ক্ষতি পুষিয়ে দেওয়ার আশ্বাসে ঊর্ধ্বমুখী বাজার
দেশের পুঁজিবাজারে আজ বৃহস্পতিবার ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দুই বাজারেই আজ লেনদেন হওয়া প্রায় সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচকের উল্লম্ফন দেখা গেছে। একই সঙ্গে লেনদেনও বেড়েছে দুই বাজারে। বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার আশ্বাসে আজ বাজারে ইতিবাচক প্রভাব দেখা যায়। পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে গঠিত বিশেষ স্কিম কমিটি গতকাল এই সুপারিশ করেছে। এ বিষয়ে গতকাল অর্থমন্ত্রী বলেছেন, ১০ দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।শেয়ারবাজারে ঋণ নিয়ে বিনিয়োগ করে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের এক বছরের সুদের ৫০ শতাংশ পর্যন্ত মওকুফ করার সুপারিশ করেছে স্কিম কমিটি। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতি পুষিয়ে দিতে গণপ্রস্তাব বা আইপিওতে ২০ শতাংশ কোটা সংরক্ষণেরও প্রস্তাব করা হয়েছে সুপারিশে। এ বিষয়টিই বাজারে ইতিবাচক প্রভাব ফেলে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২.৮৬ শতাংশ বা ১২১.৫০ পয়েন্ট বেড়ে ৪,৩৬৭.৮১ পয়েন্টে দাঁড়িয়েছে।এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়, যা সারাদিনই অব্যাহত ছিল।দিন শেষে ডিএসইতে মোট ২৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪৯টিরই দাম বেড়েছে, কমেছে নয়টির আর অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে আজ মোট ৩২৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১১৪ কোটি টাকা বেশি।ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—বেক্সিমকো, এনবিএল, গ্রামীণফোন, লংকাবাংলা ফিন্যান্স, আরএন স্পিনিং, ঢাকা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ইউনাইটেড এয়ার, বেক্সিমকো ফার্মা ও সামিট পাওয়ার।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৩২৭.৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১২৫৯৮.৫২ পয়েন্টে। সিএসইতে লেনদেন হওয়া ১৮২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭৩টিরই দাম বেড়েছে। কমেছে ছয়টির আর অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩৭ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে নয় কোটি টাকা বেশি।