশেষ অস্ত্রোপচারের সময় তাঁরা এসে তা করে দিয়ে যান। এসব ক্লিনিকের নিজস্ব কোনো ভবন নেই। আবাসিক ভবনের এক বা একাধিক ফ্লোর ভাড়া নিয়ে এগুলো তৈরি করা হয়েছে।এসব ক্লিনিকে রোগী সংগ্রহে রয়েছে নানা কৌশল। একটি ক্লিনিকের প্রতিনিধি হাফিজুর রহমান জানান, ক্লিনিকের নিজস্ব প্রতিনিধিরা গ্রামগঞ্জ ঘুরে হাতুড়ে চিকিৎসক, স্বাস্থ্য পরিদর্শক ও ওষুধের দোকানের সঙ্গে রোগী সংগ্রহের চুক্তি করেন। তাঁদেরই পরামর্শে রোগীরা ক্লিনিকগুলোতে ভর্তি হয়। এতে রোগীর ধরন অনুযায়ী তাঁদের কমিশন দেওয়া হয়। পাবনার ৫১টি ক্লিনিকের হয়ে দুই শতাধিক প্রতিনিধি গ্রামে গ্রামে রোগী সংগ্রহের কাজ করেন। আবার জেনারেল হাসপাতালের কিছু চিকিৎসক নিয়মিতভাবে এসব ক্লিনিকে রোগী সরবরাহ করেন। তাঁদের কাছে কোনো রোগী চিকিৎসা নিতে গেলে নির্ধারিত ক্লিনিকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। আর চিকিৎসকের সূত্রে কোনো ক্লিনিকে রোগী ভর্তি হলে এতে চিকিৎসকও একটা কমিশন পেয়ে থাকেন।নাম প্রকাশ না করার শর্তে শহরের শালগাড়িয়া এলাকার এক ক্লিনিকের মালিক জানান, পাবনায় ক্লিনিক ব্যবসায় এক নীরব প্রতিযোগিতা চলছে। রোগীরা নিজের ইচ্ছায় কখনো ক্লিনিকে আসতে চায় না। তাই গ্রাম্য চিকিৎসক, স্বাস্থ্য পরিদর্শক ও ওষুধের দোকানদারদের কমিশন দিয়ে রোগী সংগ্রহ করতে হয়। তিনি আরও জানান, ছয় থেকে ১৫ হাজার টাকা চুক্তিতে ক্লিনিকগুলোতে সিজার ডেলিভারি করানো হয়। এই টাকার একটা ভাগ রোগী সংগ্রহকারীকে দেওয়া হয়।শহরের ইছামতী ক্লিনিকের মালিক মো. আবদুর রহমান বলেন, ক্লিনিকগুলো সম্পর্কে যা শুনেছেন তা পুরোটা মিথ্যা নয়। রোগী সংগ্রহের প্রতিযোগিতা করতে গিয়ে অধিকাংশ ক্লিনিকই এ ধরনের কাজ করছে। তারা ক্লিনিকের পরিবেশ ভালো না করে ব্যবসায়িক স্বার্থটাই বেশি দেখে।সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবদুস সালাম বলেন, ‘পাবনা জেনারেল হাসপাতালের অধিকাংশ চিকিৎসক ক্লিনিক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁরা বিনা প্রয়োজনে রোগীদের বিভিন্ন প্যাথলজিতে টেস্ট করান বলেও আমাদের কাছে অভিযোগ রয়েছে।’