ক্ষতিপূরণের আশায় সর্বস্বান্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরানা পল্টনের ক্ষুদ্র পুস্তক ব্যবসায়ী সমিতির প্রায় সব সদস্যের ফুটপাতের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ চলাকালে দেওয়া আগুনে তাঁদের এই সর্বনাশ হয়। কিন্তু সমিতির ৪৩ সদস্যের মধ্যে মাত্র আটজন ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ পেয়েছেন। প্রধানমন্ত্রীর হাত থেকে তাঁরা এই টাকা নেন।যে আটজন ক্ষতিপূরণ পেয়েছেন, তাঁদের মধ্যে চারজনের দোকান আংশিক পুড়েছে। দোকান পুরোপুরি পুড়ে যাওয়া ৩৫ জন কিছুই পাননি। এই আটজনকে ক্ষতিপূরণের জন্য নির্বাচন করে তালিকা পাঠিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, এফবিসিসিআইয়ের উদাসীনতার কারণে এ ঘটনা ঘটেছে। সরেজমিনে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এফবিসিসিআইয়ের কর্মকর্তারা আগুন দেওয়ার এক দিন পর ঘটনাস্থলে এসে যাঁদের ফুটপাতে দোকান খুলে বসতে দেখেছেন, তাঁদের ক্ষতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করে ক্ষতিপূরণের জন্য সুপারিশ করেছেন।ব্যবসায়ীরা জানান, যাঁদের (চারজন) দোকানের কিছু মালামাল রক্ষা পেয়েছিল, তাঁরা পরদিন দোকান খুলেছেন এবং যাঁরা এফবিসিসিআইয়ের কর্মকর্তাদের পরিদর্শনের সময় ঘটনাস্থলে ছিলেন, কেবল তাঁরাই ক্ষতিপূরণের জন্য তালিকাভুক্ত হয়েছেন। কিন্তু যাঁরা একেবারে নিঃস্ব হয়ে গেছেন এবং কোনোভাবেই আর মালামাল জোগাড় করে দোকান বসাতে পারেননি, তাঁরা বাদ পড়েছেন। তাঁদের অনেকে এখনো দোকান বসাতে পারেননি।সর্বস্বহারা এই ব্যবসায়ীরা জানান, এফবিসিসিআইয়ের কর্মকর্তারা কখন এসে তালিকা করেছেন, তা তাঁরা জানতেন না। জানার পর তাঁরা তড়িঘড়ি করে নিজেদের নামের একটি তালিকা এফবিসিসিআই কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে আসেন। জানতে চাইলে এফবিসিসিআইয়ের উপসচিব হারুন আর রশিদ প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি তালিকা পাঠানোর পরই বাদ পড়া ক্ষতিগ্রস্তদের তালিকা পেয়েছেন তিনি। ওই পুরো এলাকায় ক্ষতিগ্রস্ত দাবি করা এমন চার-পাঁচ শ ব্যক্তির তালিকাও করা হয়েছে। তিনি দাবি করেন, ক্ষতিগ্রস্ত-অক্ষতিগ্রস্ত অনেকেই এখন নাম দিচ্ছেন। ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ চলাকালে পুরানা পল্টন, বায়তুল মোকাররম এবং এর আশপাশের এলাকার হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মালামালে অগ্নিসংযোগ করা হয়। ১৪ মে নিজ কার্যালয়ে ক্ষতিগ্রস্ত এমন ৩৩৩ জন হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীর প্রত্যেককে ক্ষতিপূরণ বাবদ ৫০ হাজার টাকার চেক দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ব্যবসায়ীরা দাবি করেন, ৮ মে তাঁরা ক্ষতিগ্রস্ত ৩৮ জনের একটি তালিকা এফবিসিসিআইয়ের কাছে দেন। কিন্তু ক্ষতিপূরণের তালিকায় নাম না আসায় তাঁরা স্থানীয় সাংসদ রাশেদ খান মেননের সঙ্গে দেখা করে সুরাহার অনুরোধ জানান। ৩৮ জনের সঙ্গে বাদ পড়া আরও পাঁচজনের নাম যুক্ত করে ৪৩ জনের একটি তালিকা সাংসদকে দেওয়া হয়। সাংসদ প্রয়োজনীয় সহায়তার জন্য এফবিসিসিআইকে চিঠি দেন। পুরানা পল্টনের মোড় ধরে পূর্ব দিকে যেতে থাকলে বাঁ পাশে দারুস সালাম মার্কেট, মণি সিংহ ভবন, মুক্তি ভবন এবং এরপর হাউজ বিল্ডিং। এ ভবনগুলোর সামনেই ৪৮ জনের মতো ক্ষুদ্র পুস্তক ব্যবসায়ী দোকান নিয়ে বসেন। এর মধ্যে ৪৩ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে ব্যবসায়ীদের দাবি। যে আটজন ক্ষতিপূরণ পেয়েছেন তাঁদের মধ্যে সাতজনের দোকান দারুস সালাম মার্কেটের সামনে। আরেকজনের দোকান হাউজ বিল্ডিংয়ের সামনে। মাঝখানের কেউই ক্ষতিপূরণ পাননি। আবার আটজনের মধ্যে চারজন তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত। তাঁরা হলেন মো. ইউসুফ, মো. মামুন, মো. সেলিম ও মো. জুয়েল।জানতে চাইলে মামুন ও সেলিমের ভগ্নিপতি মো. ইসরাফিল স্বীকার করেন, ঘটনার দিন পুরানা পল্টন মোড়ে ছিল পুলিশ। ফলে তাঁদের দোকান তুলনামূলকভাবে কম ক্ষতি করতে পেরেছে সমাবেশের লোকজন। তাঁদের চেয়ে বেশি ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ না পাওয়ায় তাঁরাও দুঃখ প্রকাশ করেন। তালিকায় দেখা গেছে, ক্ষুদ্র পুস্তক ব্যবসায়ী সাগর, উৎপল, উত্তম কুমার, সফিকুর রহমান, অনীল বিশ্বাস, আবদুল, তারা মিয়া, মো. মাসুদ, কালাম, মো. মজিবর, মো. উজ্জ্বল, বাবুল, মো. ইব্রাহিম, খোকন, হাসান, কালাম (২), আবদুল মজিদ, রহিম, সিরাজ, কামরুল, মো. সুজন, গোলাম মোস্তফা, হাদি খন্দকার, সুমন, দেলোয়ার, জামাল, তাহের, রাজ্জাক, সুভাস, রতনসহ আরও পাঁচজন ক্ষতিপূরণ পাননি। ব্যবসায়ী আবদুল মজিদ বলেন, আসলে যাঁদের কম ক্ষতি হয়েছিল, তাঁরা পরদিন দোকান নিয়ে বসতে পেরেছেন। বাকি ক্ষতিগ্রস্ত চারজনও পরদিন আশপাশে ছিলেন। কিন্তু সব পুড়ে যাওয়ায় অন্যরা কোনো কিছুই বসাতে পারেননি। এফবিসিসিআই কর্মকর্তারা শুধু উপস্থিত লোকদের সঙ্গে কথা বলেই তালিকা তৈরি করে নিয়ে গেছেন। তিনি বলেন, তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে আসা কর্মকর্তারা পরিদর্শন করে উপস্থিত-অনুপস্থিত সবার তালিকা করেছিলেন।এফবিসিসিআইয়ের উপসচিব বলেন, ঘটনার পরদিন ৬ মে তাঁরা ঘটনাস্থলে গিয়ে উপস্থিত সবার সঙ্গে কথা বলে তালিকা করেছিলেন। ৭ মে তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠান। ৮ মে ৩৮ জনের তালিকাসহ বিভিন্ন তালিকা তাঁরা পান। সাংসদ রাশেদ খান মেননের চিঠি পাওয়ার কথাও জানান এই কর্মকর্তা। এখন সমাধান কী—জানতে চাইলে উপসচিব বলেন, ‘আমরা দ্বিতীয় পর্যায়ে ক্ষতিপূরণ দেওয়ার কাজ শুরু করেছি। এখানে তাঁদের বিষয়টি বিবেচনা করা হবে।’একাধিক ব্যবসায়ী বলেন, তাঁরা ঋণ নিয়ে ব্যবসা করছিলেন। সব পুড়ে গেছে। এখন আবার ঋণ করে অল্প স্বল্প মালামাল তুলে দোকান শুরু করেছেন। সরকারি সাহায্য পেলে আবার পুরোদমে ব্যবসা শুরু করতে পারবেন তাঁরা। ঋণের জাল থেকেও রক্ষা পাবেন অনেকে।