ক্ষতিগ্রস্তদের সড়ক অবরোধ বেতন-ভাতা, ঈদ বোনাস দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও নিহত ব্যক্তিদের স্বজনেরা বেতন-ভাতা, ঈদ বোনাস ও ক্ষতিপূরণের দাবিতে গতকাল রোববার ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে সড়কটিতে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ লাঠিপেটা করে তাঁদের সরিয়ে দেয়। এতে অন্তত ২০ জন আহত হন।সাভার মডেল থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দেড় শতাধিক ব্যক্তি গতকাল বেলা ১১টার দিকে ধসে পড়া রানা প্লাজার সামনের স্থানে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীদের মধ্যে রানা প্লাজা ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পাশাপাশি নিহত ও নিখোঁজ ব্যক্তিদের অনেক স্বজনও ছিলেন। একপর্যায়ে দুপুর ১২টার দিকে তাঁরা পাশের ঢাকা-আরিচা মহাসড়কের পূর্ব পাশে অবস্থান নেন। ফলে সড়কের ওই পাশ দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা ঈদের আগেই বেতন-ভাতা, ঈদ বোনাস ও ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।খবর পেয়ে সাভার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু তাঁরা দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ ও বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এরপর পুলিশ জোরপূর্বক তাঁদের সরানোর চেষ্টা করলে তাঁরা মহাসড়কের ওপরেই শুয়ে পড়েন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা হয়। বেলা একটার দিকে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা শুরু করে। বেপরোয়া লাঠিপেটার পাশাপাশি লাথিও মারা হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। লাঠির আঘাতে অন্তত ২০ জন বিক্ষোভকারী আহত হন। পারুল আক্তার ও মর্জিনা নামের গুরুতর আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায় স্থানীয় লোকজন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, রানা প্লাজা ধসের ঘটনায় বিভিন্ন কারখানার কয়েক হাজার আহত শ্রমিক বেকার হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে কিছুসংখ্যক শ্রমিক দুই মাসের বেতন ও পাঁচ হাজার টাকার সহায়তা ছাড়া আর কিছুই পাননি। আর নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা সেটুকু থেকেও বঞ্চিত হয়েছেন। তাই ক্ষতিপূরণ ও বেতন-ভাতার জন্য তাঁরা আন্দোলনে নামতে বাধ্য হন। কিন্তু পুলিশ লাঠিপেটা করে তাঁদের আহত করেছে।তবে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সামসুজ্জামান বলেন, বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে তাঁদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। তাঁদের লাঠিপেটা বা অন্য কোনোভাবে আঘাত করা হয়নি বলে তিনি দাবি করেন।