ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজার ধসে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুবিধা বা স্কিম ঘোষণা করেছে সরকার। ঘোষিত প্রণোদনার আওতায় এক বছরের সুদের ৫০ শতাংশ মওকুফ এবং শেয়ারের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে ২০ শতাংশ কোটা সংরক্ষণের ঘোষণা দেওয়া হয়েছে।শেয়ারবাজারে সর্বোচ্চ ১০ লাখ টাকা নিজস্ব অর্থ বিনিয়োগ করে এর বিপরীতে যাঁরা ঋণসুবিধা নিয়েছেন, কেবল তাঁরাই সুদ মওকুফের সুবিধা পাবেন। আর ঋণগ্রস্ত বা ঋণ ছাড়া—উভয় ধরনের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী আইপিও কোটা-সুবিধা পাবেন। ২০১২ ও ২০১৩ সালে ইস্যু হওয়া সব আইপিওতে ২০ শতাংশ কোটা সংরক্ষণ করা হবে।অর্থ মন্ত্রণালয়ে গতকাল রোববার দুপুরে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক শেষে এই বিশেষ সুবিধা বা স্কিম ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে গঠিত বিশেষ স্কিম প্রণয়ন কমিটির সুপারিশের ভিত্তিতে এসব সুবিধার ঘোষণা দেওয়া হয়।অর্থমন্ত্রী এ সময় জানান, ‘মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসসহ সংশ্লিষ্ট ঋণদানকারী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হিসাবগুলোর এক বছর (২০১১/২০১১-২০১২ অর্থবছরে) সময়ে অর্জিত সুদের ৫০ শতাংশ মওকুফ করতে পারবে। বাকি যে ৫০ শতাংশ সুদ থাকবে, তা একটি সুদবিহীন ব্লক হিসেবে স্থানান্তর করে তিন বছরে ত্রৈমাসিক সমান কিস্তিতে শোধ করার সুযোগ দেওয়া হবে।’ অবিলম্বে এসব সিদ্ধান্ত কার্যকর হবে এবং এর ফলে বাজার স্থিতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।এ বিষয়ে জানতে চাইলে এসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘এ-সংক্রান্ত সরকারের আদেশ জারি না হওয়া পর্যন্ত কোনো ধরনের মন্তব্য করা যাচ্ছে না। পুরো বিষয়টি কীভাবে, কোন পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে, সেটি দেখার বা জানার বিষয় রয়েছে। এ ছাড়া অনেকগুলো প্রশ্নের উত্তর এখনই পাওয়া যাচ্ছে না। তাই ক্ষতিপূরণের বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে কিছুুটা সময়ের প্রয়োজন রয়েছে।’শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গত নভেম্বরে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ঘোষিত প্রণোদনা প্যাকেজেও ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে বিশেষ স্কিম ঘোষণার কথা বলা হয়। তারই পরিপ্রেক্ষিতে গত ২৭ নভেম্বর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফায়েকুজ্জামানকে প্রধান করে বিশেষ স্কিম প্রণয়ন কমিটি গঠন করা হয়। কমিটি গত ২২ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ে তাদের প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১১ সালের নভেম্বর পর্যন্ত সময়ে ঋণ নিয়ে কিংবা সম্পূর্ণ নিজের টাকায় যাঁরা শেয়ারবাজারে বিনিয়োগ করেছেন, তাঁদের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী হিসেবে চিহ্নিত করা হয়। আবার যেসব বিনিয়োগকারীর ১০ লাখ টাকা পর্যন্ত নিজস্ব অর্থ বিনিয়োগ রয়েছে, তাঁদেরকেই ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে।কমিটির প্রতিবেদনে মোট ১৭ লাখ ৮৪ হাজার বিনিয়োগকারীকে ক্ষতিগ্রস্ত হিসেবে উল্লেখ করা হয়। এর মধ্যে ১০ লাখ টাকা পর্যন্ত নিজস্ব অর্থ বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন বিনিয়োগকারীর সংখ্যা ১৫ লাখ ২৬ হাজার আর ১০ লাখ টাকার ঊর্ধ্বে নিজস্ব অর্থ বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এমন বিনিয়োগকারীর সংখ্যা দুই লাখ ৫৮ হাজার।এদিকে, গতকাল বিশেষ স্কিম ঘোষণার সময় এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘ঋণদানকারী মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলো সুদ মওকুফের ব্যাপারে কথা দিয়েছে।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, ক্ষতিপূরণ কীভাবে দেওয়া হবে, মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলো নিজেরা তা ঠিক করবে। এ জন্য তারা সরকারের কাছ থেকে কর-সুবিধা পাবে।গতকালের সভা শেষে সাংবাদিকদের কাছে দেওয়া সিদ্ধান্তের লিখিত প্রস্তাবে বলা হয়, ‘মার্জিন হিসাবে ৩০ নভেম্বর ২০১১ ডেবিট ব্যালান্স থেকে মোট সুদ (মওকুফযোগ্য ও প্রাপ্য) বাদ দেওয়ার পর অবশিষ্ট অর্থ ভিন্ন হিসাবে স্থানান্তর করে যুক্তিসংগত হারে (সর্বোচ্চ ১০ শতাংশ হারে) তিন বছরের সমান ত্রৈমাসিক কিস্তিতে পরিশোধের জন্য পুনঃ তফসিল করার সুযোগ থাকবে। এ ক্ষেত্রে ঋণদাতা ও ঋণগ্রহীতা সম্পর্কের ভিত্তিতে কেস টু কেস বিবেচনায় ব্যবস্থা নেওয়া হবে। স্থানান্তরিত অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংকের একক গ্রাহক ঋণসীমা এবং পুঁজিবাজারের বিনিয়োগসীমা থেকে বাদ দিয়ে হিসাব করার জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানানো হবে। এ ছাড়া নতুন করে ঋণ দেওয়ার ক্ষেত্রে আলাদা হিসাবে স্থানান্তরিত অর্থ বিবেচনায় না নিয়ে প্রচলিত নিয়মে ঋণদানকারী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হিসাবে নতুন করে ঋণ দিয়ে লেনদেনের সুযোগ দেবে।লিখিত প্রস্তাবে আরও বলা হয়েছে, সুবিধাগুলো দেওয়ার আগে ক্ষতিগ্রস্ত হিসাবের যথার্থতা নিরূপণের জন্য সংশ্লিষ্ট ঋণদানকারী প্রতিষ্ঠান, মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউসের নিরীক্ষক বা পরিচালনা পর্ষদ নির্ধারিত ছকে প্রকৃত ক্ষতির পরিমাণ সম্পর্কে প্রত্যয়নপত্র দেবে।অর্থমন্ত্রীর সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত বৈঠকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), বাংলাদেশ ব্যাংক, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি), অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রতিনিধি ছাড়াও বিভিন্ন মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।