ক্লিনিকগুলোয় সেবা নিয়ে প্রশ্ন
বেশ কয়েকটি বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে গিয়ে দেখা গেছে, নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।২৬ এপ্রিল শহরের আরকে সড়কের টেক্সটাইল মোড়ে অবস্থিত ‘রোগমুক্তি’ ক্লিনিকের বেহালদশা সরেজমিনে দেখা যায়। ক্লিনিকের অস্ত্রোপচারকক্ষে অস্ত্রোপচার টেবিলের ওপর ছড়িয়ে-ছিটিয়ে আছে যন্ত্রপাতি। দেয়ালে শেওলা পড়েছে। কক্ষের অটোক্লেপ যন্ত্রটি মরিচায় কালো হয়ে গেছে। এমন যন্ত্রে কাজ করলে যেকোনো সময় তা ফেটে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করেছেন চিকিৎসকেরা।নাম প্রকাশ না করার শর্তে ক্লিনিক সূত্রে জানা গেছে, এখানকার অগ্নিনির্বাপক যন্ত্রগুলোর মেয়াদ দুই বছর আগেই শেষ হয়েছে। এর পরও যন্ত্রগুলো শুধু শুধু দেয়ালে শোভা পাচ্ছে। এদিকে ক্লিনিকের স্বত্বাধিকারী খলিলুর রহমান অভিযোগগুলো প্রসঙ্গে কোনো কথা বলতে অস্বীকৃতি জানান।এদিকে ধাপ এলাকার মহানগর ক্লিনিক, আরকে রোডের ন্যাশনাল ক্লিনিক, বাসটার্মিনালে জনসেবা ক্লিনিক, আরোগ্য ক্লিনিক, নিউ মুক্তি ক্লিনিক, রয়েল ক্লিনিকসহ আরও বেশ কয়েকটি ক্লিনিকে দেখা গেছে অস্বাস্থ্যকর পরিবেশ। অন্যদিকে ক্লিনিকগুলোতে সার্বক্ষণিক সেবা দেওয়ার কথা থাকলেও রোগীরা চিকিৎসকদের তেমন একটা পায় না বলে অভিযোগ রয়েছে। প্রতিটি ক্লিনিকে নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ও নার্স থাকার কথা থাকলেও কার্যত তা দেখা যায় না। তাই প্রয়োজনের সময় রোগীদের ভোগান্তি পোহাতে হয়।সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, প্রতিটি ক্লিনিকের লাইসেন্স দেওয়ার সময় বিধিনিষেধ মেনে চলার কথা বলা হলেও অধিকাংশ প্রতিষ্ঠান তা মেনে চলে না। ছোট একটি কক্ষে একটি শয্যা থাকার কথা থাকলেও প্রতিটি ক্লিনিকেই বসানো হয়েছে একাধিক শয্যা। অভিযোগ রয়েছে, ক্লিনিকগুলোতে অস্ত্রোপচার করাতে প্রাথমিক পর্যায়ে যে টাকার কথা বলা হয়, পরবর্তী সময়ে তা দ্বিগুণ হয়ে যায়। আবার কখনো কখনো দ্বিগুণেরও বেশি পড়ে যায়।এ ব্যাপারে ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক সামসুর রহমান বলেন, সেবার মান ও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সমিতির পক্ষ থেকে গত ফেব্রুয়ারি মাসে ক্লিনিকগুলোতে চিঠি পাঠানো হয়েছে, তবে সেবার মান ঠিক আছে কি না, তা দেখার দায়িত্ব পুরোপুরি সিভিল সার্জনের।