সাভারে রানা প্লাজা ধসে নিখোঁজ ব্যক্তিদের সঠিক তালিকা প্রকাশ, আহত ব্যক্তিদের পুনর্বাসনসহ সব শ্রমিকের ক্ষতিপূরণের দাবিতে আহত ও নিখোঁজ শ্রমিকদের স্বজনেরা গতকাল মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। নিখোঁজ ব্যক্তিদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের উদ্যোগে নিখোঁজ শ্রমিকদের শতাধিক স্বজন ও শ্রমিকেরা গতকাল বেলা ১১টার দিকে রানা প্লাজার স্থান থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে সেখানে গিয়ে শেষ হয়। এরপর সেখানে আয়োজিত সমাবেশে অবিলম্বে নিখোঁজ শ্রমিকদের সঠিক তালিকা প্রকাশ, আহত ব্যক্তিদের পুনর্বাসনসহ সব শ্রমিককে ক্ষতিপূরণ এবং তাঁদের জন্য ন্যূনতম আট হাজার টাকা বেতন নির্ধারণের দাবি জানানো হয়। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।সমাবেশে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম বলেন, এক মাসের বেশি সময় পার হলেও এ ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের সঠিক তালিকা এখনো প্রকাশিত হয়নি। আহত শ্রমিক ও নিহত ব্যক্তিদের স্বজনদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। কাজের অভাবে এসব পরিবারের লোকজন মানবেতর জীবন যাপন করছে।পরে বিকেলে নিখোঁজ শ্রমিকদের স্বজনেরাসহ শতাধিক শ্রমিক রানা প্লাজার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন থেকে সব শ্রমিকের ক্ষতিপূরণসহ নিখোঁজ ব্যক্তিদের সঠিক তালিকা প্রকাশের দাবি জানানো হয়।ভোলার চরফ্যাশনের লাইজু আক্তার ও তাঁর বোন খাদিজা ধসে পড়া রানা প্লাজার আটতলার নিউ ওয়েব স্টাইলে কাজ করতেন। খাদিজাকে ধ্বংসস্তূপ থেকে অক্ষত অবস্থায় উদ্ধার হলেও লাইজুকে আজও পাওয়া যায়নি। খাদিজা গতকাল ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের বলেন, ঘটনার পর তাঁকে দুই মাসের বেতন ছাড়া আর কিছুই দেওয়া হয়নি। আর তাঁর বোনের জন্য ক্ষতিপূরণ তো দূরের কথা, কোনো সহায়তাও মেলেনি।একইভাবে ছয়তলার শ্রমিক নিখোঁজ চম্পা আক্তারের মা রাশিদা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাগো দিকে সরকারের কোনো নজর নাই। আমরা খাইয়া আচি নাকি না খাইয়া আচি, তা দেহার কেউ নাই।’ গত ২৪ এপ্রিল ভবনধসের পর দুই হাজার ৪৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করা হয় এক হাজার ১১৫টি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও ১৪ জন। উদ্ধার অভিযান শেষে ১৪ মে অধরচন্দ্র উচ্চবিদ্যালয় থেকে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণকক্ষ গুটিয়ে ফেলার পর গতকাল পর্যন্ত ৩২৭ জন নিখোঁজ ব্যক্তির তালিকা তৈরি করেছে সাভার উপজেলা প্রশাসন। এই সংখ্যা ক্রমশ বাড়ছে। আর সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে ১৭৫টি।সাভারের ইউএনও কামরুল হাসান মোল্যা বলেন, নিখোঁজ ব্যক্তিদের তালিকা তৈরি হচ্ছে। তালিকায় এ পর্যন্ত ৩৩২ জন নিখোঁজ ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এখনো প্রতিদিন দু-একজনের নাম আসছে। তালিকা তৈরির কাজ শেষ হলে বিজিএমইএ কর্তৃপক্ষের দেওয়া তথ্য ও ডিএনএ পরীক্ষার ফলাফল মিলিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।ইউএনও বলেন, আহত ব্যক্তিদের মধ্যে ৮৪২ জনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এ ছাড়া গুরুতর আহত ব্যক্তিরা তালিকা অনুযায়ী সহায়তা পাবেন। নিহত ব্যক্তিদের মধ্যে যাঁদের পরিচয় পাওয়া গেছে, তাঁদের তালিকা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।