ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা পড়াশোনা চালিয়ে যেতে পারবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ে ইউরোপের বাইরের দেশের শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বাতিল করে ইউকে বর্ডার এজেন্সির (ইউকেবিএ) দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি দিয়েছেন দেশটির হাইকোর্ট। গত শনিবার দেওয়া আদেশে আদালত বলেন, লাইসেন্স বাতিল করার সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত বিদেশি শিক্ষার্থীরা স্বাধীনভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন।বিচারপতি রিচার্ড গর্ডন ও বিচারপতি ইরউইন ইউকেবিএর সিদ্ধান্ত সাময়িক স্থগিত করার আদেশ দিয়ে বলেন, ইউরোপের বাইরের দেশের শিক্ষার্থীদের লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ে ভর্তির অনুমতি বাতিল করার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা মামলাটি পুনর্মূল্যায়নের যথেষ্ট প্রয়োজন রয়েছে।হাইকোর্টের রায়ের পর ইউকেবিএ জানায়, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রকৃত বিদেশি শিক্ষার্থীরা তাঁদের কোর্স শেষ না হওয়া পর্যন্ত পড়াশোনার সুযোগ পাবেন। তবে তাঁরা ইউকেবিএর সব নিয়ম মেনে চলতে বাধ্য থাকবেন। যেসব শিক্ষার্থী অবৈধ হয়ে পড়েছেন বা আইন মেনে চলছেন না, তাঁদের এ দেশে থাকার সুযোগ নেই।এদিকে গত সপ্তাহে যুক্তরাজ্যের সরকার ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তার জন্য পূর্বঘোষিত টাক্সফোর্স গঠনের মাধ্যমে ২০ লাখ পাউন্ড অর্থ জোগান দিয়েছে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ পান। গত মাসের শেষ দিকে ইউকেবিএ বিশ্ববিদ্যালয়টিতে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির যোগ্যতা বাতিল করায় প্রায় দুই হাজার ৫০০ বিদেশি শিক্ষার্থীর শিক্ষাজীবন হুমকির মুখে পড়ে।হাইকোর্টের নির্দেশনার পর লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গিলিয়েস বলেন, ইউকেবিএর সিদ্ধান্তে অনিশ্চয়তার মধ্যে পড়া শিক্ষার্থীদের জন্য হাইকোর্টের এই আদেশ খুব আনন্দের। মামলাটি খুব গুরুত্বপূর্ণ, যা থেকে অনেকেই শিক্ষা নিতে পারবেন। এদিকে সঠিক হিসাব পাওয়া না গেলেও প্রায় ৩০০ বাংলাদেশি শিক্ষার্থী এ বিশ্ববিদ্যালয়ে রয়েছেন। এলএলবি দ্বিতীয় বর্ষে পড়া ছাত্র সাহাদাত হোসেন প্রথম আলোকে জানান, ‘২০০৯ সালে যুক্তরাজ্যের যে কলেজে পড়তে এসেছিলাম, ক্লাস শুরু হতে না হতেই সেটার লাইসেন্স বাতিল হয়। লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও সমস্যায় পড়লাম। আদালত আমাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়ায় টিকে গেলাম।’ কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, ‘চরম অনিশ্চয়তার মধ্যে হাইকোর্টের আদেশ আমাদের আশার আলো দিয়েছে।’