ক্ষতিগ্রস্ত ট্রেনের কর্মকর্তা ও স্থানীয়দের সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে ট্রেনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জেলা প্রশাসনের চার সদস্যের তদন্ত দল গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেছে। এদিকে ঢাকার পুলিশ সদর দপ্তর থেকে সিকিউরিটি সেল বা নিরাপত্তা শাখার একটি উচ্চপর্যায়ের তদন্ত দল গতকাল সিরাজগঞ্জে তদন্তে গেছে। তদন্ত দলের প্রধান সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক রঞ্জন অধিকারীর কার্যালয়ে এই সাক্ষ্য গ্রহণ চলে। সেখানে ম্যাজিস্ট্রেট ছাড়াও কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন সাঈদী, রেলওয়ের পরিবহন কর্মকর্তা শহিদুল ইসলাম ও সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল কুমার চাকী উপস্থিত ছিলেন।তদন্ত কমিটি প্রথমে ক্ষতিগ্রস্ত ‘দ্রুতযান’ আন্তনগর ট্রেনটির পরিচালক জে এন মুখার্জি, টিটিই (টিকিট পরিদর্শক) নুরুল ইসলাম-২, অ্যাটেনডেন্ট দুলাল মিয়া, আবদুল হাই, ফজলুল হক, ইব্রাহীম হোসেন ও সেকেন্দার আলী, জিআরপি পুলিশের সহকারী উপপরিদর্শক মো. সাইদুর রহমান, মো. মাহবুবুর রহমান ও হাবিলদার উজ্জ্বল অধিকারীর সাক্ষ্য গ্রহণ করে। তাঁরা সবাই লিখিতভাবে তদন্ত কমিটির কাছে বক্তব্য ও সাক্ষ্য দেন। পরে সয়দাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য ও এলাকাবাসীর সাক্ষ্য গ্রহণ করা হয়।দুপুরের পর সয়দাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মমিনের নেতৃত্বে ১০-১২ জন স্থানীয় বাসিন্দা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এসে স্বেচ্ছায় সাক্ষ্য দেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক রঞ্জন অধিকারী সাক্ষ্য গ্রহণের কথা নিশ্চিত করেন। তবে তদন্তের স্বার্থে তিনি কোনো তথ্য প্রকাশ করেননি।তদন্ত দলের আরেক সদস্য জিআরপি থানার ওসি বিমল চন্দ্র বলেন, যেকোনো উদ্দেশ্যে ট্রেনের বগি ও ইঞ্জিনে আগুন দেওয়া হয়ে থাকতে পারে। আগুন দেওয়ার জন্য তেলজাতীয় বা কোনো দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছে কি না, এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ ব্যাপারে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে আগুন লাগানোর বিষয়টি উদ্ঘাটন করতে উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ প্রয়োজন। বিশেষজ্ঞরাই এটি বের করতে পারবেন।অন্যদিকে ঢাকার পুলিশ সদর দপ্তরের নিরাপত্তা শাখা থেকে পুলিশের সহকারী উপমহাপরিদর্শক (এআইজি) মো. আলমগীর আলম ও সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. নেসার আহমেদের সমন্বয়ে দুই সদস্যের তদন্ত দল গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে। পরিদর্শনের পর তাঁরা সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করেননি। তবে একটি সূত্রে জানা গেছে, তাঁরা ওই গণজমায়েতের অনুমতির বিষয়গুলো পরীক্ষা করে দেখছেন। পরিদর্শন শেষে তাঁরা নাটোরের উদ্দেশে রওনা হন।গত ১১ অক্টোবর সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকার মূলীবাড়ী রেলগেটসংলগ্ন মাঠে ছাত্রদল আয়োজিত ছাত্র গণজমায়েত চলার সময় ট্রেনে কাটা পড়ে ছয়জনের মৃত্যু হয়। এ সময় বিক্ষুব্ধ ব্যক্তিরা ট্রেনের ১১টি বগিতে আগুন লাগিয়ে দেন। এই ঘটনায় এ পর্যন্ত সাতটি মামলা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়।