ক্ষতিকর পান সুপারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা সময় ছিল, যখন পান দিয়ে অতিথি আপ্যায়ন এ দেশে একটা রেওয়াজে পরিণত হয়েছিল। আবার কেউ হয়তো কখনোই পান খান না কিন্তু দাওয়াত খাওয়ার পর তিনিও এক খিলি পান মুখে নিয়ে দিব্যি ঘুরে বেড়ান। নেশা কিংবা শখের বসে পান-সুপারি এড়িয়ে চলাই ভালো। কেন এড়িয়ে চলা? আসুন এবার জেনে নেওয়া যাক ব্যাপক জনপ্রিয় এই পান-সুপারির ক্ষতিকর দিকগুলো। পানে আছে টারফেনলস। এই পান খাওয়ার জন্য ঠোঁট ও জিহ্বায় দাগ পড়ে। কোনো কোনো ক্ষেত্রে এই দাগ স্থায়ী হয়ে বসে যায়। জর্দা ছাড়া শুধু সুপারি দিয়ে পান খান অনেকেই। তাইওয়ানের এক গবেষণায় দেখা গেছে, সুপারি নিজে ক্যানসার সৃষ্টিকারী উপাদান। আর সুপারি খেলে তাৎক্ষণিক যেসব সমস্যা দেখা দেয় তা হলো: রক্তচাপ বেড়ে যেতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, এ ছাড়া নাড়ির স্পন্দন বেড়ে গিয়ে অস্থিরতারও সৃষ্টি হতে পারে। আর পানের সঙ্গে যে চুন খাওয়া হয়, সেটি হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এ ছাড়া চুনে আছে প্যারা অ্যালোন ফেনল, যা মুখে আলসার তৈরি করতে পারে। আর যাঁরা পানের সঙ্গে জর্দা ব্যবহার করেন, তাঁদের জন্য ক্যানসার গবেষণায় আন্তর্জাতিক সংস্থা আইএআরসি দিয়েছে ভয়াবহ তথ্য। যাঁরা পানের সঙ্গে নিয়মিত তামাকজাতীয় দ্রব্য গ্রহণ করেন, তাঁদের সাধারণের চেয়ে পাঁচ গুণ বেশি সম্ভাবনা থাকে ওরাল ক্যানসারের রোগী হওয়ার। পানের সঙ্গে অনেকেই খয়ের খান। এটাও ক্ষতিকর। সত্যি কথা বলতে কি, এমনিতেই আমাদের দুঃখ-কষ্টের অভাব নেই। তার পরও জেনে-বুঝে পান-সুপারির মতো ক্ষতিকর বস্তুটি খেয়ে রোগকে আবার ডেকে আনা কেন। সিদ্ধার্থ মজুমদার