ক্লিনিকে বসেই ফেনসিডিল সেবন করছিলেন চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার একজন সরকারি চিকিৎসা কর্মকর্তা ওমর ফারুক। খুলনা নগরে রয়েছে তাঁর নিজের চিকিৎসাসেবা প্রতিষ্ঠান মমতাজ ক্লিনিক। গত সোমবার রাতে সেই ক্লিনিকের অস্ত্রোপচার কক্ষে বসে তিনি ফেনসিডিল খাচ্ছিলেন। এ সময় সেখানে গিয়ে হাজির মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। ফেনসিডিলসহ আটক হন ওমর ফারুক। মাদক সেবন ও রাখার কাজে সহায়তার অভিযোগে ওই ক্লিনিকের ব্যবস্থাপক নাসিমা আক্তার ওরফে নাসু, ওয়ার্ডবয় সোহেল সরদার ও মনিরুল ইসলামকে আটক করা হয়।খুলনার সিভিল সার্জন আবদুল হান্নান বলেন, ওমর ফারুক দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা ছিলেন। নানা কারণে প্রায় তিন বছর ধরে তিনি সাময়িক বরখাস্ত রয়েছেন।মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) টিপু সুলতান প্রথম আলোকে বলেন, সোমবার রাত নয়টার দিকে ডিবির একটি দল খুলনা নগরের রায়পাড়া এলাকায় মমতাজ ক্লিনিকে অভিযান চালায়। এ সময় ওমর ফারুক অস্ত্রোপচার কক্ষে বসে ফেনসিডিল খাচ্ছিলেন। পরে ওই কক্ষে তল্লাশি চালিয়ে একটি পলিপ্যাক থেকে ৮০০ গ্রাম ও দুটি প্লাস্টিকের বোতল থেকে ২০০ গ্রাম ফেনসিডিল উদ্ধার করা হয়। ওমর ফারুক পুলিশকে জানান, ক্লিনিকের ওয়ার্ডবয় সোহেল ও মনিরুলের মাধ্যমে সাতক্ষীরা থেকে তিনি এই ফেনসিডিল আনিয়েছেন।আটকের পর ওমর ফারুক সাংবাদিকদের কাছে স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে ফেনসিডিলসহ মাদকদ্রব্য সেবনে আসক্ত। সম্প্রতি এই আসক্তি কাটাতে চেষ্টা করছিলেন বলে তিনি দাবি করেন।খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনির উল গিয়াস জানান, গতকাল মঙ্গলবার দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই সোয়েব হোসেন বাদী হয়ে ওমর ফারুকসহ আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই আমিরুল ইসলাম জানান, গতকালই তাঁদের এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। হাকিম মো. বারেকুজ্জামান তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আজ (বুধবার) একই আদালতে চারজনের জামিনের আবেদনের ব্যাপারে শুনানি হবে।মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. মামুন খান বলেন, ওমর ফারুক মাদকদ্রব্য সেবন ও বিক্রি করে আসছিলেন। কিন্তু উপযুক্ত তথ্যপ্রমাণ না থাকায় তাঁকে আটক করা যাচ্ছিল না। ওই ক্লিনিকের ওপর নজর রেখে তাঁর কাছে মাদকদ্রব্য থাকার বিষয়ে নিশ্চিত হয়ে তাঁকে আটক করা হয়।মামুন খান বলেন, সবার সন্দেহের বাইরে থাকতে তিনি নিজের ক্লিনিককে ফেনসিডিল বিক্রির স্থান হিসেবে বেছে নেন। ওই ক্লিনিকে ফেনসিডিল মজুদ রেখে চাহিদা মাদকসেবীদের মতো বিক্রি করা হতো। এমনকি ক্লিনিকের নির্দিষ্ট কক্ষে বসে খাওয়ার ব্যবস্থাও ছিল। ওমর ফারুকের মা মমতাজ বেগম প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলে মাদক ব্যবসায়ী নয়। কয়েক বছর আগে কয়েকজন বন্ধুর পাল্লায় পড়ে ওসব বাজে জিনিস খাওয়া শুরু করে। শারীরিক অসুস্থতার কারণে কয়েক মাস ধরে সে ওসব ছাইপাঁশ সেবন কমিয়ে দিয়েছিল।’ মমতাজ বেগম জানান, ফারুক রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। এমবিবিএস পরীক্ষায় ওমর ফারুক তৃতীয় হয়েছিলেন বলে তিনি জানান।খুলনা গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আবু সায়েম বলেন, শুধু এই চিকিৎসক নন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল ও শিশু হাসপাতালের বেশ কয়েকজন নামীদামি চিকিৎসক ফেনসিডিলের মতো মাদকদ্রব্যে আসক্ত। কিন্তু তাঁদের সামাজিক অবস্থান মজবুত থাকায় পুলিশ কিছু করতে পারছে না।