আইলা সংহতি মঞ্চের নেতারা বলেছেন, আইলায় ক্ষতিগ্রস্ত দাকোপ উপজেলার কামারখোলা ও সুতারখালী ইউনিয়নের প্রায় ৬০ হাজার মানুষ এখনো খোলা আকাশের নিচে বেড়িবাঁধের ওপর মানবেতর জীবনযাপন করছে। আইলার পর প্রায় এক বছর অতিবাহিত হলেও কামারখোলা ও সুতারখালী ইউনিয়নে ক্লোজার ও বেড়িবাঁধ নির্মাণ করা সম্ভব হয়নি। সরকার ও এনজিও এযাবৎ হাজার কোটি টাকা বরাদ্দ করলেও স্থানীয় দুর্নীতিবাজ চেয়ারম্যান ও সদস্যরা প্রতিটি প্রকল্প থেকে পুকুর চুরি করে তাঁদের আখের গোছানোর কাজে ব্যস্ত। ২ এপ্রিল দাকোপ উপজেলার কামারখোলা ইউনিয়নের কালীনগর বাজারে আইলা সংহতি মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় বক্তারা এ কথা বলেন। কৃষ্ণপদ হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হরষিত রায়, গৌরাঙ্গ প্রসাদ রায়, চিত্তরঞ্জন, বিশ্বজিৎ মণ্ডল, অনিল বৈরাগী, রবিউল ইসলাম, আসাবুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, দীর্ঘ এক বছরের মধ্যে এই দুর্গত এলাকার মানুষকে খেয়ে-পরে বাঁচিয়ে রাখার জন্য সরকার ও স্থানীয় ১০-১২টি এনজিও কোটি কোটি টাকা বরাদ্দ করলেও জনপ্রতিনিধিদের মাধ্যমে সব কাজ হওয়ায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে।