ক্ষতিগ্রস্তদের অনশন কর্মসূচি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাবি মেনে নেওয়ায় দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা অনশন কর্মসূচি প্রত্যাহার করেছে। ক্ষতিগ্রস্তদের ৩০ জুনের মধ্যে ভূমি অধিগ্রহণ, নতুনভাবে ক্ষতিগ্রস্ত বাড়িঘরের ক্ষতিপূরণ প্রদান এবং ৩১ মার্চের মধ্যে যোগ্যতা অনুযায়ী চাকরি প্রদানের শর্তে অনশন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে অনশনকারীরা। আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে দিনাজপুর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মকবুল হোসেন অনশনরত গ্রামবাসীকে ফলের রস পান করিয়ে অনশন ভাঙান। এতে গত বুধবার থেকে চলা অনশন কর্মসূচির অবসান ঘটল। এর আগে আজ বিকেল সাড়ে চারটার দিকে খনির ট্রেনিং সেন্টারের হল রুমে এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে খনি ও সরকার পক্ষে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মকবুল হোসেন, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) হাসান মো. শওকত আলী, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুজিব-উল ফেরদৌস, খনির জিএম (মাইনিং) মীর আ. মতিন, জিএম (প্রশাসন) আ. জলিল, জিএম (অর্থ) আ. সাত্তার, ডিজিএম (ভূতত্ত্ব) এ বি এম কামরুজ্জামান। অনশনকারীদের পক্ষে জীবন ও সম্পদ রক্ষা কমিটির আহ্বায়ক ইব্রাহিম খলিল, যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, পাতরাপাড়ার আবুল কালাম আজাদ, নূর আলম, বাঁশপুকুরের সোহরাব উদ্দিন, রুহুল আমিন, পাতিগ্রামের গোলাম মোস্তফা, বড়পুকুরিয়া বাজারের মুক্তিযোদ্ধা মোকলেছুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক। বৈঠক চলাকালে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান মোবাইল ফোনে অনশনকারীদের অনশন কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানালে তারা উল্লিখিত শর্তে কর্মসূচি প্রত্যাহার করে। উল্লেখ্য, খনির প্রধান গেটের রাস্তায় সামিয়ানা টাঙিয়ে পার্বতীপুর ও ফুলবাড়ী এলাকার বৈগ্রাম, কাশিয়াডাঙ্গা, পাতরাপাড়া, কালুপাড়া, পাতিগ্রাম, মৌপুকুর, জিগাগাড়ী, বাঁশপুকুর, কাজীপাড়া ও চৌহাটি গ্রামের প্রায় ৫০০ নারী-পুরুষ গত বুধবার বেলা ১১টা থেকে আমরণ অনশন শুরু করে। খনির কারণে পার্শ্ববর্তী ১০টি গ্রামের এক হাজার ৩০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়।