ক্ষতিপূরণ দিতে গড়িমসি প্রকল্প এলাকাও দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত পদ্মা সেতু প্রকল্প এলাকায় নদীভাঙন শুরু হয়েছে। গত তিন-চার মাসে মুন্সিগঞ্জ জেলার মাওয়ার প্রায় আধা বর্গ কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বরাদ্দ না থাকায় নদী-শাসনের কাজ শুরু করা যাচ্ছে না। দাতাদের অর্থায়নের অনিশ্চয়তায় পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের মাঠপর্যায়ের কাজও চলছে ঢিলেঢালাভাবে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণের টাকা দিতে গড়িমসি চলছে। ধরনা দিয়েও ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা টাকা পাচ্ছেন না। প্রতিদিনই স্থানীয় অফিসে গিয়ে টাকার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকেন তাঁরা। এখন পর্যন্ত চিহ্নিত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অর্ধেকও ক্ষতিপূরণের অর্থ পুরোপুরি পাননি। আর ভূমিহীন সব ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে প্লট দেওয়ার কথা থাকলেও মাত্র পাঁচজন প্লট পেয়েছেন।অন্যদিকে মূল সেতুর মাওয়া অংশের অধিগ্রহণ করা জায়গায় কয়েক মাস আগে বাসস্ট্যান্ড গড়ে তোলা হয়েছে। একই জায়গায় লঞ্চঘাট ও ফেরিঘাটও তৈরি করা হয়েছে। পদ্মা সেতু প্রকল্পের মুন্সিগঞ্জের শ্রীনগর ও লৌহজংয়ের দক্ষিণ মেদিনীমণ্ডল, কুমারভোগ, জসলদিয়া, কান্দিপাড়া, অনন্তসার, দক্ষিণ পাইকসা, দোকাছি এলাকায় সম্প্রতি সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দুভাবে ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়। জেলা প্রশাসনের মাধ্যমে জমির চলতি নিবন্ধন মূল্যে প্রথম পর্যায়ে অর্থ দেওয়া হয়। আর বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ প্রচলিত বাজারদরের সঙ্গে সমন্বয় করতে অনুদান হিসেবে অধিগ্রহণমূল্যের কয়েক গুণ বাড়িয়ে ‘অতিরিক্ত ক্ষতিপূরণ’ দেয়। বসতভিটার মালিকেরা ক্ষতিপূরণ বাবদ তুলনামূলক বেশি টাকা পান। পুনর্বাসন কর্মপরিকল্পনার আওতায় সেতু কর্তৃপক্ষের পক্ষে এই কার্যক্রমে সহায়তা করছে বেসরকারি সংস্থা ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)। সরকারি হিসাবে মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর জেলার প্রকল্প এলাকায় এক হাজার ১২৪ হেক্টর জমি অধিগ্রহণের কারণে ৪ হাজার ৯৭৫টি পরিবার বসতভিটা হারাবে। আর কৃষিজমি হারাবে আট হাজার ৫২৬টি পরিবার। প্রকল্পটি বাস্তবায়নের ফলে সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হবে ৭৬ হাজার ২১১ জন। ভূমি অধিগ্রহণ বাবদ গত সেপ্টেম্বর মাসে ১৫ হাজার ৫৬৫ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। জেলা প্রশাসনের ক্ষতিপূরণ পেয়েছেন নয় হাজার ১০৫ জন। আর অতিরিক্ত ক্ষতিপূরণ পেয়েছেন সাত হাজার ৩৭১ জন। বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) ও সেতু বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে। নদীভাঙন: গত জুলাই-আগস্ট মাস থেকে মাওয়ার পুরোনো বাসস্ট্যান্ড, লঞ্চঘাট ও ফেরিঘাট এলাকায় নদীভাঙন চলছে। প্রায় আধা বর্গ কিলোমিটার এলাকার অর্ধশতাধিক দোকানপাট নদীগর্ভে চলে গেছে। নদীভাঙন শুরু হলে লঞ্চঘাটটি সরিয়ে কুমারভোগ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। নভেম্বরে ফেরিঘাটটিও সরিয়ে নেওয়া হয়। স্থানীয় এলাকাবাসীর সঙ্গে আলাপ করে এসব তথ্য জানা গেছে। পুরোনো মাওয়া ঘাট এলাকাটি মূল সেতু নির্মাণের স্থান থেকে আধা কিলোমিটার দক্ষিণে অবস্থিত।মূল পদ্মা সেতুটি মাওয়ার যে জায়গায় তৈরি হবে, সেখানেও নদীর কিছু অংশ ভেঙেছে। হুমকির মুখে রয়েছে পুরো এলাকা। সেতু বিভাগ সূত্রে জানা গেছে, নদীভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়। এরপর নদী-শাসনের জন্য ৩৫০ কোটি টাকা চেয়েছে পানি উন্নয়ন বোর্ড।প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, চলতি অর্থবছরে নদী-শাসনের জন্য কোনো বরাদ্দ না থাকায় সেতু বিভাগ টাকা দিতে পারছে না। দাতাদের টাকায় নদী-শাসন করার কথা। পুরো টাকা পাননি অর্ধেক ক্ষতিগ্রস্ত: মাওয়া সিসিডিবি কার্যালয়ে কথা হয় ক্ষতিপূরণের টাকা নিতে আসা অশীতিপর বৃদ্ধ নূরজাহান বেগমের সঙ্গে। পদ্মা সেতু প্রকল্পের জন্য তাঁর ৬ শতাংশ জমি অধিগ্রহণ করা হয়েছে। এখনো ‘অতিরিক্ত ক্ষতিপূরণ’ পাননি। ভিটাহারা হয়ে এখন ঢাকায় থাকেন। কয়েক মাস ধরেই টাকার জন্য ঢাকা থেকে মাওয়া গিয়ে ধরনা দিচ্ছেন তিনি। কিন্তু কোনো কাজ হয়নি। প্রতিদিনই সিসিডিবি কার্যালয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দেখা যায়। তাঁরা সবাই দ্রুত টাকা পেতে চান। কুমারভোগ এলাকার আলামিন ঢালী জানান, তাঁর পরিবারের অধিগ্রহণ করা ৩০ শতাংশ জমির মধ্যে ১৯ শতাংশের জন্য ক্ষতিপূরণ পেয়েছেন। বাকি ১১ শতাংশ জমির অর্থ ভুয়া নাম দিয়ে অন্য আরেকজন প্রায় ১৮ লাখ টাকা তুলে ফেলেছে। এ নিয়ে মামলা-মোকদ্দমা চলছে। অনন্তসার এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী সামাদ শেখের প্রায় দুই একর ৪৫ শতাংশ কৃষিজমি অধিগ্রহণ করা হয়েছে। তিনি জানান, এক বছর আগে প্রথম কিস্তিতে (জেলা প্রশাসনের দেওয়া অর্থ) ৩৮ হাজার টাকা পেয়েছেন। কিন্ত এরপর আর কোনো টাকা পাননি। অথচ জেলা প্রশাসকের ক্ষতিপূরণ পাওয়ার পর ২১ দিনের মধ্যে সবার বিশেষ ক্ষতিপূরণের টাকা পাওয়ার কথা। সময়সীমা অনুযায়ী টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। এ প্রসঙ্গে জানতে চাইলে পদ্মা সেতু প্রকল্প পরিচালক প্রথম আলোকে বলেন, ‘কাগজপত্র যাচাই-বাছাই করতে বেশি সময় লাগছে, তাই যথাসময়ে ক্ষতিপূরণের টাকা দেওয়া সম্ভব হচ্ছে না।’ মামলা মোকদ্দমা ও ওয়ারিশ-সংক্রান্ত অভিযোগের কারণে প্রকৃত জমির মালিক চিহ্নিত করতে দেরি হচ্ছে বলেও তিনি জানান। ক্ষতিপূরণের টাকা দিতে মাওয়া এলাকায় সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও সেতু বিভাগের কোনো কার্যালয় নেই। জমি অধিগ্রহণের টাকার চেক আনতে যেতে হয় মুন্সিগঞ্জ জেলা সদরে, আর বিশেষ ক্ষতিপূরণের টাকার জন্য শ্রীনগর উপজেলা সদরে। মাওয়া চৌরাস্তায় পদ্মা সেতু প্রকল্পের সাইট অফিস থেকে আগে এই টাকার চেক দেওয়া হলেও বছর খানেক আগে তা বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে পাওনা টাকার দাবিতে মানববন্ধন, রাস্তা অবরোধসহ বেশ কয়েকবার আন্দোলন হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, সেতু বিভাগের পর্যাপ্ত বরাদ্দ না থাকায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের এত দিন টাকা দেওয়া সম্ভব হয়নি। সম্প্রতি মাওয়া অংশের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য ১০ কোটি টাকার জরুরি বরাদ্দ দেওয়া হয়েছে। এদিকে দক্ষিণ মেদিনীমণ্ডলে আরও ৬২ একর জমি অধিগ্রহণ করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জমি চিহ্নিতকরণের কাজও শেষ। এতে আরও ৩০০ পরিবার ক্ষতিগ্রস্ত হবে। এলাকাভেদে ক্ষতিপূরণের অর্থ পুনর্বিন্যাস করা হয়েছে। পদ্মা সেতু নির্মাণের মূল স্থান কুমারভোগ এলাকায় প্রতি শতাংশ জমির বিশেষ ক্ষতিপূরণ দেওয়া হতো ২ লাখ ৯ হাজার টাকা। এখন তা কমিয়ে ১ লাখ ৭৩ হাজার টাকা দেওয়া হবে। তবে দক্ষিণ মেদিনীমণ্ডল, জসলদিয়াসহ বেশ কিছু মৌজায় ক্ষতিপূরণের পরিমাণ শতাংশপ্রতি ১০ থেকে ২৫ হাজার টাকা বাড়ানো হয়েছে। সেতুর ওপারের শরীয়তপুর ও মাদারীপুরের জাজিরা, নাওডোবা, শিবচর এলাকার চিত্রও একই রকমের। সেখানেও অর্থ প্রদানে ধীরগতি। আইএমইডি ও সেতু বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে। প্রকল্প এলাকায় বাসস্ট্যান্ড, লঞ্চ-ফেরিঘাট: সরেজমিন গিয়ে দেখা গেছে, পদ্মা সেতুটি মেদিনীমণ্ডলের যে স্থানে শুরু হবে সেখানে নতুন করে মাওয়া বাসস্ট্যান্ড নির্মাণ করা হয়েছে। বেশ কিছু স্থায়ী শেড, টিকিট কাউন্টারসহ অবকাঠামোও গড়ে তোলা হয়েছে। বাসস্ট্যান্ডকে কেন্দ্র করে চালু হয়েছে স্থায়ী-অস্থায়ী দোকানপাট। একই স্থানে মাওয়া-কাওড়াকান্দি রুটের জন্য তিনটি ফেরিঘাট ও লঞ্চঘাট নির্মাণ করা হয়েছে। এতে প্রায় এক বর্গকিলোমিটার এলাকা দখল হয়ে আছে। স্থানীয় লোকজনের সঙ্গে আলাপ করে জানা গেছে, এ বছর বর্ষা মৌসুমের ভাঙনের মুখে পুরোনো লঞ্চ ও ফেরিঘাট নদীগর্ভে বিলীন হওয়ায় তা দক্ষিণ মেদিনীমণ্ডলে সরিয়ে আনা হয়। তবে বাসস্ট্যান্ডটি নতুন করে করা হয়েছে।প্রকল্পের স্থানীয় কর্মকর্তারা প্রথম আলোকে জানান, মূল সেতু নির্মাণের কাজ শুরু হলে সবকিছু সরিয়ে নেওয়া হবে। ভূমিহীন ব্যক্তিরা এখনো প্লট পাননি: জমি অধিগ্রহণের ফলে সম্পূর্ণ ভূমিহীনদের পুনর্বাসনে মুন্সিগঞ্জে দুটি এবং শরীয়তপুর ও মাদারীপুর জেলায় একটি করে পুনর্বাসন এলাকা তৈরি হচ্ছে। মাওয়ার কুমারভোগ ও জসলদিয়া পুনর্বাসনকেন্দ্র নির্মাণ শেষ হয়েছে। পুনর্বাসনকেন্দ্রের প্রতিটিতে ৪৬০ জন ক্ষতিগ্রস্ত ভূমিহীনকে প্লট দেওয়া কথা রয়েছে। নভেম্বর মাসে প্রথমবারের মতো কুমারভোগের পুনর্বাসনকেন্দ্রে কয়েকজনকে প্লট বরাদ্দের কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়েছে। আর জসলদিয়া পুনর্বাসনকেন্দ্র নির্মাণ শেষ হলেও এখনো বুঝিয়ে দেওয়া হচ্ছে না। এদিকে গত তিন-চার বছরে প্রকল্পবহির্ভূত দক্ষিণ মেদিনীমণ্ডল, কুমারভোগ, জসলদিয়া, দক্ষিণ পাইকসা এলাকায় জমির দাম কয়েক গুণ বেড়েছে। ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ক্ষতিপূরণ বাবদ যে টাকা পাচ্ছেন, তার চেয়ে বেশি সেখানকার জমির দাম।