ক্ষতিগ্রস্ত সেন্দাই থেকে টোকিও ফিরলেন ৫২ বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ ও সক্রিয় সহায়তায় ৫২ জন বাংলাদেশি দুর্যোগকবলিত সেন্দাই শহর থেকে টোকিও ফিরে এসেছেন। দূতাবাস কর্মকর্তাদের একটি দল গতকাল সোমবার ভোরে ভাড়া করা একটি বাস নিয়ে ভূমিকম্প ও সুনামির আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মিয়াগি জেলার সেন্দাই শহরে যায়। যথেষ্ট ঝুঁকি নিয়ে এবং কষ্ট করেই তাদের যেতে হয়, কারণ উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগ এখনো পুরোপুরি চালু হয়নি। আর সেখানে যেতে বাসচালকদের রাজি করানো যথেষ্ট কষ্টসাধ্য।দূতাবাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সেন্দাই শহরে তাঁরা মোট ৮২ জন বাংলাদেশির সাক্ষাৎ পেয়েছেন। তাঁদের অনেকেই শুক্রবারের ভূমিকম্পের পর থেকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছিলেন। তাঁরা তাঁদের সবার সঙ্গে আলোচনা করেন এবং যাঁরা টোকিওতে যেতে ইচ্ছুক, নিয়ে যাওয়ার ব্যবস্থা সম্পর্কে তাঁদের জানান। ৮২ বাংলাদেশির মধ্যে ৫২ জন টোকিও ফিরে এসেছেন। বাকি ৩০ জন পারিবারিক ও অন্যান্য কারণে সেন্দাইতেই থেকে যান।টোকিওতে ফিরে আসা বাংলাদেশিদের থাকার ব্যবস্থা করতে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সম্প্রদায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কয়েকজন বন্ধু ও পরিচিতদের আশ্রয়ে উঠছেন। শুক্রবারের পর থেকে আশ্রয়শিবিরে কাটানো বাংলাদেশিদের অনেককেই কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়। রাতে শীতের প্রচণ্ডতার মধ্যে বিদ্যুতের অভাবে হিটার চালু করতে না পারায় অনেকেই অসুস্থ হয়ে পড়েন। সেন্দাই শহর এখনো ধ্বংসস্তূপের আকার নিয়ে দাঁড়িয়ে আছে। খাদ্য ও পানীয়ের সমস্যা সেখানে প্রকট।পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুতের সম্ভাব্য ঘাটতি পূরণ করে নিতে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি গতকাল সকাল থেকে লোডশেডিংয়ের ঘোষণা দিয়েছিল। গতকাল কিছুটা দেরিতে লোডশেডিং করা হয়। বিদ্যুৎ কোম্পানি এখন বলছে, মোট ঘাটতি আগের হিসাবের চেয়ে কম। এ কারণে সকাল থেকে লোডশেডিং করার প্রয়োজন হবে না। বিদ্যুৎ কোম্পানির পরিবর্তিত সিদ্ধান্ত সত্ত্বেও টোকিওতে গতকাল সকালে রেল চলাচল সেবাব্যবস্থা অনেকাংশেই অচল হয়ে পড়ে।জাপানের অগ্নি ও দুর্যোগব্যবস্থাপনা সংস্থার হিসাবে দেখা যায়, ভূমিকম্প ও সুনামিতে সম্পূর্ণ বা আংশিকভাবে বিধ্বস্ত ভবনের সংখ্যা ৬৩ হাজার ২৫০টি। এসব ভবনের বেশির ভাগই মিয়াগি, ফুকুশিমা ও ইওয়াতে জেলায়। এর বাইরে উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূল এলাকায় আরও কয়েক হাজার বাড়িঘর সুনামির ঢেউ ভাসিয়ে নিয়ে গেছে। কোনো কোনো বাসভবনের শুধু কংক্রিটের ভিতটি দাঁড়িয়ে আছে এবং আসবাব ও অন্যান্য সামগ্রীসহ পুরো বাড়ি স্রোতের তোড়ে সমুদ্রে হারিয়ে গেছে।যারা বাইরে অবস্থান করার কারণে প্রাণে বেঁচে গেছে, তারা তিন দিন আগে কোন ঠিকানায় অবস্থান করেছিল, তা খুঁজে বের করাও বেশ কষ্টকর। বাড়ি তো কেবল বসবাসের ঠিকানা নয়। এর সঙ্গে আরও জড়িয়ে থাকে মানুষের জীবনের দীর্ঘ সময়ের স্মৃতি, যার প্রতীকী চিহ্ন হচ্ছে পুরোনো অ্যালবাম, বিভিন্ন সময়ে পাওয়া উপহার, সংগ্রহের বইসহ নানা রকম শখের সামগ্রী। এর সবটাই যারা হারিয়েছে, তারা শুধু কংক্রিটের ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে নীরবে চোখের জল ফেলছে। দুর্যোগ কেবল জীবনকে দুর্বিষহ করে তোলেনি, সেই সঙ্গে হাতড়ে নিয়ে গেছে স্মৃতিময় সবকিছু।জাপানের সাম্প্রতিক এই দুর্যোগের সমাপ্তি মনে হয় এতেই নয়। আবহাওয়া বিভাগ বলছে, চলতি সপ্তাহের শেষদিকের মধ্যে সাত কিংবা আরও বেশি মাত্রার ভূমিকম্প আঘাত হানার আশঙ্কা ৭০ শতাংশ। সে রকম কিছু হলে ক্ষয়ক্ষতি আরও কিছুটা বেশি হবে। কেননা, শুক্রবারের প্রচণ্ড ভূমিকম্প ও পরবর্তী একাধিক কম্পনে বিভিন্ন ভবনের সহ্য ক্ষমতা ইতিমধ্যে কিছুটা দুর্বল হয়ে পড়েছে। সে রকম এক দুর্দিনের আশঙ্কায় ঘরে পর্যাপ্ত খাবার ও পানির মজুদ নিশ্চিত করতে অনেকেই সুপারমার্কেটে কেনাকাটা বাড়িয়ে দিয়েছেন। একটু বিলম্বে দোকানে উপস্থিত হলে এখন তাই দেখা মেলে না রুটি, ফল, পানি ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর।