ক্ষতি মোকাবিলায় বিশ্বব্যাংকের সম্পৃক্ততায় আপত্তি নেই: পরিবেশমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় কারিগরি সহযোগিতার ক্ষেত্রে বিশ্বব্যাংকের সম্পৃক্ততায় বাংলাদেশের আপত্তি নেই বলে জানিয়েছেন বন ও পরিবেশমন্ত্রী হাসান মাহমুদ। তবে বিশ্বব্যাংকের মাধ্যমে অর্থ প্রেরণের শর্ত থেকে সরে এসেছে ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন। গতকাল মঙ্গলবার লন্ডনের পররাষ্ট্র ও কমনওয়েলথ অফিসে এক সংবাদ সম্মেলনে বন ও পরিবেশমন্ত্রী আরও বলেন, উন্নত বিশ্বই যেহেতু জলবায়ু পরিবর্তনের ক্ষতির কারণ, তাই এ ক্ষতি মোকাবিলার দায়ভারও উন্নত বিশ্বকেই নিতে হবে। জলবায়ু পরিবর্তনে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের ৩০ লাখ মানুষের গৃহহীন হওয়ার যে সম্ভাবনা দেখা দিয়েছে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এ সংখ্যা আরও বাড়বে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দেশব্যাপী সরকারের বনায়ন কর্মসূচিতে স্থানীয় সরকারের পাশাপাশি সাংসদদের অন্তর্ভুক্তি কতটা যৌক্তিক, এ প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী প্রথম আলোকে জানান, সাংসদদের শুধু ২৫ হাজার চারা রোপণের স্থান নির্বাচনের জন্য সম্পৃক্ত করা হয়েছে। এ প্রক্রিয়ায় উপজেলা চেয়ারম্যান বা স্থানীয় প্রশাসনের ভূমিকাকে কোনো অংশে খাটো করে দেখা হচ্ছে না। বরং এতে স্থানীয় সরকারের সঙ্গে সাংসদেরাও তাঁদের নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় ব্রিটেন ইতিমধ্যে বাংলাদেশকে ৭৫ মিলিয়ন পাউন্ড সাহায্য দিয়েছে। সেই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন সাড়ে আট মিলিয়ন ও ডেনমার্ক ১০ মিলিয়ন ইউরো নতুন অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশকে।উল্লেখ্য, সম্প্র্রতি কোপেনহেগেনে বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের উত্থাপিত প্রস্তাবের বাস্তবায়ন ত্বরান্বিত করতে ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ অফিসের আমন্ত্রণে জলবায়ু পরিবর্তনবিষয়ক এক বৈঠকে যোগ দিতে পরিবেশমন্ত্রী ব্রিটেন সফরে এসেছেন। সফরকালে হাসান মাহমুদ ডিএফআইডি মন্ত্রী মাইক ফস্টার ও ব্রিটিশ পরিবেশমন্ত্রী অ্যাডমিলি ব্যান্ডের সঙ্গে সাক্ষাত্ করেন।