ক্ষতিপূরণের টাকা না পেলে অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৭ জুনের মধ্যে বড়পুকুরিয়া খনি এলাকার ক্ষতিগ্রস্তদের বাকি ৭৮ কোটি টাকা দেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। টাকা দেওয়া না হলে ১৮ জুন থেকে তিন দিনের অবস্থান ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এ সময়ের মধ্যেও দাবি মানা না হলে ২১ জুন থেকে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।আজ সোমবার দুপুর ১২টার দিকে বড়পুকুরিয়া কয়লাখনির প্রধান ফটকে বিক্ষোভ সমাবেশে এসব ঘোষণা দেওয়া হয়। সমাবেশে ক্ষতিগ্রস্ত আট গ্রামের কয়েক শত মানুষ অংশ নেন।সমাবেশে জীবন ও সম্পদ রক্ষা কমিটির আহ্বায়ক ইব্রাহীম খলিল কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ভূগর্ভ থেকে কয়লা তোলার কারণে খনি এলাকার ১১টি গ্রামের ৬০০ একরের বেশি জমি দেবে গেছে। বহু ঘর, বাড়ি, মসজিদ, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফাটল ধরেছে। ২০১০ সালের সেপ্টেম্বরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত এলাকাবাসীদের ভূমি অধিগ্রহণ করে ক্ষতিপূরণ প্রদানে ১৯০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন। ২০১১ সালের এপ্রিল মাসে প্যাকেজের সমুদয় টাকা দিনাজপুরের জেলা প্রশাসকের বরাবরে আসে। কিন্তু জমির মালিকানা, সীমানা নির্ধারণ, বাড়ি-ঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, গাছপালাসহ যাবতীয় সম্পদের পরিমাণ ও মূল্য নির্ধারণের পর প্রায় এক বছর ধরে বিভিন্ন দফায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১১৮ কোটি টাকা বিতরণ করা হয়েছে। বাকি ৭৮ কোটি টাকা বিতরণে জেলা প্রশাসন নানা টালবাহানা করছে।এলাকাবাসীর অভিযোগ, ক্ষতিগ্রস্তরা যখন আন্দোলন-সংগ্রাম করে, জেলা প্রশাসন তখন ক্ষতিপূরণের কিছু টাকা বিতরণ করে। খুব শিগগিরই বাকি টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেয়। কিন্তু এরপর তারা প্রতিশ্রুতির কথা ভুলে যায়। এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত প্যাকেজের অবশিষ্ট ৭৮ কোটি টাকা আগামী ১৬ জুনের মধ্যে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। অন্যথায়, আমরণ অনশন করে খনি থেকে কয়লা উত্তোলন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন তাঁরা। এ ছাড়া ক্ষতিপূরণের অর্থ প্রদানে গড়িমসি এবং দীর্ঘসূত্রতার অভিযোগ এনে বিক্ষুব্ধ এলাকাবাসী কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং দিনাজপুরের জেলা প্রশাসকের অপসারণ চেয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। সমাবেশে আরও বক্তব্য দেন সদস্যসচিব বেলাল হোসেন, মুক্তিযোদ্ধা ওসমান গণি, মতিয়ার রহমান প্রমুখ।এ ব্যাপারে যোগাযোগ করা হলে জেলা প্রশাসক মো. জামাল উদ্দিন আহমেদ বিকেলে প্রথম আলো ডটকমকে বলেন, বড়পুকুরিয়া কয়লাখনির ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের টাকা বিতরণে জেলা প্রশাসন যে আন্তরিকতা ও দায়িত্বশীলতা দেখিয়েছে, তা নজিরবিহীন। জেলা প্রশাসন নির্ভুলভাবে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের অর্থ প্রদান করে চলেছে। কিন্তু বারবার ক্ষতিগ্রস্তদের ওয়ারিশরা ক্ষতিপূরণের অর্থ পেতে একে অন্যের বিরুদ্ধে শত শত লিখিত অভিযোগ করছেন। এসব অভিযোগ নিষ্পত্তি করতে বেশি সময় লেগে যাচ্ছে। কাজেই ক্ষতিপূরণের অর্থ প্রদানে জেলা প্রশাসন আন্তরিক বলে তিনি দাবি করেন।