ক্ষতিকর খাদ্যপণ্য প্রবেশে নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ফরমালিন ও কেমিক্যালযুক্ত খাদ্যপণ্য প্রবেশ বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, পরীক্ষার পর এসব খাদ্যদ্রব্য প্রবেশ করতে পারবে। এর আগে আমদানি করা এসব পণ্য বন্দরে পরীক্ষা করে নিশ্চিত হতে হবে, এতে ফরমালিনসহ ক্ষতিকর উপাদান নেই। বিবাদীদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। এক আবেদনের (রিট) শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে আদালত খাদ্যে ফরমালিনসহ রাসায়নিক দ্রব্য রয়েছে কি না, তা শনাক্ত করতে প্রয়োজনীয় সরঞ্জাম বাজারগুলোতে সরবরাহ করার নির্দেশ দিয়েছেন, যাতে ক্রেতাদের উপস্থিতিতে খাদ্যদ্রব্য পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায়। ফরমালিনসহ রাসায়নিক দ্রব্য খাদ্যে মেশানোর নেতিবাচক দিকগুলো সম্পর্কে ১৫ দিনের মধ্যে গণমাধ্যমে প্রচারণামূলক কার্যক্রম শুরু করতে বলা হয়েছে। নির্দেশনা-কার্যক্রম গ্রহণ করে এক মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। ফরমালিনযুক্ত খাদ্য আমদানি, বাজারজাতকরণ ও বিপণন বন্ধের নির্দেশনা চেয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক মো. হেলাল উদ্দিন গত সোমবার আদালতে আবেদন করেন। মঙ্গলবার শুনানি নিয়ে আজ আদেশের দিন ধার্য করেন আদালত। আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী এ এম আমিন উদ্দিন, ইকবাল কবির ও খায়রুল আলম মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার। শুনানি নিয়ে আদালত ওই নির্দেশনার পাশাপাশি রুলও জারি করেন। খাদ্যে ফরমালিন ও অন্যান্য কেমিক্যালের ব্যবহার রোধে বিবাদীদের কেন ব্যর্থ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। ফরমালিনের আমদানি ও বিপণন নিয়ন্ত্রণ এবং বাজারে কেমিক্যালমুক্ত পণ্য বিক্রি নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। বাণিজ্যসচিব, পরিবেশসচিব, স্বাস্থ্যসচিব, শিল্পসচিব, মত্স্যসচিবসহ ২১ জন বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবার দিতে বলা হয়েছে। আদেশের বিষয়ে পরে ইকবাল কবির বলেন, আদালত ৩০ দিনের মধ্যে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে থাকা বাজারগুলোতে ফরমালিন পরীক্ষার সামগ্রী সরবরাহ করতে নির্দেশ দিয়েছেন। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১৫ জানুয়ারি।